সিলেট নগরীর চালিবন্দর এলাকায় দাঁড়িয়ে থাকা চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সিলেট সরকারি আইন মহাবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির জানান, সিলেট-তামাবিল সড়কে চলাচলকারী বাস চারটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনাস্থল থেকে আলামত হিসেবে গানপাউডার উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।
এছাড়া সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন বলেন, কারা এবং কী কারণে বাসগুলোতে আগুন দিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করছে পুলিশ।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা অব্যাহত রয়েছে।