সিলেট মহানগরীতে এবার সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এমন অভিযোগে তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় জনতা।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে মহানগরীর বালুচর এলাকায় এ ঘটনাটি ঘটে। আটক ওই ব্যক্তি ওই এলাকার একটি ভাড়া বাসায় থাকেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে ওই ব্যক্তি তার নিজের সৎ মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন। এই বিষয়ে এলাকায় গণ্যমান্য ব্যক্তিরা মিলে বৈঠক করে অভিযুক্ত ব্যক্তিকে জানালে তিনি তা অস্বীকার করেন। গতকাল (মঙ্গলবার) মেয়েকে ফের নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করলে তখন এলাকার লোকজন মিলে ওই ব্যক্তিকে আটক করেন। তখন স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে মারধর করে পুলিশের হাতে সোপর্দ করেন।
আটকের বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মনজুরুল আলম বলেন, ‘ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা। তাকে শাহপরাণ (রহ.) থানায় আটক রাখা হয়েছে। ভুক্তভোগী মেয়ে ও তার অভিযুক্ত সৎ বাবা দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এর আগে, গত বুধবার (২০ মে) সিলেটের জৈন্তাপুরে নিজের ১১ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওই শিশুর বাবাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।