গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় কভার্ডভ্যানের ধাক্কায় এক দম্পতি নিহত হয়েছেন।
শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার বেড়াইদেরচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পিরোজপুর সদর উপজেলার উত্তররাণীপুর গ্রামের সেকান্দার আলী বেপারীর ছেলে রাকিব হাসান (৩৫) এবং তার স্ত্রী বিথী আক্তার (৩০)। তাদের ৯ মাস বয়সী একটি সন্তান রয়েছে।
রাকিব হাসান শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিম্যাক গার্মেন্টস লিমিটেডের মানবসম্পদ বিভাগে কর্মরত ছিলেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, শনিবার দুপুরে ওই দম্পতি বেড়াইদেরচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী লেনে একটি অজ্ঞাত কভার্ডভ্যান তাদের চাপা দেয়।
তিনি বলেন, ঘটনাস্থলেই বিথী আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রাকিব হাসানকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
ঘটনার পর কভার্ডভ্যানটি পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি কামরুজ্জামান।