শর্ত ভঙ্গের অভিযোগে মালিকদের কাছ থেকে দুটি হাতি আবারও বন বিভাগের হেফাজতে ফিরিয়ে নেওয়া হয়েছে। পুনর্বাসনের জন্য হাতি দুটি নেওয়া হয়েছে গাজীপুর সাফারি পার্কে।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানান, ‘নিহার কলি’ নামের মাদি হাতিটিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল এবং ‘সম্রাট বাহাদুর’ নামের পুরুষ হাতিটিকে জুড়ী উপজেলার শিলুয়া চা-বাগানসংলগ্ন এলাকা থেকে হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল (সোমবার) রাতে সেখান থেকে বন বিভাগের তত্ত্বাবধানে হাতি দুটিকে গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছে।
তিনি বলেন, নির্ধারিত কয়েকটি শর্তে হাতি দুটি মালিকদের জিম্মায় দেওয়া হয়েছিল। তবে জিম্মা গ্রহীতারা শর্ত ভঙ্গ করায় হাতি দুটি পুনরায় বন বিভাগের হেফাজতে নেওয়ার নির্দেশ দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
এর আগে, ২০২৪ সালে হাতি ‘সম্রাটের’ পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যান মাহুত নজরুল ইসলাম। এছাড়া হাতি দিয়ে টাকা তোলা ও হাতিগুলোকে নির্যাতনেরও অভিযোগ ওঠে জিম্মা গ্রহীতাদের বিরুদ্ধে।
এ ঘটনার পর হাতি দুটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় বন বিভাগ। পরে পুনর্বাসনের জন্য আনা হয় গাজীপুর সাফারি পার্কে।
মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১২ আগস্ট বেশ কয়েকটি শর্তে হাতি দুটি তাদের কাছে বুঝিয়ে দেয় বন বিভাগ। তবে শর্ত ভঙ্গের অভিযোগ ওঠায় হাতি দুটি আবারও বন বিভাগের হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সহকারী বন সংরক্ষক তারেক রহমান।