সিলেটে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
হামের উপসর্গে মৃত এ ১৭ মাস বয়েসি শিশুর বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ছিল।
এ নিয়ে সিলেট বিভাগে গত ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা ৬৬ জনে দাঁড়িয়েছে। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৪টি শিশু মারা গেছে এবং হাম উপসর্গে মৃতের সংখ্যা ৬২।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫৫ জন ভর্তি হয়েছেন। তাদের নিয়ে বিভাগের হাসপাতালগুলোতে মোট ভর্তি রোগীর সংখ্যা ২৭০ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেট বিভাগে ৩ জনের নিশ্চিত হাম রোগ শনাক্ত হয়েছে।