গুলিবিদ্ধ
খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
খুলনার পূর্ব রূপসায় বাপ্পি (২৩) ওরফে কলম বাপ্পি নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের মোমিনবাগ এলাকায় বিপ্লব পালের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বাপ্পি আলাইপুর এলাকার বাসিন্দা ছিলেন।
এদিকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, মরদেহে গুলি ও অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এ ঘটনার তদন্ত চলছে উল্লেখ করে তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
১৭ দিন আগে
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু
নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান শেখ (৩৮) নামের একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন হাসান শেখের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী।
নিহত হাসান শেখ কালিয়ায় কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের তারা মিয়া শেখের ছেলে।
এর আগে গতকাল (বুধবার) সকালে হওয়া ওই সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১১ জন হন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল (বুধবার) সকাল ৭টার দিকে কলাবাড়িয়া এলাকায় সোহেল মেম্বার ও আবেদ শেখের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন। তাদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহতদের ডা. গোলাম রব্বানীর পরামর্শে খুমেক হাসপাতালে পাঠানো হয়, যার মধ্যে হাসান শেখও ছিলেন।
ওসি মো. হোসেন আলী বলেন, নিহত হাসান শেখের ময়নাতদন্ত শেষে দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এলাকায় যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
২১ দিন আগে
খুলনায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে গুলি
খুলনায় চাঁদা না দেওয়ায় রফিকুল ইসলাম মানিক (৪০) নামের এক ভাঙ্গারি ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা।
রবিবার (২৮ জুন) রাত ১১টার দিকে নগরীর গল্লামারী আইডিয়াল নার্সিং হোম ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী এম এ বারি সড়কের বাসিন্দা রস্তুম মাঝির ছেলে।
পুলিশ জানায়, স্থানীয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, গল্লামারী আইডিয়াল নার্সিং হোমের সামনে মানিকের ভাঙ্গারি ব্যবসা রয়েছে। রাতে সেখানে অবস্থান করছিলেন তিনি। এর আগে, সায়েল নামে এক ‘সন্ত্রাসী’ তার কাছে চাঁদা দাবি করেন। সেই দাবিকৃত টাকা দিতে না পারায় মানিককে গুলি করা হয়।
১০৮ দিন আগে
কক্সবাজার আদালত প্রাঙ্গণে আসামিকে লক্ষ্য করে গুলি, গুলিবিদ্ধ ২
কক্সবাজার আদালত প্রাঙ্গণে আসামিকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। এ ঘটনার পর দুপক্ষের সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ হয়েছেন।
রবিবার (২৪ মে) বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এতে মহিউদ্দিন ও রণি নামে দুজন স্বেচ্ছাসেবকদল নেতা গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার সহযোগীদের নিয়ে মামলায় হাজিরা দিতে আসেন। সেটি শেষ করে বের হওয়ার পথে তাকে লক্ষ্য করে গুলি চালায় প্রতিপক্ষের লোকজন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত তিন জনকে আটক করা হয়েছে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
১৪৪ দিন আগে
লালমনিরহাটে বিএসএফের গুলিতে ঝরল আরও এক বাংলাদেশির প্রাণ
লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফের গুলিতে মো. খাদেমুল (২৫) নামে আরও এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) ভোরে উপজেলার বনচৌকি বিওপির আমঝোল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত খাদেমুল ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে ছিলেন।
স্থানীয়রা জানান, উপজেলার আমঝোল সীমান্তের ৯০৫/৬ এস নম্বর পিলার এলাকা হয়ে কয়েকজন বাংলাদেশি চোরাকারবারির সঙ্গে ভারতের ১৫০ গজ ভেতরে অনুপ্রবেশ করেন খাদেমুল হক। এ সময় বিএসএফের ৭৮ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় আঘাত লাগে।
সহযোগীদের সহায়তায় গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে ফিরে আসেন খাদেমুল। পরে স্থানীয় ও তার সহযোগীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লালমনিরহাট বিজিবির ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলির কথা প্রাথমিকভাবে বিএসএফ অস্বীকার করেছে। এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকে বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে।
১৫৪ দিন আগে
চট্টগ্রামে সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে আহত রেশমী মারা গেছে
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার রৌফাবাদ এলাকায় সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে আহত ১১ বছর বয়সী শিশু রেশমী আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার (১৪ মে) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
গত ৭ মে রাতে বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ শহিদ মিনার গলিতে সশস্ত্র হামলায় রাজু নামে এক যুবক নিহত হন। ওই সময় বাসার বাইরে দোকানে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয় শিশু রেশমী। একটি গুলি তার বাঁ চোখে লাগে।
প্রথমে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। গত শুক্রবার থেকে সে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল।
এ ঘটনায় নিহত রাজুর মা সকিনা বেগম বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর জোনের উপকমিশনার মো. আমিরুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজ ও গোপন তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সৈয়দুল করিমকে কক্সবাজারের সুগন্ধা সমুদ্র সৈকত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি গুলি করার কথা স্বীকার করেছেন বলে দাবি করেন তিনি।
তিনি জানান, ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার এবং অবশিষ্ট অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।
পুলিশ আরও জানায়, অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি এবং ঘটনাস্থলে ব্যবহৃত পোশাক উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনায় ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে।
১৫৪ দিন আগে
রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে ডেন্টাল হাসপাতালের কর্মচারী গুলিবিদ্ধ
রাজধানীর বনানীর মহাখালী পুরাতন কাঁচাবাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. রফিকুল ইসলাম (৪০) নামে মিরপুর ডেন্টাল হাসপাতালের আউটসোর্সিং কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
গুলিবিদ্ধ রফিকুল বরগুনা সদরের ঘরবাড়িয়া গ্রামের মৃত আব্দুল রশিদের ছেলে। তিনি পরিবারের সঙ্গে মহাখালী আইপিএস স্টাফ কোয়ার্টারে বসবাস করতেন।
রফিকুলের বোন রাশেদা বেগম জানান, গতকাল (বৃহস্পতিবার) রাতে মহাখালী পুরাতন কাঁচাবাজার এলাকায় দুটি মোটরসাইকেলে চড়ে এসে ৫ থেকে ৬ জন লোক রফিকুলের পায়ে গুলি করেন। এরপর তারা পালিয়ে যান। আমার ভাইয়ের বাম পায়ে হাঁটুর নিচে গুলি লাগলে তিনি আহত হন। পরে আমরা খবর পেয়ে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, আমরা সে বিষয়ে কিছুই জানি না।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, গত রাতে বাম পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
১৬০ দিন আগে
কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ গুলিবিদ্ধ ১০
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— রবিউল ইসলাম (৩৬), তার পিতা হাফেজ প্রামাণিক (৭০), সোহেল রানা (৪৫), তার স্ত্রী তমা খাতুন (২৬), কামরুল ইসলাম (৩৭), মুন্নি খাতুন (২৪), রুনা খাতুন (২৭), মিতা খাতুন (৩০), তৌহিদুল ইসলাম (৩০) ও তার স্ত্রী মেরিনন খাতুন (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে এলাকায় বিদ্যুৎ না থাকায় মরিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম (৩৬) নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল হঠাৎ তার ওপর হামলা চালায়। এ সময় রবিউলের চিৎকারে তার বাবা-মা ও আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে উপস্থিত নারী-পুরুষসহ তার পরিবারের সদস্যরা গুলিবিদ্ধ হন। পরে হামলাকারীরা এলাকা ত্যাগ করেন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল থেকে আজ রবিউল ইসলামের মামা লিয়াকত মেম্বার জানান, হামলার কারণ সম্পর্কে তারা কিছুই জানেন না। কারা এই হামলা চালিয়েছে, তাও নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
তিনি বলেন, ‘আমার ভাগ্নের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। রাতে হঠাৎ করেই ১০-১৫ জনের একটি সশস্ত্র দল এসে হামলা চালায়। তার চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে এলে সবাইকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে ১০ জন গুলিবিদ্ধ হন।’
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, রাতে মরিচা ইউনিয়নে কয়েক রাউন্ড গুলির ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে রবিউল ইসলাম গুরুতর আহত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার কারণ এখনও জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
১৭৭ দিন আগে
খুলনায় ‘চোখ বেঁধে’ যুবককে গুলি
খুলনার চোখ বেঁধে মো. ইমরুল (৩০) নামে এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। তিনি স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন বলে জানিয়েছেন ভুক্তভোগীর স্বজনরা।
শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে খুলনার সোনাডাঙ্গা এলাকায় ঘটনাটি ঘটে। পরে দিবাগত রাত দেড়টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
গুলিবিদ্ধ ইমরুলের বাড়ি খুলনার সোনাডাঙ্গা থানার ভবের চাকা গ্রামে। তার বাবার নাম মৃত কামাল শেখ।
আহতের চাচা বিল্লাল হোসেন বলেন, গতকাল (শনিবার) দুপুরে কাজে যাওয়ার সময় তিনটি মোটরসাইকেলে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ইমরুলের চোখ বেঁধে পেটের ডান পাশে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কে বা কারা এ কাজটি করেছে তার কিছুই আমরা জানি না।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, গতকাল রাত দেড়টার দিকে পেটে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হলে ভর্তি দেন চিকিৎসক। আমরা ইতোমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
১৭৯ দিন আগে
খুলনায় গুলিবিদ্ধ হয়ে যুবক আহত
খুলনায় মাদককাণ্ডে মো. মেহেদী হাসান নামের এক যুবককে গুলি করেছে দুবৃত্তরা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে খুলনার পূর্ব রূপসার নৈহাটি ইউনিয়নের দক্ষিণপাড়া আক্কাসের মোড়ে এই ঘটনা ঘটে।
আহত যুবক খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য।
স্থানীয়রা জানান, আক্কাসের মোড়ে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন মেহেদী হাসান। গতকাল (মঙ্গলবার) রাত সাড়ে ৯টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক সেখানে এসে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার বাম পায়ের উরুতে বিদ্ধ হয়। গুলির শব্দে স্থানীয়রা সেখানে গিয়ে মেহেদীকে উদ্ধার করে। এরপর তারা চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। মেহেদী হামলাকারীদের চিহ্নিত করতে পেরেছেন বলে জানিয়েছেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজ্জাক মীর বলেন, বিষয়টি শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বে তাকে গুলি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাসপাতালেও পুলিশ পাঠানো হয়েছে। তবে মেহেদী এ বিষয়ে পুলিশকে কোনো তথ্য জানাতে চাচ্ছেন না।
১৮৩ দিন আগে