হাটহাজারী
হাটহাজারীর দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহিদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় প্রধানমন্ত্রী তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। পাশাপাশি শহিদ সেনাসদস্যদের পরিবারের পাশে সরকার ও সেনাবাহিনী সব সময় থাকবে বলে আশ্বাস দেন তিনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শহিদ সেনাসদস্যদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, ‘দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সেনাসদস্যরা প্রাণ দিয়েছেন। তারা দেশের জন্য শহিদ হয়েছেন। তাদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’
শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘এই শোকের সময়ে আমরা আপনাদের পাশে আছি এবং পাশে থাকব। সরকার ও সেনাবাহিনী সব সময় আপনাদের পরিবারের পাশে থাকবে। প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার পাশাপাশি শহিদ সেনাসদস্যদের পরিবারের দেখভালেও সরকার তার দায়িত্ব পালন করবে।’
পরে প্রধানমন্ত্রী শহিদ দুই সেনাসদস্যের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
১৩ দিন আগে
হাটহাজারীতে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণকালে দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিএমএইচে গিয়ে চিকিৎসাধীন আহত সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।
প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আহত সেনা কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সাহস ও সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী।
গেল বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিকভাবে এ দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে ভর্তি করা হয়।
দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
১৭ দিন আগে
হাটহাজারীতে অনুশীলন চলাকালে গোলাবর্ষণে ২ সেনাসদস্য নিহত
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সেনাসদস্য নিহত এবং এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনায় আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হচ্ছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১৯ দিন আগে
হাটহাজারীতে অটোরিকশার ওয়ার্কশপের আড়ালে তৈরি হতো অস্ত্র
চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজিচালিত অটোরিকশার ওয়ার্কশপের আড়ালে দীর্ঘদিন ধরে পরিচালিত অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় দেশীয় পেনগানসহ পাঁচটি আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে ওয়ার্কশপটিতে অভিযান চালায় চট্টগ্রাম জেলা পুলিশ।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, অস্ত্র তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত একটি চক্রের বিষয়ে তথ্য পাওয়ার পর হাটহাজারী থানা পুলিশ নজরদারি ও তথ্য যাচাই শুরু করে। এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাত আনুমানিক ২টায় পুলিশের একটি বড় দল হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের মনসুরাবাদ কলোনি এলাকায় অভিযান চালায়।
অভিযানে মো. জামাল হোসেন ওরফে জামাল মিস্ত্রি (৪৪) ও মো. কবিরকে (৪৭) গ্রেপ্তার করা এবং তাদের হেফাজত থেকে একটি অত্যাধুনিক পেনগান, চারটি দেশীয় পিস্তল, ১৮টি পেনগানের গুলি ও দুটি পিস্তলের বুলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, হাটহাজারীর সরকারহাট বাজারে ওসমানের সিএনজিচালিত অটোরিকশার ওয়ার্কশপের আড়ালে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করা হতো। পরবর্তীতে এসব অস্ত্র বিভিন্ন স্থানে বিক্রির জন্য সরবরাহ করা হতো।
এ ঘটনায় পলাতক ওসমানসহ সংশ্লিষ্ট অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২৭ দিন আগে
‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট নিয়ে হাটহাজারীতে দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ‘আপত্তিকর’ পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এ ছাড়া পোস্ট করা যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আরিয়ান ইব্রাহিম নামে এক যুবক চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার সামনে দিয়ে মিছিল চলাকালে অবমাননাকর অঙ্গভঙ্গি করে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। বিষয়টি জানাজানি হলে মাদরাসার শিক্ষার্থী ও কওমি লোকজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
আরও পড়ুন: ফেনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
পরে এক ভিডিওবার্তায় ইব্রাহীম নিজের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেন। তবে এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ মাদরাসা শিক্ষার্থীরা চট্টগ্রাম–খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করেন এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এতে অন্তত ২০ জন আহত হন।
এ সময় মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার ও সড়ক ছেড়ে মাদরাসায় ঢুকে যাওয়ার আহ্বান জানায় মাদরাসা কর্তৃপক্ষ। এরপরও কয়েক ঘণ্টা ধরে বিক্ষোভ চালিয়ে যাওয়ার পর মাদরাসা কর্তৃপক্ষের হস্তক্ষেপে সরে যান শিক্ষার্থীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মুমিন ইউএনবিকে জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে মিরেরহাট থেকে এগারোমাইল সাবস্টেশন পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে, যা রবিবার বিকেল ৩টা পর্যন্ত কার্যকর থাকবে।
ইউএনও আরও বলেন, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে রবিবার বিকেল পর্যন্ত নির্ধারিত এলাকায় যেকোনো ধরনের সমাবেশ, মিছিল বা বিক্ষোভ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
৩৮৬ দিন আগে
হাটহাজারীতে গণপিটুনিতে যুবক নিহত
চট্টগ্রামের হাটহাজারীতে চোর সন্দেহে গণপিটুনিতে মো. রাহাত নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
শনিবার ভোরে পৌর সদরের নুর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাহাত পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলীপুর গ্রামের বদু চৌধুরী বাড়ির শরাফাত উল্লাহ টিপুর ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে গরু চোর সন্দেহে ৫ যুবককে গণপিটুনি
স্থানীয়রা জানায়, নুর মসজিদের পশ্চিম পাশে মাওলানা হাবিবুল্লাহ সাহেবের বাড়িতে চুরি করতে যায় ওই যুবক। এ সময় আশেপাশের লোকজন তাকে দেখতে পেয়ে চোর-চোর বলে চিৎকার দেয়। এক পর্যায়ে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাটহাজারীর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: চোর সন্দেহে গণপিটুনি, যুবক নিহত
পাবনায় গণপিটুনিতে নিহত ৩
৯৪৭ দিন আগে
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত
চট্টগ্রামের রাউজান ও হাটহাজারী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (৯ ডিসেম্বর) এসব দুর্ঘটনা ঘটে।
নিহত দুই যুবক হলেন- রাউজান উপজেলার জানিপাথর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. ইলিয়াছ মিয়া ও হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের মো. আলীর পুত্র মো. তারেক।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মাদরাসাছাত্রী নিহত
রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, শনিবার (৯ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে বাসের সঙ্গে একটি সিএনজি অটোরিকশার মুখোমুখী সংঘর্ষ হলে মো. ইলিয়াছ মিয়া নামে অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, এই দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গহিরা জেকে মেমোরিয়াল হসপাতালে পাঠান। পরে গুরুতর আহত তিন যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
এদিকে এর আগে দুপুরে হাটহাজারীতে পিকআপের ধাক্কায় মো. তারেক নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, নিহত তারেক সকালে প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হন। আসা যাওয়ার পথে রাস্তার উপর রাখা ইট বালি স্তুপ পার হয়ে যাওয়ার সময় রাঙ্গামাটিমুখী একটি মাছভর্তি পিকআপ ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে গুরুতর আহত হয় তারেক। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আঘাত গুরুতর হওয়ায় তাকে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, দুর্ঘটনা ঘটিয়ে পিকআপটি পালিয়ে যায়।
তিনি আরও বলেন, পিকআপটিকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলা করার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩
১০২৪ দিন আগে
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের পরিচয় মিলেছে
চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত সাত জনের পরিচয় পাওয়া গেছে।
নিহত সাতজনই একই পরিবারের সদস্য। নিহতদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ ও তিনটি শিশু।
তারা হলেন- বিপ্লব (২৭), বাপ্পা (৩২), রিতা (৪০), শ্রাবন্তী (১৮), বর্ষা (১০), দ্বীপ (৩) ও দিগন্ত (৩)।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার পর নিহতদের লাশ হাটহাজারী স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে আহত-নিহতদের স্বজনদের আর্তনাদের পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে।
আহত-নিহত সকলের বাড়ি চন্দনাইশে বলে পুলিশ জানায়। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে বাসচালক পালিয়ে গেছে।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবিল মাহমুদ জানায়, মঙ্গলবার দুপুর পৌনে ১২ টার সময় হাটহাজারী উপজেলার চারিয়া এলাকায় নাজিরহাট থেকে চট্টগ্রাম শহরমুখী একটি বাস ও বিপরিত দিক থেকে আসা একটি সিএনজি ট্যাক্সির মুখোমুখি সংর্ঘষ হয়।
এতে সিএনজিতে থাকা শিশুসহ ১০ জন যাত্রীর মধ্যে ঘটনাস্থলে তিন শিশুসহ সাতজন নিহত হয়। আহত তিনজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে এবং লাশ মর্গে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, আহত-নিহতরা সবাই সনাতনী ধর্মের লোক। মৃত আত্মীয় শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশ নিতে তারা চন্দনাইশ উপজেলা থেকে হাটহাজারীর আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় দুর্ঘটনাকবলিত হয়।
আরও পড়ুন: চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু
১০৫৬ দিন আগে
চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭
চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন।
আজ মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে হাটহাজারী-ফটিকছড়ি সড়কের চারিয়া বোর্ড স্কুল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাটহাজারী-ফটিকছড়ি সড়কের হাটহাজারীর চারিয়া বোর্ড স্কুল এলাকায় ফটিকছড়িগামী সিএনজি এবং চট্টগ্রামগামী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। গুরুতর আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
এ প্রতিবেদন লিখা পর্যন্ত নিহত এবং আহত কারোরই পরিচয় জানা যায়নি।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনার খবর পেয়ে ছুটে আসি। লাশ উদ্ধার করি। আহতদের হাসপাতালে পাঠাই। এখন পর্যন্ত আহত ও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।’
আরও পড়ুন: রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু
১০৫৬ দিন আগে
চট্টগ্রামে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ
পারিবারিক বিরোধকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারীতে আবু তাহের (৬০) নামে এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোটভাই ও তার ছেলেদের বিরুদ্ধে।
শনিবার (২৪ জুন) রাতে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের আকবরের বাড়িতে এই ঘটনা ঘটে। এতে আবু তাহেরের ছেলে আজম ও তার স্ত্রী আহত হয়েছেন।
ঘটনার পরপরই পালিয়ে যান ছোট ভাই ইউসূফ ও তার ছেলেরা।
আরও পড়ুন: রাজধানীতে স্বামীকে কুপিয়ে খুন করে ৯৯৯-এ স্ত্রীর ফোন
হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) আমীর হোসেন জানান, পারিবারিক বিরোধের ঘটনায় ছোট ভাই ও তার ছেলেরা বড় ভাই আবু তাহেরকে পিটিয়ে, লাথি মেরে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে এবং লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পলাতকদের ধরতে অভিযান শুরু করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: ঝিকরগাছায় ২৪০০ টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন!
সাংবাদিক রব্বানীর খুনিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন: এমএসএফ
১১৯১ দিন আগে