সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন পূর্ব শ্রীরামপুর এলাকার উলাকিপাড়ায় রাস্তার পাশে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) জুমআর নামাজের পর স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে এটি উদ্ধার করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।
স্থানীয়রদের বরাতে তিনি আরও বলেন, ওই ব্যক্তি গত কয়েকদিন ধরে ওই এলাকায় ঘোরাফেরা করছিলেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।
ওসি বলেন, নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশের বিভিন্ন ইউনিট কাজ শুরু করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।