সিলেটের কোম্পানীগঞ্জে মাছ ধরা ও জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আক্তার হোসেন (২৫)। তিনি উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের মো. কালা মিয়ার ছেলে।
বাবা কালা মিয়ার অভিযোগ, চাচাতো ভাই তাজউদ্দিন ও তার লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা ও মাছের জলাশয় নিয়ে বিরোধ চলছে। এরে জেরেই তার ছেলেকে হত্যা করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত ২টার দিকে বতুমারা নোয়াগাঁও গ্রামের কাছাকাছি ধূপড়িরপাড় বাজার এলাকায় দুই পক্ষের মারামারি হয়। এতে আক্তার গুরুতর আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি জানান, এ ঘটনায় জুয়েল (২২) নামের একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।