রাজবাড়ীতে এক ব্যবসায়ী নেতা গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে শহরের পান্না চত্বরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন।
গুলিবিদ্ধ আমির হোসেন লিটন সদর উপজেলার বানিবহ ইউনিয়নের আবুল হাশেম মোল্লার ছেলে ও বানিবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক।
লিটন জানান, দুপুরে রাজবাড়ী আদালত থেকে রিকশায় করে বাজারে যাচ্ছিলেন। পান্না চত্বরে পৌঁছালে একটি অটোরিকশা তার রিকশাকে অতিক্রম করে। এ সময় অটোরিকশা থেকে মাস্ক পরা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়েন। এর মধ্যে একটি গুলি তার ডান হাতে লাগে।
পরে স্থানীয় লোকজন লিটনকে উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, দুপুরে গুলিবিদ্ধ একজন হাসপাতালে আসেন। এক্স-রে করার পর তার হাতে গুলি লাগার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
প্রাথমিক চিকিৎসা শেষে লিটনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওই চিকিৎসক।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় তদন্ত চলছে।