শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর
শাহ আমানতে এক ফ্লাইটে ১,৮০২ কার্টন সিগারেট, ১৩ আইফোন জব্দ
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি১৪৮ ফ্লাইটে অভিযান চালিয়ে ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ পণ্যের শুল্ক-করসহ মোট মূল্য প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা।
এক বিজ্ঞপ্তিতে সিআইআইডি জানিয়েছে, অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আসা গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (১৭ আগস্ট) সকাল ৮টা ১৮ মিনিটে দুবাই থেকে বিজি১৪৮ ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর যাত্রী ও ব্যাগেজের ওপর বিশেষ নজরদারি শুরু করা হয়।
অভিযানে যাত্রী এমডি মঈনুল আবদিনের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৪৯ কার্টন ও মন্ড ব্র্যান্ডের ১৫ কার্টন, অর্থাৎ মোট ২৬৪ কার্টন সিগারেট এবং চারটি আইফোন জব্দ করা হয়।
একই ফ্লাইটের যাত্রী আবদুল মান্নানের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৩৩ কার্টন ও মন্ড ব্র্যান্ডের ১৩ কার্টন, মোট ২৪৬ কার্টন সিগারেট এবং চারটি আইফোন জব্দ করা হয়।
অপর যাত্রী নুরুল আলম রিয়াদের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৬৫ কার্টন ও ইস্যি ব্র্যান্ডের সাত কার্টন, মোট ২৭২ কার্টন সিগারেট এবং পাঁচটি আইফোন জব্দ করা হয়।
এদিকে বিমানবন্দরের ২ নম্বর ব্যাগেজ বেল্টে একই ফ্লাইটে আসা মালিকানাবিহীন ব্যাগেজ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের আরও ১ হাজার ২০ কার্টন সিগারেট জব্দ করা হয়।
সিআইআইডি জানায়, সব মিলিয়ে এক ফ্লাইট থেকেই ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করা হয়েছে।
জব্দ সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ৮ হাজার টাকা। ৬২১ শতাংশ টিটিআই অনুযায়ী এর বিপরীতে প্রযোজ্য শুল্ক-কর প্রায় ৪ কোটি ৬০ লাখ ৩ হাজার ৬৮০ টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অন্যদিকে, ১৩টি আইফোনের আনুমানিক মূল্য ১২ লাখ ৩৫ হাজার টাকা। ৫৮ শতাংশ টিটিআই অনুযায়ী এগুলোর প্রযোজ্য শুল্ক-কর প্রায় ৭ লাখ ২৩ হাজার ৭১০ টাকা।
সিগারেট ও মোবাইল ফোনের শুল্ক-করসহ জব্দ পণ্যের মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা।
সিআইআইডি বলেছে, একই ফ্লাইটের একাধিক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ সিগারেট ও আইফোন এবং মালিকানাবিহীন ব্যাগেজে আরও ১ হাজারের বেশি কার্টন সিগারেট পাওয়ার ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানকে সাম্প্রতিক সময়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একযোগে সবচেয়ে বড় সিগারেটের চালান আটকের ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
চোরাচালান প্রতিরোধ, রাজস্ব সুরক্ষা এবং আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সংঘবদ্ধভাবে অবৈধ পণ্য আনার অপচেষ্টা রোধে সিআইআইডির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
৬ দিন আগে
অন্তর্বাসের মধ্যে ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কৌশলে স্বর্ণ চোরাচালানের একটি প্রচেষ্টা নস্যাৎ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এ ঘটনায় প্রায় এক কোটি টাকা মূল্যের ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ এক ভারতীয় যাত্রীকে আটক করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকাল ৭টার দিকে শাহ আমানত বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
সিআইআইডি জানায়, আজ সকাল ৬টা ৫৮ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান থামিম আনসারি নামের এক ভারতীয় নাগরিক। তিনি বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার পর সিআইআইডির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের একটি দল তাকে শনাক্ত করে। পরে দেহ তল্লাশি চালিয়ে তার অন্তর্বাসের (আন্ডারওয়্যার) ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ক্যাপসুলসদৃশ স্বর্ণজাত পদার্থ উদ্ধার করা হয়।
২২ দিন আগে
যান্ত্রিক ত্রুটি: উড্ডয়নের পরপরই চট্টগ্রামে ফিরে গেল বিমান
আন্তর্জাতিক রুটে চলাচলকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৪৮-এ উড্ডয়নের কিছু্ক্ষণের পরই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে ২৮৭ জন যাত্রী নিয়ে বিমানটি আবার ফিরে এসে নিরাপদে অবতরণ করে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা ৩৭ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে মাত্র ২১ মিনিট পর সকাল ৮টা ৫৮ মিনিটে ফ্লাইটটি শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে।
আরও পড়ুন: ইঞ্জিন-সংক্রান্ত জটিলতায় উড্ডয়নের পরই ঢাকায় ফিরে আসল বিমান
এরপর, আরেকটি ফ্লাইট বিজি-১২২-এ সব যাত্রীকে স্থানান্তর করা হয় এবং সকাল ১০টা ৫০ মিনিটে ওই ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিজি-১৪৮ ফ্লাইটটি বর্তমানে চট্টগ্রাম বিমানবন্দরের বে নম্বর-৮ এ অবস্থান করছে। ফ্লাইটের সব যাত্রী নিরাপদে রয়েছেন এবং তাদের মধ্যে কেউ আহত হননি।
৩৯৫ দিন আগে
রানওয়েতে হজ ফ্লাইট বিকল, ২ ঘণ্টা বন্ধ ছিল শাহ আমানত
সৌদি আরবের মদিনা থেকে ৩৮৭ জন হজযাত্রী নিয়ে চট্টগ্রামে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণের পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল।
শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি১৩৮ ফ্লাইটটি শাহ আমানতে অবতরণের পর এ গোলযোগ দেখা দেয়। এরপর ত্রুটি সারিয়ে যাত্রীদের নিরাপদে নমিয়ে আনা হয়।
বিষয়টি নিশ্চত করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, আজ সকালে অবতরণের পর রানওয়ে-২৩ প্রান্তে গিয়ে ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে থেমে যায় এবং আর চলতে পারে না।
এরপর বেলা ১১টা ২০ মিনিটে বিমানটিকে টাগকারের মাধ্যমে রানওয়ে থেকে সেটিকে সরিয়ে অ্যাপ্রোনে নেওয়া হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় রানওয়ে সাময়িক বন্ধ থাকলেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ফ্লাইটে থাকা সব হজযাত্রী নিরাপদেই ছিলেন।
আরও পড়ুন: সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্টদের প্রধান উপদেষ্টার অভিনন্দন
৪১৪ দিন আগে
চট্টগ্রাম বিমানবন্দরে ৪ কেজি কোকেন জব্দ, বিদেশি নারী আটক
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪ কেজি কোকেন জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় স্টেলিয়া সানতায়ি নামে বিদেশি এক নারীকে আটক করা হয়েছে।
সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ওই নারীর ব্যাগ তল্লাশি করে একটি ইউপিএসের ভেতর থেকে ৩ কেজি ৯০০ গ্রাম কোকেন পাওয়া যায়।
আরও পড়ুন: কক্সবাজারে যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৩ কেজি কোকেন জব্দ
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘ওই নারী ১৫ জুলাই তার ব্যাগ নিতে আসেন। এর আগে গত ১২ জুলাই এমিরেটসের ফ্লাইটে ব্রাজিলের সাওপাওলো থেকে রওনা দিয়ে দুবাই ট্রানজিট হয়ে ফ্লাইদুবাইয়ে ১৩ জুলাই শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তিনি। তখন থেকেই তিনি এয়ারপোর্ট সিকিউরিটি, এপিবিএন ও ইন্টেলিজেন্সের নজরদারিতে ছিলেন।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বলেন, সোমবার ব্যাগেজে কোকেন জব্দসহ ওই বিদেশি নারীকে এপিবিএন, বিমানবন্দর সিকিউরিটি ও ইন্টেলিজেন্সের সদস্যরা আটক করে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন থেকে আড়াই কেজি কোকেন জব্দ
কোকেন উদ্ধার: পেরুর নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড
৭৬৯ দিন আগে
চট্টগ্রামে বিমানবন্দরে প্রবাসী আটক, সোয়া কেজি স্বর্ণ জব্দ
চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রফিকুল ইসলাম বকুল নামে এক প্রবাসীকে আটক করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দারা। আটকের সময় তার কাছ থেকে ৩২টি স্বর্ণের চুড়ি জব্দ করা হয়েছে। যার ওজন প্রায় ১ কেজি ২২০ গ্রাম।
শুক্রবার সকালে বিজি-১৩৬ লাইটিং ফ্লাইটে ওই যাত্রী চট্টগ্রাম আসেন। এরপর কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা তার কাছ থেকে এসব স্বর্ণালংকার জব্দ করেন।
আরও পড়ুন: পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৩.৫১ কোটি টাকার স্বর্ণ জব্দ
কাস্টমসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মুহাম্মদ মাহফুজ আলম জানান, বিমানবন্দরে আটক যাত্রীর গতিবিধির সন্দেহজনক হওয়ায় ব্যাগেজ স্ক্যানিং ও দেহ তল্লাশি করা হয়। স্ক্যানিংকালে ব্যাগেজের ভেতর স্বর্ণের মতো প্রতিচ্ছবি দেখা যায়। তল্লাশি করে জুতার ভেতর বিশেষভাবে লুকায়িত, পোশাক ও ব্যাগেজে ৩২টি স্বর্ণের চুড়ি পাওয়া যায়। ২২ ক্যারেটের এসব স্বর্ণের ওজন ১ কেজি ২২০ গ্রাম। বাজার মূল্য ১ কোটি ২২ লাখ টাকা।
বিমানবন্দরের দায়িত্বরত সহকারী কাস্টমস কমিশনার মহিউদ্দিন পাটোয়ারি জানান, বকুল বিশেষ কায়দায় স্বর্ণের চুড়িগুলো জুতা, ব্যাগ ও গায়ে থাকা পোশাকের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। ব্যাগ স্ক্যানিংয়ের সময় ওটা ধরা পড়ে। পরে তার শরীর তল্লাশি করে ৩২টি স্বর্ণের চুড়ি জব্দ করা হয়, যার কোনো বৈধ কাগজ তিনি দেখাতে পারেননি। সব মিলিয়ে এক কেজি ২২০ গ্রাম স্বর্ণের বাজারমূল্য প্রায় এক কোটি ২২ লাখ টাকা।
উদ্ধার করা স্বর্ণ রাষ্ট্রের কোষাগারে জমা দেওয়া হচ্ছে এবং এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে ২.২২৮ কেজি স্বর্ণ জব্দ, ২ যাত্রী আটক
ঢাকা বিমানবন্দরে যৌথ অভিযানে ২.১ কেজি স্বর্ণ জব্দ, আটক ৪
৮৯১ দিন আগে
শাহ আমানত বিমানবন্দে ওমান ফেরত উড়োজাহাজ থেকে ৬৪টি স্বর্ণের বার উদ্ধার
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান ফেরত উড়োজাহাজের সিটের নিচ থেকে ৬৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। প্রায় সাড়ে ৭ কেজি ওজনের এসব বারের বাজার মূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টায় ওমান থেকে আসা ওমান এয়ারের একটি উড়োজাহাজ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিমানবন্দরের কর্মরত শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে উড়োজাহাজটির সিটের নিচ থেকে ৬৪টি স্বর্ণের বার উদ্ধার করেন।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে ৪টি স্বর্ণের বার জব্দ, আটক ২
যার ওজন প্রায় সাড়ে ৭ কেজি এবং বাজার মূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা বলে জানান তিনি।
বিমাবন্দরে দায়িত্বরত কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মো. আল আমিন প্রধান বলেন, রাতে ওমান এয়ারলাইন্সের উড়োজাহাজে স্বর্ণের বড় চালান আসবে এমন গোপন সংবাদের ভিক্তিতে গোয়েন্দা টিম প্রস্তুত ছিল। বিমানটির ২৫বি নম্বর আসনে এই সোনা থাকতে পারে তথ্য ছিল। উড়োজাহাজটির সিটের নিচে কালো স্কচটেপে মোড়ানো ৪টি দণ্ডাকৃতির বস্তু পাওয়া যায়। এগুলো খুলে ৬৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধারের পর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন স্বীকৃত স্বর্ণকার দিয়ে এসব পরীক্ষা করা হয়। পরীক্ষায় এসব ২৪ ক্যারেটের সোনা বলে নিশ্চিত হন কর্মকর্তারা।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুন: জয়পুরহাটে ১০টি স্বর্ণের বার জব্দ, আটক ৩
ঢাকা বিমানবন্দর থেকে ৩.৪৯ কেজি স্বর্ণ জব্দ, আটক ১
৯১৯ দিন আগে
শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার ৭টি স্বর্ণের বার জব্দ
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোটি টাকা মূল্যের ৭টি স্বর্ণের বার (৯১২ গ্রাম) জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তার করা হয়েছে স্বর্ণ বহনকারী যাত্রীকে।
গ্রেপ্তার যাত্রীর নাম শহিদুল ইসলাম। তার বাড়ি কক্সবাজারের চকরিয়ায়।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শুল্ক গোয়েন্দা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক মিনহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে দুবাই হতে আগত বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-১৪৮) ওই যাত্রীর কাছ থেকে ৭টি স্বর্ণের বার পাওয়া যায়। যার পরিমাণ ৯১২ গ্রাম।
তিনি আরও বলেন, জব্দ স্বর্ণের মূল্য প্রায় ১ কোটি টাকা। শহিদুলের বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: ওসমানী বিমানবন্দরে ৩৪ কেজি স্বর্ণ জব্দ, আটক ৪
পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৩.৫১ কোটি টাকার স্বর্ণ জব্দ
৯৮২ দিন আগে
চট্টগ্রাম বিমানবন্দরে উড়োজাহাজের সিটের নিচ থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে প্রায় সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) রাতে এসব স্বর্ণ উদ্ধার করে চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) কর্মকর্তারা।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর)কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল মতিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে আবারও রাইস কুকার থেকে স্বর্ণ উদ্ধার
তিনি জানান, ‘উদ্ধার স্বর্ণের ওজন চার কেজি ৪২০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৪ লাখ টাকা। এই চোরাচালান আটকের মাধ্যমে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি রোধ সম্ভব হয়েছে।’
সিআইআইডি জানিয়েছে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর এলাকায় সতর্ক অবস্থান নেয় সিআইআইডির কর্মকর্তা-কর্মচারীরা। এর মধ্যে শারজাহ থেকে ছেড়ে আসা জি-৯৫২০ ফ্লাইটটি বুধবার রাত পৌনে ৮টার দিকে চট্টগ্রামে অবতরণ করে।
পরবর্তীতে ৫ নম্বর বোর্ডিং ব্রিজে সংযুক্ত এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের উড়োজাহাজটির বিভিন্ন সিট তল্লাশিকালে ৯-এফ সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় কালো স্কচটেপ মোড়ানো দুইটি প্যাকেট পাওয়া যায়।
প্যাকেট দুটি কাস্টমস ব্যাগেজ কাউন্টারে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে ৮টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৪ কেজি ৪২০ গ্রাম। এই ঘটনায় আইনি কার্যক্রম গ্রহণসহ কাস্টম হাউসের কাছে স্বর্ণগুলো হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
আরও পড়ুন: যশোরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি
৯৯৭ দিন আগে
চট্টগ্রাম বিমানবন্দরে আবারও রাইস কুকার থেকে স্বর্ণ উদ্ধার
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত রাইস কুকার থেকে আবারো পৌনে ২ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত দল শনিবার গণমাধ্যমকে জানায়, ওমান এয়ারেওয়েজে আসা ২টি মালিকবিহীন ব্যাগ স্ক্যানিং করে রাইস কুকারে লুকানো ৩টি স্বর্ণের পিণ্ড উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে এক কেজি সোনা জব্দ, আটক ১
বিমানবন্দর ও কাস্টমস সূত্র জানা যায়, শুক্রবার (২২ সেপ্টেম্বর) ওমান এয়ারের একটি ফ্লাইটে কোনো যাত্রী ব্যাগ দুটি নিয়ে আসেন। কিন্তু যাত্রীদের লাগেজ যে বেল্টে দেওয়া হয়, সেখানে এই ব্যাগ দুটি দীর্ঘসময় পড়ে ছিল।
শনিবার বিকাল পর্যন্ত কোনো যাত্রী ব্যাগগুলো নিতে না আসায় সন্দেহ হয়। পরে মালিকবিহীন ব্যাগ দুটি স্ক্যানিং করে রাইস কুকারে লুকানো ৩টি স্বর্ণের পিণ্ড উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশীর আহমেদ জানান, পরিত্যক্ত ব্যাগ থেকে ৩টি স্বর্ণপিণ্ড উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৮৫০ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪৮ লাখ ১৮ হাজার ৫০০ টাকা।
স্বর্ণ পিণ্ডগুলো কাস্টম হাউস চট্টগ্রামে জমা দেওয়া হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এর আগে শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ৭টা ২৪ মিনিটে এয়ার এরাবিয়ার ফ্লাইটে আসা মোহাম্মদ আলী নামের এক যাত্রীর রাইস কুকারে লুকানো ১ কেজি ৭০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছিল কাস্টমস।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণ জব্দ, ভারতীয় নাগরিক আটক
চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণ জব্দ, দুবাইফেরত যুবক আটক
১০৬৪ দিন আগে