উগ্রবাদ
দেশে উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার আশঙ্কা নেই: সিটিটিসি প্রধান
দেশে বর্তমানে উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার মতো কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক। তিনি বলেছেন, উগ্রবাদী কর্মকাণ্ড প্রতিরোধে অনলাইন প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম, গোয়েন্দা তথ্য ও নিজস্ব ডাটাবেজের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
সোমবার (২৭ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
৫ আগস্ট পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার দেশে কোনো জঙ্গিবাদ নেই বলে বারবার দাবি করেছে। অথচ জঙ্গিবাদ দমনে বিশেষায়িত ইউনিট হিসেবে সিটিটিসি গঠনের পরও কেরানীগঞ্জসহ বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ এবং সর্বশেষ মতিঝিলে ছাতার ভেতর বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনা ঘটেছে। এসব বিষয়কে সিটিটিসি কীভাবে দেখছে এবং বোমা বিস্ফোরণের ঘটনাগুলোর তদন্তে উগ্রবাদের কোনো সংশ্লিষ্টতা পাওয়া গেছে কি না—জানতে চেয়েছিলেন সাংবাদিকরা।
জবাবে সিটিটিসি প্রধান বলেন, সিটিটিসি ইউনিটের বেশ কয়েকটি বিভাগ রয়েছে। এর মধ্যে একটি বিভাগ কাউন্টার টেররিজম। এছাড়া আরও কয়েকটি বিভাগ রয়েছে যারা নিজ নিজ ক্ষেত্রে কাজ করছে।
তিনি বলেন, উগ্রবাদী কর্মকাণ্ডের ওপর অনলাইন প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম ও নিজস্ব ডাটাবেজের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। কোনো তথ্য পাওয়া মাত্রই অভিযান পরিচালনা করা হচ্ছে। উগ্রবাদী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখতে সিটিটিসি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
উগ্রবাদ মাথাচাড়া দিচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনই এমন কোনো মন্তব্য করার সুযোগ নেই। তবে দেশের পরিস্থিতিতে আশঙ্কাজনক কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
মতিঝিলে বোমাসদৃশ বস্তু উদ্ধারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি নজরে আসার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং বোম ডিসপোজাল ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে ঘটনাটি নিয়ে মতিঝিল বিভাগ তদন্ত করছে। তদন্ত শেষ হওয়ার আগে এ ঘটনায় কারা জড়িত ছিল বা তাদের উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে কোনো মন্তব্য করা সম্ভব নয়।
সংবাদ সম্মেলনে জঙ্গিবাদসংক্রান্ত গ্রেপ্তার ও মামলার অগ্রগতি নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক বলেন, গ্রেপ্তারের সুনির্দিষ্ট পরিসংখ্যান পরে জানানো হবে। তবে তিনি জানান, আলোচিত পাতা কমব্যাট মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে আরও কয়েকজনের নাম উঠে এসেছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। মামলার প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
সিটিটিসি জানিয়েছে, সম্ভাব্য উগ্রবাদী তৎপরতা প্রতিরোধে প্রযুক্তিনির্ভর নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে।
১০ দিন আগে
উগ্রবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভূমিমন্ত্রীর
দেশের মানুষ কোনো ধরনের উগ্রবাদকে সমর্থন করে না উল্লেখ করে উগ্রবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
সোমবার (২৩ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সুবর্ণজয়ন্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ভূমিমন্ত্রী বলেন, একটি দেশ তখনই এগিয়ে যায়, যখন সেই দেশের অধিকাংশ মানুষ সুশিক্ষায় শিক্ষিত হয়। শিক্ষার সামগ্রিক উন্নয়নে সরকারের ধারাবাহিক প্রচেষ্টার কথা তুলে ধরে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে শিক্ষার অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে। সেই ধারাবাহিকতায় বর্তমান নেতৃত্ব শিক্ষাক্ষেত্রে আরও সাফল্য অর্জন করছে।
তিনি আরও বলেন, তারেক রহমান তার পিতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশকে উন্নয়ন ও পরিবর্তনের পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। একটি দেশ তখনই সমৃদ্ধির পথে এগিয়ে যায়, যখন নেতৃত্ব সহজ-সরল হয় এবং জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক বজায় রাখে।
রাজশাহী অঞ্চলের শিক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, এই অঞ্চল শিক্ষাক্ষেত্রে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং এর ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলাও উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মুন্সি আবু সাইফ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
১৩৬ দিন আগে
উগ্রবাদের মূল উৎস বিএনপি: ওবায়দুল কাদের
বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) দেশে উগ্রবাদের প্রধান উৎস বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এই অভিযোগ করেন।
তিনি বলেন, বিএনপি উগ্রবাদকে লালন করছে এবং বেপরোয়া রাজনৈতিক কৌশল অবলম্বন করছে।
ওবায়দুল কাদের বলেন, 'বাংলাদেশে উগ্রবাদের উৎপত্তি বিএনপির মাধ্যমে। বিএনপির তুলনায় আওয়ামী লীগ ভিত্তিহীন বাগাড়ম্বর করে না, দায়িত্বশীল আলোচনায় লিপ্ত হয়।’
আরও পড়ুন: বিএনপিকে পরবর্তী আন্দোলনের পরিবর্তে আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ কাদেরের
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 'বেপরোয়া চালকের' সঙ্গে তুলনা করে তিনি অভিযোগ করেন, বিএনপি রাজনৈতিক স্থিতিশীলতা বিঘ্নিত করতে চায়, যা তারা ঐতিহাসিকভাবে করে আসছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মর্মান্তিক হত্যাকাণ্ডের কথা তুলে ধরে ওবায়দুল কাদের বাংলাদেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করার জন্য জেনারেল জিয়াউর রহমান ও খন্দকার মোশতাককে দায়ী করেন। এ ধরনের ঐতিহাসিক নৃশংসতার দায় আওয়ামী লীগের ওপর চাপানোর বিএনপির চেষ্টার সমালোচনা করেন তিনি।
বিএনপির বর্তমান রাজনৈতিক কৌশল নিয়েও মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, সরকারের বিরুদ্ধে তাদের বারবার সমালোচনা বাস্তব ইস্যুর অভাব এবং হতাশা ও পরাজয় থেকে তাদের ভিত্তি তৈরির অপচেষ্টা।
মিয়ানমার সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা ইস্যুতে ওবায়দুল কাদের বুদ্ধিদীপ্ত কূটনীতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয় সক্রিয়ভাবে শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে যাচ্ছে। তিনি সব পক্ষের গতিবিধি পর্যবেক্ষণ এবং সংঘাত এড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বিএনপি ভুল রাজনীতির চোরাবালিতে আটকে গেছে: কাদের
৯০১ দিন আগে
সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে দেশ-বিদেশে রুখে দাঁড়াতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী
স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে দেশ-বিদেশে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
সোমবার রাতে রাজধানীর বেইলি রোডের সরকারি বাসভবন থেকে জার্মান আওয়ামী লীগ আয়োজিত ‘ইসলামে উগ্রবাদের স্থান নেই, ধর্ম ব্যবসায়ীদের প্রতিহত করুন’ র্শীষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এ আহ্বান জানান।
আরও পড়ুন: বায়তুল মোকাররমে সহিংসতা: মামুনুলসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা
রেজাউল করিম বলেন, ‘১৯৪৭ সালে দ্বি-জাতির তত্ত্বের ভিত্তিতে ভুলভাবে সৃষ্ট রাষ্ট্রের মৃত্যুবীজ অঙ্কুরেই বপন হয়েছিল। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোন রাষ্ট্রব্যবস্থা যে স্থায়ী হতে পারে না, তা সে সময় দ্রুত প্রমাণ হতে শুরু হয়েছিল। সে কারণে ভাষার ভিত্তিতে ‘বাঙালি জাতীয়তাবাদ’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশের সকল মানুষের জন্য একক পরিচয় ‘বাঙালি’-তে রূপান্তর করেছিলেন।
তিনি বলেন, ধর্মভিত্তিক পরিচিতি সকল ধর্মাবলম্বীদের জন্য ঐক্যের পথে বড় বাধা বিবেচনা করে তিনি ‘আওয়ামী মুসলীম লীগ’ এর পরিবর্তে সকলের জন্য ‘আওয়ামী লীগ’র দ্বার উন্মুক্ত করে দেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে এক কাতারে নিয়ে এসে অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠা করেন।
মন্ত্রী বলেন, ‘পাকিস্তানিরা ধর্ম ব্যবহার করে অধার্মিক ও শোষণের কাজ করে আসছিল, তা বাঙালিদের বোঝাতে সক্ষম হন বঙ্গবন্ধু। গোটা জাতিকে তিনি বাঙালি জাতীয়তাবাদের পরিচয়ে ঐক্যবদ্ধ করে পাকিস্তানিদের অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার করে তোলেন। এভাবে স্বাধীকার ও স্বাধীনতা আন্দোলনের মিছিলে সকলকে নিয়ে আসতে সক্ষম হন বঙ্গবন্ধু।’
আরও পড়ুন: দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা মেনে নেয়া হবে না: প্রাণিসম্পদমন্ত্রী
তিনি বলেন, ‘৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে দীর্ঘ ধারাবাহিকতায় ৬৯’র গণঅভ্যুত্থান, ৭০’র নির্বাচনে নিরঙ্কুশ বিজয় এবং ৭১’র মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই অসাম্প্রদায়িক বাংলাদেশের উদ্ভব হয়।
১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর আবার স্বাধীনতাবিরোধী প্রতিক্রিয়াশীল চক্র বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় নিয়ে যায় উল্লেখ করে প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ২১ বছর রাজপথে থাকা আওয়ামী লীগকে রাষ্ট্র পরিচালনায় ফিরিয়ে এনে নতুন করে দেশে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করা শুরু করেন। তখনই আবার সক্রিয় হয়ে উঠে স্বাধীনতাবিরোধীরা। অন্তত ১৯ বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালায় তারা। সর্বশেষ ২০০৪ সালে পাকিস্তানি এজেন্ট জঙ্গি জিন্দাল, হরকাতুল জিহাদ নেতা মাওলানা তাজউদ্দিনও তৎকালীন খালেদা জিয়া সরকার সরাসরি অংশগ্রহণ করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেন।’
‘সাম্প্রদায়িক যুদ্ধাপরাধীদের বিচার করা হলেও দীর্ঘ ২৫ বছর রাষ্ট্র ক্ষমতায় থাকা স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তি যেভাবে প্রতিষ্ঠা পেয়েছে, সে জঞ্জাল সমূলে বিনাশ করা আজও সম্ভব হয়নি। সে কারণে কখনো হেফাজত, কখনো জামায়াত, কখনো ২০ দলীয় জোট-নানা নামে দেশে স্বাধীনতাবিরোধীদের র্কাযক্রম দেখা যায়। তবে সরকার কঠিনভাবে তাদের মোকাবিলা করছে। সম্প্রীতির বাংলাদেশে কোনভাবেই স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তির উত্থান ঘটতে দেওয়া হবে না,’ বলেন তিনি।
আরও পড়ুন: মোদিবিরোধী বিক্ষোভ: বায়তুল মোকাররম এলাকায় পুলিশের সাথে মুসল্লিদের সংঘর্ষ
এ সময় দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তে থাকা সকল বাঙালিকে আরও তৎপরতার সাথে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
জার্মান আওয়ামী লীগের সভাপতি বসিরুল আলম সাবুর সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগ ও জার্মান আওয়ামী লীগের উপদেষ্টা অনিল দাশ গুপ্ত, সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এছাড়াও বিশ্বের ৫০টির অধিক দেশের আওয়ামী লীগ নেতারা আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
১৯৪৮ দিন আগে
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো আপস নেই: কাদের
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো আপস নেই বলে বুধবার জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
২০৫৯ দিন আগে