সাভারের হেমায়েতপুরে একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ৪ সদস্যসহ ৬ জন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের প্রায় ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
রবিবার (২৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার শহিদুল্লা হাউজিংয়ের একটি ছয়তলা ভবনে থাকা ওই গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রায় ছয় ঘণ্টার চেষ্টার পর আজ (সোমবার) সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
কারখানার সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস অফিস সূত্র জানায়, কেমিক্যাল গুদামে আগুন লাগার পর স্থানীয়রা ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তারা আরও জানায়, আগুন নেভানোর সময় গুদামে কেমিক্যালভর্তি ড্রামে ঘন ঘন বিস্ফোরণ ঘটে। এতে ফায়ার সার্ভিসের ৪ সদস্য ও ২ জন স্থানীয় বাসিন্দাসহ ছয়জন আহত হয়েছেন।
আহতরা হলে— ফায়ার ফাইটার মো. শামীম, মো. উজ্জ্বল, মো. ওমর ফারুক, টিম লিডার মনোয়ার হোসেন এবং স্থানীয় বাসিন্দা মশিউর রহমান ও জনি। গুরুতর আহত মশিউর রহমানকে (৪০) সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তিনি এখন আশঙ্কামুক্ত।
সাভার ফায়ার সার্ভিসের টিম লিডার মনোয়ার হোসেন জানান, রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত একটানা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও জানান, কেমিক্যাল গুদামে দাহ্য পদার্থ থাকায় আগুনের সময় একাধিক বিস্ফোরণ ঘটে। এতে চার ফায়ার ফাইটার আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে স্থানীয় বাসিন্দা মশিউর রহমানকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, ‘বেশ কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।’
ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।