সাভারের আমিনবাজারে ছেলের পোশাক কারখানার সামনে ব্যক্তিগত গাড়ি পার্কিং নিয়ে বিরোধের জেরে একদল হামলাকারীর মারধরে পুলিশের বিশেষ শাখার (এসবি) এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।
নিহত এসআই আলতাফ হোসেন ( ৫৮) ঢাকা সিটি এসবিতে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রূপনাই গাছপাড়া গ্রামের মৃত জুরান আলী শেখের ছেলে।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আমিনবাজারের বড়দেশী মদিনা হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
এসবি থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, ওই এলাকায় একটি ব্যক্তিগত গাড়ি পার্কিং নিয়ে আলতাফ ও তার ছোট ছেলে আরিফুল ইসলামের (২৬) সঙ্গে বড় ছেলে শরীফের (৩৩) মালিকানাধীন পোশাক কারখানার সামনে প্রায় ২০ থেকে ২৫ জনের একটি দলের বিরোধ হয়। একপর্যায়ে তারা আলতাফ ও আরিফুলের ওপর হামলা চালালে তারা আহত হন।
আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রাত ৯টা ১৮ মিনিটের দিকে আলতাফকে মৃত ঘোষণা করেন বলে পুলিশ জানিয়েছে। অন্যদিকে আরিফুল হাসপাতালে ভর্তি আছেন।
আলতাফ তার পরিবারের সঙ্গে মদিনা হাউজিং এলাকায় বসবাস করতেন।