সিলিন্ডার বিস্ফোরণ
সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাঙারি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
শনিবার (২ মে) দুপুরে উপজেলার বড় কুমিরার মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আরমান। কুমিল্লার বাসিন্দা এই ব্যক্তি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম জানান, কুমিরার কামাল সওদাগরের ভাঙারি দোকানটিতে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই সেখানে থাকা একটি ভ্যানের চালক নিহত হন। এছাড়া দোকানটির কামাল উদ্দিনসহ আশপাশে থাকা আরও ৪ জন আহত হন।
আহতদের উদ্ধার করে ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
৩ দিন আগে
দিনাজপুরে সিলিন্ডার বিস্ফোরণে ঘুমন্ত দম্পতির মৃত্যু
দিনাজপুর শহরের আশ্রমপাড়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে পুড়ে এক দম্পতি নিহত হয়েছেন।
রবিবার (১৯ এপ্রিল) মধ্যরাতে শহরের আশ্রমপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— তপন সরকার (৪৫) এবং তার স্ত্রী লতা সরকার (৩৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী দুজনই দোতলা ঘরের একটি ছোট কক্ষে ঘুমিয়েছিলেন। একই কক্ষে গ্যাস সিলিন্ডার এবং ম্যাজিক চুলায় রান্না করতেন তারা। গতকাল রাত ১টার দিকে ওই কক্ষে আগুন এবং ধোয়ার কুণ্ডলী দেখতে পেয়ে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সে খবর দেন স্থানীয়রা।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেন। ওই সময় সেখান থেকে স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার করেন তারা। গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করছেন তারা।
দিনাজপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা ওবায়দুল ইসলাম জানান, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের সম্মতি দিয়েছে কোতয়ালী থানা পুলিশ।
১৫ দিন আগে
কুমিল্লায় সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪
কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন— মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের ২ শতাংশ, জিল হকের শরীরের ৫৪ শতাংশ, হুমায়রার শরীরের ৬৫ শতাংশ ও শিশু হুররামের শরীরের ৬ শতাংশ পুড়ে গেছে। এদের মধ্যে জিল হক ও হুমায়রার দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের অবস্থা বেশ আশঙ্কাজনক।
৭০ দিন আগে
চট্টগ্রামে আবাসিক ভবনে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৯
চট্টগ্রাম মহানগরীর হালিশহরের একটি ভবনে গ্যাস লাইনের বিস্ফোরণে ৯ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোলরুম কর্মকর্তা।
দগ্ধদের মধ্যে ৮ জনের নাম জানা গেছে। তারা হলেন— শিপন (৩০), সুমন (৪০), শাওন (১৭), আনাস (০৭), আইমান (০৯), শাখাওয়াত (৪৬), আয়েশা (০৪) ও পাখি (৩৫)।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, আজ (সোমবার) সকাল পৌনে ৬টার দিকে হালিশহর থানার আবাহনী ক্লাবের মাঠের সামনে ছয় তলা আবাসিক ভবনের তৃতীয় তলায় গ্যাসের লাইনের বিস্ফোরণ ঘটে। এতে ভবনটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। অগ্নিদগ্ধদের উদ্ধার করে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আগুনের ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
৭১ দিন আগে
মারা গেলেন সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ জাবি ছাত্রদল নেতা রনি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)-সংলগ্ন ইসলামনগর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রনি মৃত্যুবরণ করেছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
রনি নৃবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের (৪৭তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি (মঙ্গলবার) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন ইসলামনগর এলাকায় এক হৃদয়বিদারক ঘটনার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা আব্দুস সোবহান রায়হান পারিবারিক কলহের জেরে নিজের ঘরে অকটেন ছিটিয়ে আগুন দেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে রনিসহ আশপাশে অবস্থান করা কয়েকজন শিক্ষার্থী ও প্রতিবেশী তাকে বাধা দিতে সেই ঘরে প্রবেশ করেন। তারা রায়হানকে শান্ত করার চেষ্টা করতেই তিনি লাইটার দিয়ে ঘরে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে রনিসহ সেখানে উপস্থিত রায়হান, রাহাত ও হাসিনুর নামের চারজন দগ্ধ হন।
গুরুতর আহত রনি ও হাসিনুরকে সেদিন রাতেই ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। প্রায় এক সপ্তাহ মৃত্যুর সাথে লড়াই করে হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় রনির মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে দায়িত্বরত চিকিৎসক ডা. জহির উদ্দিন বলেন, রনির শারীরিক অবস্থা শুরু থেকেই অত্যন্ত আশঙ্কাজনক ছিল। তার শ্বাসনালীসহ শরীরের বড় একটি অংশ দগ্ধ হওয়ায় হার্ট, কিডনি ও ফুসফুসের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলো অকেজো হয়ে পড়েছিল।
আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু শেষ দিকে রক্তে সংক্রমণ ছড়িয়ে পড়ায় লাইফ সাপোর্টে রেখেও তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানান এ চিকিৎসক।
রনির মৃত্যুতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিশ্ববিদ্যালয়ে সক্রিয় ছাত্র সংগঠনগুলো শোক জানিয়েছে।
৯২ দিন আগে
চট্টগ্রামে গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণ, দগ্ধ ১০
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১০ জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মাহবুবুর রহমান নামে এক ব্যবসায়ীর গ্যাসের দোকানে গ্যাস সিলিন্ডারের বোতল আনলোড করার সময় এক শ্রমিকের সিগারেটের আগুন থেকে হঠাৎ আগুন ধরে যায়। পরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আহত ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: গাজীপুরের কাঁচাবাজারে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
আহতরা হলেন— দোকান মালিক মাহবুবুর রহমান (৪৫), শ্রমিক মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ লিটন (২৮) ও মোহাম্মদ ছালে (৩৩)।
ফায়ার সার্ভিস চন্দনাইশ স্টেশনের কর্মকর্তা সাবের হোসেন জানান, আগুন নির্বাপণ করা হয়েছে। তারা অগ্নিদগ্ধ দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। এর আগে, এলাকাবাসী আরও কয়েকজনকে উদ্ধার করে সেখানে নিয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) আশিকুল ইসলাম জানান, অগ্নিদগ্ধ কয়েকজনকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর ৫ থেকে ৬ জনকে ঢাকায় পাঠানো হবে।
২৩০ দিন আগে
আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ একই পরিবারের পাঁচজন আহত
সাভারের আশুলিয়ায় গ্যাসের পাইপ লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক পরিবারের পাঁচজন দগ্ধের খবর পাওয়া গেছে।
বুধবার (১৮ জুন) সকালে নরসিংহপুর এস টুয়েন্টি ওয়ান অ্যাপারেলস লিমিটেড-সংলগ্ন জুয়েল রানার বাড়িতে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে জুয়েল আহমেদের দ্বিতল ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আহতরা হলেন— জুয়েল (২৪), শান্ত (২১), হাওয়া আক্তার (৪০), জহুরুল (২৬) ও জাহানারা (৪০)। তারা ফরিদপুর জেলার বাসিন্দা ও একই পরিবারে সদস্য।
দগ্ধদের প্রথমে স্থানীয় আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে চিকিৎসা নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।
আরও পড়ুন: রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণ, এক পরিবারের ৫ জন দগ্ধ
সরেজমিন গিয়ে দেখা যায়, বিস্ফোরণের কারণে ভবনের দেওয়ালে ফাটল ধরেছে। কোথাও কোথাও ভেঙেও গেছে।
আশুলিয়া থানার ওসি তদন্ত কামাল হোসেন জানান, ফায়ার সার্ভিস ও আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
৩২১ দিন আগে
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, শিশুসহ দগ্ধ ৪
গাজীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে ঘটা বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গেছেন এক নারী। এ ঘটনায় দুটি শিশুসহ দগ্ধ আরও ৪ জন আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।
রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যার দিকে গাজীপুরের বাসন থানার মোগর খাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম সীমা আক্তার (৩০)।
আহত অন্যরা হলেন— তাসলিমা (৩০), পারভিন আক্তার (৩৫) ও তার শিশু ছেলে আয়ান (দেড় বছর), শেফালী বেগম (৪০) ও তার শিশু মেয়ে তানজিলা। তাদের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন বার্ণ ইনস্টিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (রবিবার) সন্ধ্যার দিকে রান্না করছিলেন পারভিন। এ সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে, এতে পারভিনসহ উপস্থিত পাঁচজন দগ্ধ হন।
আরও পড়ুন: চাঁদপুরে মধ্যরাতের আগুনে পুড়ল ১১ দোকান, আহত ১০
প্রাথমিকভাবে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয় বলে জানান স্বজনরা।
তাদের সেখানে নেওয়ার পর ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন জানিয়েছিলেন, দগ্ধদের মধ্যে তাসলিমার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। এছাড়া দুজনের ৯০ শতাংশ, একজনের ৩২ শতাংশ এবং অন্য একজনের ২৮ শতাংশ শরীর দগ্ধ হয়েছে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ জানান, সিলিন্ডারের গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
৩৭২ দিন আগে
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চার
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন।
দগ্ধরা হলেন- মো. তানজিল (২২), রাব্বি (২০), শামসুল (৬৫) ও রোজিনা হক (৪৯)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে কাশিমপুরের বাগবাড়ি এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। রান্নার গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ হলে তারা দগ্ধ হন। তাদের স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকার হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬
ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে জানান, দগ্ধ হওয়া ওই চারজনকে গুরুতর অবস্থায় শনিবার রাতে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এদের মধ্যে তানজিল ৩০ শতাংশ, রাব্বি ২৩ শতাংশ, শামসুল ৫ শতাংশ ও রোজিনা ৩ শতাংশ দগ্ধ হয়েছেন।
তিনি আরও জানান, তাদের মধ্যে দুজনের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায়, তাদের জরুরি বিভাগের অবজারভেশন শেষে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ভোলায় বরফকলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, আহত ২
৫৩৪ দিন আগে
নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুইজনের মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ডরগাঁওয়ের একটি বাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজের গ্যাস থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দগ্ধ দুই জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়
সোহেল (২০) ও ইসমাইল (১৬) মারা যান।
আরও পড়ুন: ঢাকার শ্যামপুরে বিস্ফোরণে তিনজন দগ্ধ
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম জানান, সোহেলের শরীরের ৭০ শতাংশ এবং ইসমাইলের শরীরের ৫৫ ভাগ পুড়ে গেছে।
এর আগে শুক্রবার(২৫ অক্টোবর) ওই বাড়িতে গ্যাস লিকেজ থেকে আগুন লেগে ছয়জন আহত হন।
আহতরা হলেন- মোহাম্মদ আবুল (৪৭), তার স্ত্রী শেলী (৩৬), মুন্নি (২০) ও তাসলিমা (১৩)।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬
৫৫৩ দিন আগে