সীমান্ত
ফেনী ও মহেশপুর সীমান্তে ১৩ ভারতীয়কে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি
ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে ৭ জন ও ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জন ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের (জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর) চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ফেনী ৪ বিজিবি ব্যাটালিয়নের শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৪৫-এর নিকটবর্তী দুর্গাপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্রে জানা যায়, ভারতের ৪৩ রাজনগর বিএসএফ ক্যাম্পের একটি টহলদল ৭ জন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি টহলরত বিজিবি সদস্যদের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।
পরবর্তীতে বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের নিয়ে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যান। এ সময় কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি।
বিজিবি জানায়, প্রাথমিকভাবে সংশ্লিষ্ট ৭ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তারা সবাই ভারতীয় নাগরিক। তাদের মধ্যে ৬ জন নারী ও একজন ছেলে শিশু রয়েছে।
ফেনী ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ, পুশইন কিংবা সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশইন প্রতিরোধ এবং সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। দেশের অর্থনীতি রক্ষায় যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে ৪ বিজিবির আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সীমান্ত এলাকায় বাংলাদেশে পুশইনের অভিযোগকে কেন্দ্র করে সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে। এ প্রেক্ষাপটে বিজিবি জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত আইন ও বিদ্যমান দ্বিপক্ষীয় প্রক্রিয়া অনুসরণ করেই সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে তারা দায়িত্ব পালন করছে।
অপরদিকে, আজ (শনিবার) ভোর ৫টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পুশইনের এ ঘটনা ঘটে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
৫৮ বিজিবি সূত্র জানায়, আজ ভোরে সীমান্ত পিলার ৫৫/এমপি-সংলগ্ন ফটকটি ব্যবহার করে ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্পের সদস্যরা ৪ জন পুরুষ ও ২ জন নারীসহ মোট ৬ জন অজ্ঞাত ব্যক্তিকে জোরপূর্বক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালান।
তবে সীমান্তে দায়িত্বরত সামন্তা বিওপির বিজিবি টহল দল বিএসএফের এই অনৈতিক তৎপরতা সঙ্গে সঙ্গে শনাক্ত করে। ভারতীয় বাহিনীর উপস্থিতি ও তাদের মনোভাব বুঝতে পেরে বিজিবি সদস্যরা কালবিলম্ব না করে সীমান্তের শূন্যরেখায় শক্ত অবস্থান নেন এবং তাদের বাংলাদেশে প্রবেশে সরাসরি বাধা প্রদান করেন। বিজিবির এমন অনড় ও কঠোর অবস্থানের মুখে বিএসএফ তাদের পুশইনের চেষ্টা গুটিয়ে নিতে বাধ্য হয়।
বিজিবি জানায়, বিজিবির শক্ত প্রতিরোধের কারণে অনুপ্রবেশে ব্যর্থ হয়ে ওই ৬ জন ব্যক্তি বর্তমানে সীমান্তের শূন্যরেখা থেকে আনুমানিক ৩০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।
ঘটনার বিবরণ দিয়ে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, ‘সামন্তা বিওপির টহল দলের সময়োপযোগী ও দায়িত্বশীল ভূমিকার কারণে বিএসএফের অবৈধ পুশইনের চেষ্টা কার্যকরভাবে প্রতিহত করা গেছে। বিএসএফের এই অনাকাঙ্ক্ষিত পদক্ষেপের বিষয়টি তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবং কড়া প্রতিবাদ করা হয়েছে।’
তিনি আরও স্পষ্ট করে বলেন, সার্বভৌমত্ব রক্ষা, অবৈধ পুশইন ও সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সীমান্তজুড়ে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
১ দিন আগে
পুশইনে ব্যর্থ হয়ে ‘আলো নিভিয়ে’ ৩ নারীকে ফিরিয়ে নিল বিএসএফ
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করা ৩ ভারতীয় নারীকে ফেরত নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এই ঘটনার পর সীমান্তে টহল আগের চেয়ে অনেক বেশি জোরদার করেছে বাংলাদেশ অংশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিপরীতে ভারতীয় অংশে বিএসএফের অতিরিক্ত সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।
শনিবার (১১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার গোলাপাড়া গ্রামের সীমান্তের কাঁটাতারের বেড়া-সংলগ্ন বাতি নিভিয়ে ৩ নারীকে শূন্যরেখা থেকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।
বিজিবি ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) সহকারী পরিচালক (এডি-অবস) কারিমুল ইসলাম হোয়াটসঅ্যাপ বার্তায় ৩ নারীকে বিএসএফ ফেরত নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, গতকাল (শনিবার) দিবাগত রাত ২টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ষোলঘড়িয়া গ্রামের সীমান্ত এলাকায় প্রধান পিলার ৮৩৪-এর ১ নম্বর উপপিলারের বিপরীতে গোলাপাড়া গ্রামের সীমান্তের কাঁটাতারের বেড়া-সংলগ্ন বাতি নিভিয়ে দেয় বিএসএফ। এ সময় পুশইনের জন্য আনা ৩ নারীকে শূন্যরেখা থেকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বাহিনীটি।
বিজিবি জানায়, বিএসএফ ৩ নারীকে পুশইনের চেষ্টা করেছিল। তবে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ওই তিনজনকে পুনরায় ভারতের শূন্যরেখায় ফেরত পাঠানো হয়। এতে ভারতের ১০০ গজ অভ্যন্তরের শূন্যরেখায় প্রায় ২২ ঘণ্টা খোলা আকাশের নিচে অবস্থান করতে বাধ্য হন তারা।
ঘটনার পর গতকাল দুপুর ১টায় বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৩৩-এর ৮ নম্বর উপপিলার এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে টহল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে খড়খড়িয়া বিএসএফ ক্যাম্পের কমান্ড্যান্টসহ ৬ জন এবং ধবলসূতি ক্যাম্পের নায়েব সুবেদার জুবায়ের হোসেনসহ ৬ জন অংশ নেন।
১৪ দিন আগে
চাঁপাই সীমান্তে গ্রামবাসীকে সঙ্গে নিয়ে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে বিএসএফ ওই ১২ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
শনিবার (৪ জুলাই) সকালে বিজিবির মহানন্দা ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল (শুক্রবার) রাত ১১টার দিকে চকপাড়া সীমান্তের ১৮৩/৩-এস নম্বর সীমান্ত পিলার-সংলগ্ন এলাকায় ভারতের বিএসএফের ১১৯ ব্যাটালিয়নের মল্লিক-সুলতানপুর ক্যাম্পের সদস্যরা সীমান্তের ফ্লাডলাইট (বর্ডার সিকিউরিটি লাইট) বন্ধ করে দেয়। এরপর ১২ জনকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর প্রস্তুতি নেয় তারা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিজিবির টহল দল। এ সময় সীমান্ত পাহারায় বিজিবির সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন স্থানীয় গ্রামবাসীরাও। পুশইনের জন্য আনা ১২ জন সীমান্তের শূন্যরেখা থেকে ভারতের ৬০০ গজ অভ্যন্তরে মুসলিমপাড়া এলাকায় অবস্থান করছিল। তবে বিজিবির কড়া অবস্থান এবং গ্রামবাসীর উপস্থিতির কারণে তাদের বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি বিএসএফ।
একপর্যায়ে আজ (শনিবার) ভোর সাড়ে ৪টার দিকে বিএসএফ ওই ১২ জনকে ভারতের মালদা হোল্ডিং সেন্টারে ফিরিয়ে নিয়ে যায়।
লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
২২ দিন আগে
শেরপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, দুজনকে ফেরত পাঠাল বিজিবি
শেরপুরে সীমান্ত দিয়ে মানবপাচারকারী চক্রের মাধ্যমে দুইজনকে বাংলাদেশে অনুপ্রবেশ করার চেষ্টা ব্যর্থ করে তাদের ভারতে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৯ জুন) সকাল সোয়া ৯টার দিকে শ্রীবরদী উপজেলার রানিশিমুল ইউনিয়নের খাড়ামুরা সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি সুত্রে জানা গেছে, ভারতীয় মানবপাচারকারীরা ওই দুজনকে বাংলাদেশে প্রবেশ করিয়ে দিয়েছিল। পরবর্তীতে তাওয়াকুচা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার হাবিলদার মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা সকাল ৯টা ২০ মিনিটে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) দায়িত্বপূর্ণ শেরপুর সীমান্তে মেইন পিলার ১০৯৭-এর পাশ দিয়ে তাদের আবার ভারতের দিকে ফেরত পাঠান। বর্তমানে তারা ভারতীয় কাঁটাতারের বেড়া ও সীমান্ত পিলারের মাঝামাঝি শূন্যরেখায় অবস্থান করছেন।
বিজিবি জানিয়েছে, মানবপাচারকারীদের মাধ্যমে অনুপ্রবেশের চেষ্টা করা ওই দুই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের যশোরের বাসিন্দা বলে দাবি করলেও তারা কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি।
স্থানীয় বাসিন্দা টুটুল বলেন, দুজন ব্যক্তি গতকাল (রবিবার) সন্ধ্যা থেকেই কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান করছিলেন। আজ (সোমবার) সকালে তারা বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েন। পরে বিজিবি তাদের আবার সীমান্তের ওপারে পাঠিয়ে দেয়। বর্তমানে তারা পিলারের পাশে শূন্যরেখায় রয়েছেন।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দায়িত্বপ্রাপ্ত শেরপুর সীমান্তে মেইন পিলার (এমপি) ১০৯৭-এর নিকট দিয়ে আজ দুই জন ব্যক্তির বাংলাদেশে অনুপ্রবেশের প্রচেষ্টা বিজিবি ব্যর্থ করে দিয়েছে। বিজিবির টহল দলের তাৎক্ষণিক সতর্ক অবস্থান গ্রহণ এবং সীমান্তবর্তী স্থানীয় জনগণের সহযোগিতার ফলে অনুপ্রবেশের প্রচেষ্টা সফল হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও দায়িত্বশীলভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
তাওয়াকুচা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার হাবিলদার মুস্তাফিজুর রহমান বলেন, ‘আজ সকালে সীমান্ত এলাকায় দুইজনকে পাওয়া যায়। আমরা তাদের ভারতের সীমানায় রেখে এসেছি। বর্তমানে তারা ১০৯৭ নম্বর পিলারের পাশে অবস্থান করছে। সীমান্তে মানবপাচারসহ সব ধরনের অনুপ্রবেশ ঠেকাতে আমরা সর্বোচ্চ তৎপর রয়েছি।’
২৭ দিন আগে
লালমনিরহাট সীমান্তবাসীর হুঁশিয়ারিতে পিছু হটল বিএসএফ
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল গ্রামবাসী ও বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১২ জুন) রাত ৯টার দিকে উপজেলার আমঝোল সীমান্তের ৯০৬/৮এস পিলার-সংলগ্ন এলাকায় পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফ।
বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের মিডিয়া সেল জানায়, উপজেলার আমঝোল সীমান্তের ৯০৬/৮এস পিলার-সংলগ্ন এলাকায় রাত ৯টার দিকে ১০-১২ জনকে বহন করা একটি গাড়ি সীমান্তে দাঁড়ায়। ওই গাড়িতে থাকা লোকদের সীমান্তের কাটাতারের বেড়ার গেট পার করে বাংলাদেশের দিকে ঠেলে দেন বিএসএফ ৭৮ ব্যাটালিয়নের পাগলীমারী ক্যাম্পের সদস্যরা।
বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক হুঁশিয়ারি দিয়ে পুশইন রোধে মাইকিং করে গ্রামবাসী ও বিজিবি। কিছুক্ষণ এসব লোকদের শুন্যরেখায় বসিয়ে রাখলে গ্রামবাসী ও বিজিবির কঠোর প্রতিরোধের মুখে পুনরায় তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ। এ ঘটনায় সীমান্তে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুশইন রোধে নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি।
বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, যেকোনো ধরনের পুশইন রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তে সকল ধরনের নজরদারি বাড়ানো হয়েছে। আতঙ্কিত না হয়ে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তা করতে গ্রামবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
৪৩ দিন আগে
সীমান্তে পুশ-ইন ভারতের অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশকে চাপে রাখতে নয়: তথ্য উপদেষ্টা
সীমান্তে ভারতের পুশ-ইনের বিষয়টি বিজেপির রাজনৈতিক প্রতিশ্রুতি এবং দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এটি তারা বাংলাদেশকে চাপে রাখতে করছে না বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।
পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্তে পুশ-ইনের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশে যেটা করার চেষ্টা করছে, আমরা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের নির্বাচন লক্ষ করেছি। সেখানে নির্বাচনে একটা ইস্যু ছিল এটা। এটা তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার, যেটার খানিকটা চাপ আমাদের ওপরে আসছে। আমি মনে করি না যে বাংলাদেশের সঙ্গে কোনো একটা চাপ তৈরির জন্য ভারতীয় সরকার এটা করছে। পশ্চিমবঙ্গে যে নতুন সরকার নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে, তাদের নির্বাচনের এক ধরনের প্রতিশ্রুতি ছিল এটা।’
তিনি বলেন, ‘তাদের (পশ্চিমবঙ্গ সরকার) একটা রাজনীতি আছে, সেটারই এক ধরনের বহিঃপ্রকাশ এটা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশে নতুন যে সরকার আসছে তার সঙ্গে ভারতের সরকার বিভিন্ন পর্যায়ে যখন কথাবার্তা বলেছে, আমার নিজেরও কিছু কথাবার্তা হয়েছে, তারা বাংলাদেশের সঙ্গে ৫ আগস্ট পরবর্তী সময়ে ড. ইউনূস সরকারের সঙ্গে যে ধরনের পরিস্থিতি ছিল, সেটা থেকে তারা বেরিয়ে আসতে চান। সেটটা দুই দেশই চায়। সেজন্য আমি মনে করি যে সংকটটা প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, এটার একটা সমাধান দ্রুত হবে।’
জাহেদ উর রহমান বলেন, ‘এটা কোনোভাবেই তারা ইনটেনশনালি (ইচ্ছাকৃতভাবে) বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বা বাংলাদেশকে চাপে রাখতে চাইছেন এরকম আমি মনে করি না।’
৪৭ দিন আগে
বিজিবির প্রতিরোধে দুই জেলার ৪ সীমান্ত পয়েন্ট থেকে ৬১ জনকে সরিয়ে নিল বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্ত ও লালমনিরহাটের তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে মোট ৬১ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ব্যর্থ হয়ে দুই দিন পর শূন্যরেখার কাছাকাছি থেকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফ। এ সময় চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ২৮ জন এবং লালমনিরহাটের তিনটি সীমান্ত পয়েন্টের শূন্যরেখা থেকে ৩৩ জনকে বিএসএফ সরিয়ে নেয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সীমান্তে দায়িত্বরত বিজিবি সূত্র।
শনিবার (৬ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্ত থেকে ২৮ জনকে সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।
তিনি জানান, বর্তমানে সীমান্ত থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করা ওই ২৮ জনের কোনো উপস্থিতি বা চলাচল আর পরিলক্ষিত হচ্ছে না। আমাদের ধারণা, গতকাল (শুক্রবার) রাতের কোনো একসময় বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে।
এর আগে, গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে বাঙ্গাবাড়ি সীমান্তের ২০৩/৬-এস সীমান্ত পিলার এলাকা দিয়ে বিএসএফের ১২ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ২৮ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেন। এ সময় বাঙ্গাবাড়ি বিওপির বিজিবি টহলদল তাদের বাধা দিলে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেন।
বিজিবির বাঙ্গাবাড়ি সূত্র জানায়, ওই ২৮ জনের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু ছিল। পরবর্তীতে গত বৃহস্পতিবার সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে প্রথমে কোম্পানি কমান্ডার এবং পরে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবি জানায়, বৈঠকের শুরুতে বিএসএফ পুশইনের বিষয়টি অস্বীকার করলেও পরে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের আলোচনায় ঘটনাটি স্বীকার করে। বৈঠকে বিএসএফ জানায়, বিষয়টি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে গতকাল সকাল পর্যন্ত এ বিষয়ে বিএসএফের পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বিজিবিকে জানানো হয়নি।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, বিজিবি সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সীমান্তে আমাদের নজরদারি ও সতর্ক অবস্থান অব্যাহত রয়েছে।
৫০ দিন আগে
ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে দুই বাংলাদেশি নাগরিক আটক হয়েছেন। ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে কাকরমনি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করেন।
শনিবার (৬ জুন) সকালে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর হাবিলদার (আইপি) মো. খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন— হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের মো. আলিমুল ইসলাম (৪৬) এবং কাদিরসুখা গ্রামের মো. করিম (৩৪)।
গত বৃহস্পতিবার রাতে হরিপুর বিওপির সীমান্তবর্তী দনগাঁও গ্রামের বিপরীতে ভারতের অভ্যন্তরে অবস্থিত কাকরমনি বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন বলে জানিয়েছে ঠাকুরগাঁও ৫০ বিজিবি।
বিজিবি সূত্র জানায়, আটকদের মধ্যে মো. করিম ভারতের একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। তারা দুজনেই ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন। এ সময় হরিপুর বিওপির (বর্ডার আউটপোস্ট) বিপরীতে ভারতের অভ্যন্তরে কাকরমনি বিএসএফ ক্যাম্পের একটি টহল দল তাদের হাতেনাতে আটক করে ক্যাম্পে নিয়ে যান।
এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির ভারপ্রাপ্ত কমান্ডিং কর্মকর্তা মেজর আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি জানার চেষ্টা চলছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ও বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।
৫০ দিন আগে
এবার চাঁপাই সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্য রেখায় ২৮ জন
সাতক্ষীরার পর এবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বাঙ্গাবড়ি বিজিবির সদস্যরা তাদের বাধা দেওয়ায় তারা সীমান্তের শুন্য রেখায় অবস্থান করছেন।
বুধবার (৩ জুন) দিবাগত রাত ৩টার দিকে তাদের ভারতীয় ভূখণ্ড থেকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানো হয়। তবে বিজিবি সদস্যদের প্রতিরোধের মুখে তারা বাংলাদেশ ভূখণ্ডে আসতে পারেনি।
আজ বৃহস্পতিবার সকালে বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক বলেন, পুশইন করা ২৮ জনের মধ্যে ১২ পুরুষ, ১০ নারী ও ৬ শিশু রয়েছে। রাতে বাঙ্গাবাড়ি সীমান্তের ২০৩/৬-আর পিলারসংলগ্ন এলাকা দিয়ে তাদের বাংলাদেশের দিকে ঠেলে পাঠান ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা। খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের অবস্থান নিশ্চিত করেন এবং বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশরোধে অবস্থান নেন। এ অবস্থায় ওই ২৮ জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। তাদের পুশব্যাক করা হবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
তিনি আরও জানান, এমন পরিস্থিতিতে সীমান্তের ওপারে বিএসএফের চৌকিগুলোতে জনবল বাড়ানো হয়েছে বলে খবর পেয়েছেন। এপারে বিজিবিও টহল জোরদারসহ সীমান্তে নজরদারি বাড়িয়েছে।
৫২ দিন আগে
সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
সাতক্ষীরার কালিগঞ্জের বসন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন।
বুধবার (৩ জুন) রাতে সীমান্তসংলগ্ন কালিন্দী নদী এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।
আহতরা হলেন— কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের গোলাম রাব্বানীর ছেলে মহিউদ্দিন (৪২) ও ফজর আলী সরদারের ছেলে মো. শাহীন (২৮)। আহতদের প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা মেডিকেলের সার্জারি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শরিফুল ইসলাম জানান, তাদের উভয়ের অস্ত্রপচার করতে হবে। এখন অপারেশন থিয়েটারে (ওটি) আছি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে ওই দুই ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যান। পরে ভারতের তামিলনাড়ু রাজ্যে রাজমিস্ত্রি শ্রমিকের কাজ করতেন। গতকাল (মঙ্গলবার) গভীর রাতে তারা অবৈধভাবে দেশে ফেরার চেষ্টা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বসন্তপুর সীমান্তসংলগ্ন বাঁশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে দুজনই হাতে ও পিঠে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ভোরে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর সেখান থেকে সকালে তাদের মেডিকেলে নেওয়া হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং একইভাবে বাংলাদেশে ফেরার সময় বিএসএফের গুলির শিকার হন। তবে সাতক্ষীরার বিজিবির দায়িত্বশীল সূত্র এ ঘটনার কোনো সত্যতা নিশ্চিত করতে পারেনি।
৫৩ দিন আগে