ইস্তাম্বুল
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা
তুরস্কের ইস্তাম্বুল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা জানানো হয়েছে।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তুরস্কের আনতালিয়ায় যাওয়ার পথে স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ইস্তাম্বুলে পৌঁছান তিনি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকের হাকতানকাচমাজ। পরে তাকে ভিভিআইপি মর্যাদায় বিমানবন্দরের ভেতরে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়।
এর আগে স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে।
বাংলাদেশ সময় সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গিয়েছিল ফ্লাইটটি।
ইস্তাম্বুল বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা যাত্রাবিরতি শেষে দুপুর ২টা ৫৫ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে আনতালিয়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
১৪ দিন আগে
আনতালিয়ার পথে ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে ও বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে তিন দিনের সফরে তুরস্কের আনতালিয়ায় যাওয়ার পথে ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে ইস্তাম্বুল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।
তিনি আরও বলেন, সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে ফ্লাইটটি আনতালিয়ার উদ্দেশে ছেড়ে যাবে। বিকেল ৪টা ৫ মিনিটে এটি আনতালিয়া বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
এর আগে ফ্লাইটটি বাংলাদেশ সময় সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
প্রধানমন্ত্রী ও তার স্ত্রীকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিদায় জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব এস এম জাহাঙ্গীর হোসেন, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ সোমবার আনুষ্ঠানিকভাবে তুরস্কের আন্তালিয়ায় শুরু হয়েছে। ২০ নভেম্বর পর্যন্ত চলা এ আয়োজনের অংশ হিসেবে ১১ ও ১২ নভেম্বর দুই দিনব্যাপী বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী জানিয়েছেন, ১২ নভেম্বর সম্মেলনের একটি পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সম্মেলনের ফাঁকে বিশ্বনেতাদের সঙ্গে তার কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথাও রয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সফরসূচি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ম্যাক্স রয়্যাল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র সচিব বলেন, এ সফরে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা ও জলবায়ু সহনশীল টেকসই উন্নয়ন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও প্রত্যাশা তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
এছাড়া সম্মেলনের ফাঁকে বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
সালাহউদ্দিন নোমান বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ। অথচ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।
এই বাস্তবতায় জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে জানান তিনি।
অন্যান্য অগ্রাধিকারের মধ্যে রয়েছে অভিযোজন অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা ও উন্নত দেশগুলোর জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা।
সম্মেলনে বাংলাদেশ জলবায়ু সহনশীলতা অর্জনে নিজেদের সাফল্যও তুলে ধরবে এবং দক্ষিণ এশিয়া ও বৃহত্তর এশীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেবে।
এছাড়া সম্মেলনের গ্রিন জোনে একটি পাট প্যাভিলিয়ন স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। সেখানে পাটের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য ও প্লাস্টিকের বিকল্প হিসেবে এর সম্ভাবনা তুলে ধরা হবে।
সম্মেলনের ফাঁকে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার ও প্রসার নিয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব।
এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় ১২ ও ১৩ নভেম্বর ব্লু জোনে দুটি সাইড ইভেন্টের আয়োজন করবে। এসব আয়োজনে জলবায়ু পরিবর্তনের কারণে নারীদের বিশেষ ঝুঁকি ও কৃত্রিম পলিমারভিত্তিক পণ্যের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার সম্প্রসারণের সুযোগের বিষয়গুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা হবে।
১২ নভেম্বর স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে আনতালিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। ফ্লাইটটি ১৩ নভেম্বর ভোর ৫টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
১৪ দিন আগে
ইস্তাম্বুলে বহুতল ভবনে আংশিক ধস, নিহত ১
তুরস্কের ইস্তাম্বুলে একটি সাততলা ভবনের আংশিক ধসে একজন নিহত হয়েছেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া ভেতরে আটকে থাকা অন্তত তিনজনের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন জরুরি উদ্ধারকর্মীরা।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরের আগে শহরের মালতেপে এলাকায় ভবনটি ধসে পড়ে।
এদিকে ধসের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। বাকি অংশ ধসে পড়ার আশঙ্কার মধ্যেই আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।
বসফরাস প্রণালির কারণে দুই ভাগে বিভক্ত শহর ইস্তাম্বুলের এশীয় অংশে থাকা ভবনটির নিচের তিনটি তলা ধসে পড়ে, যার মধ্যে নিচতলার একটি দোকানও ছিল।
ধসের পর উদ্ধারকারী দল ওপরের তলাগুলোর বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয় এবং ধ্বংসস্তূপ থেকে আরও আটজনকে জীবিত উদ্ধার করে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকারীরা একজনের মরদেহ উদ্ধার করেছেন এবং ভেতরে এখনও তিনজন রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুল জানিয়েছিলেন, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে আটকে থাকা ছয় বছর বয়সী একটি শিশুর সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন। তবে উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে শিশুটিও রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তিনি সতর্ক করে বলেন, ভবনটির বাকি অংশও ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে, যা উদ্ধারকাজ ব্যাহত করছে। নিরাপত্তার স্বার্থে আশপাশের ভবনগুলো থেকেও লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।
ইস্তাম্বুল ও তুরস্কের অন্যান্য এলাকায় পুরোনো ও ভূমিকম্পঝুঁকিপূর্ণ ভবন সরিয়ে তুলনামূলক নিরাপদ আবাসন নির্মাণের লক্ষ্যে নগর রূপান্তর কর্মসূচি চলছে।
৪৭ দিন আগে
দুর্নীতি মামলায় কাঠগড়ায় ইস্তাম্বুলের মেয়র, হতে পারে ২০০০ বছরের জেল
তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু ও তার ৪০২ জন সহযোগী বড় ধরনের দুর্নীতি মামলার বিচারের মুখোমুখি হয়েছেন। প্রেসিডেন্ট এরদোয়ানের বিরোধী এই নেতার বিরুদ্ধে ১৪২টি অভিযোগ আনা হয়েছে। এই পদক্ষেপকে বিরোদী দলকে দমনের রাজনৈতিক চেষ্টা বলে মনে করছেন সমালোচকরা।
স্থানীয় সময় সোমবার (৯ মার্চ) দেশটির আদালতে এই বিচারকার্য অনুষ্ঠিত হয়।
ইমামোগলু প্রায় এক বছর ধরে কারাগারে রয়েছেন। তিনি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ২৩ বছরের শাসনের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। গত বছরের মার্চে তাকে আটক করার পরও কারাগারে থাকা অবস্থাতেই ২০২৮ সালে অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) তাকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করে।
দুর্নীতি মামলায় অভিযুক্ত ৪০২ জন আসামির অধিকাংশই ইস্তাম্বুল মেট্রোপলিটন মিউনিসিপ্যালিটির কর্মী। ২০১৯ সাল থেকে এই প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ইমামোগলু। এই আসামিদের মধ্যে অনেকেই সিএইচপির কর্মকর্তা। এছাড়া তাদের মধ্যে কয়েকজন সাংবাদিকও রয়েছেন।
গত বছরের ১৯ মার্চ ইমামোগলুকে গ্রেপ্তার করার পর তুরস্কে টানা কয়েক সপ্তাহ ধরে সড়ক বিক্ষোভ শুরু হয়। গত দশ বছরের মধ্যে এটিই ছিল দেশটিতে সবচেয়ে বড় প্রতিবাদ আন্দোলন।
ইমামোগলুর বিরুদ্ধে মোট ১৪২টি অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে একটি হলো ২০১৫ সাল থেকে ‘ইমামোগলু ক্রিমিনাল অর্গানাইজেশন ফর প্রফিট’ নামে একটি সংগঠন গঠন করার অভিযোগ। ওই সময় তিনি ইস্তাম্বুলের বেইলিকদুজু জেলার মেয়র ছিলেন।
রাষ্ট্রপক্ষের করা ৩ হাজার ৯০০ পৃষ্ঠার ওই অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্তরা শুধুমাত্র দরপত্র কারসাজি ও ঘুষের মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখেননি। পাশাপাশি তারা সিএইচপির ভেতরে ইমামোগলুর রাজনৈতিক উত্থানকে অর্থায়ন করেছে, যা শেষ পর্যন্ত তাকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার পথে নিয়ে গিয়েছে।
যদি এসব অপরাধে তিনি দোষী সাব্যস্ত হন, তবে তার ২ হাজার বছরেরও বেশি কারাদণ্ড হতে পারে।
শুক্রবার একটি পত্রিকায় প্রকাশিত নিবন্ধে ইমামোগলু বলেন, সোমবারের এই বিচার তুরস্কের ইতিহাসে গণতন্ত্র রক্ষায় সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি। এটি জনগণের ইচ্ছাকে অবদমিত করার একটি প্রচেষ্টা।’
ইমামোগলুর বিরুদ্ধে বহু অভিযোগগুলোর মধ্যে একটি হচ্ছে ‘ইমামোগলু ক্রিমিনাল অর্গানাইজেশন ফর প্রফিট’ নামের ওই সংগঠনের মামলা। এসব মামলায় তিনি কারাদণ্ডের পাশাপাশি রাজনীতি থেকে নিষিদ্ধও হতে পারেন। অন্যান্য অভিযোগগুলোর মধ্যে রয়েছে সন্ত্রাসবাদ, গুপ্তচরবৃত্তি, বিশ্ববিদ্যালয়ে তার জাল ডিপ্লোমা ডিগ্রি এবং সরকারি কর্মকর্তাদের অপমান করার অভিযোগ।
তবে সরকারের সমালোচকদের মতে, বিরোধী দলের বিরুদ্ধে বড় পরিসরে বিচারিক অভিযান চালাচ্ছে সরকার। এতে সিএইচপির নির্বাচিত প্রার্থীরা, বিশেষ করে অন্যান্য বড় শহরের মেয়ররা সন্ত্রাসবাদ ও দুর্নীতির অভিযোগের মুখে পড়েছেন।
২০২৩ সালে কংগ্রেসে নিয়মভঙ্গের অভিযোগে সিএইচপির শীর্ষ নেতৃত্বও আইনি চাপের মধ্যে রয়েছে।
ইস্তাম্বুল মেট্রোপলিটন মিউনিসিপ্যালিটির বিরুদ্ধে হওয়া এই মামলার পরিসর এবং এর দীর্ঘ বিচারপ্রক্রিয়ার জন্য কর্তৃপক্ষ নতুন একটি আদালত ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। আদালত ভবনটি ইস্তাম্বুলের পশ্চিমে সিলিভ্রি কারাগার কমপ্লেক্সে নির্মাণ করা হচ্ছে, যেখানে ইমামোগলুসহ অনেক আসামি বন্দি রয়েছেন।
নতুন আদালত ভবনটি সম্পন্ন না হওয়া পর্যন্ত মামলায় সংশ্লিষ্টদের কারাগারে বিদ্যমান একটি আদালতকক্ষে গাদাগাদি করে শুনানিতে অংশ নিতে হবে।
সিএইচপি সদস্যদের বিরুদ্ধে মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, এটি তুলে ধরতে ইমামোগলুর সমর্থক ও মানবাধিকার সংগঠনগুলো কয়েকটি বিষয় উল্লেখ করছে। এর মধ্যে রয়েছে ইস্তাম্বুলের চিফ প্রসিকিউটরের ভূমিকা।
ইমামোগলুর সমর্থকদের মতে, আকিন গুরলেক ২০২৪ সালের শেষ দিকে ইস্তাম্বুলের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান। তার আগে তিনি উপবিচারমন্ত্রী ছিলেন। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি সিএইচপি নেতাদের বিরুদ্ধে একাধিক তদন্ত শুরু করেন। পরে গত মাসে তিনি আবার সরকারে ফিরে গিয়ে বিচারমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।
সমালোচকরা আরও বলছেন, রাষ্ট্রপক্ষ থেকে গোপন সাক্ষী ব্যবহার করা হচ্ছে, যাদের পরিচয় প্রতিরক্ষা আইনজীবীদের কাছেও গোপন রাখা হয়েছে। পাশাপাশি আসামিদের দিয়ে সহ-আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ানো হচ্ছে, যা ন্যায়বিচারের অধিকার লঙ্ঘন করে বলে দাবি করছেন তারা।
তবে দেশটির সরকার বলছে, তুরস্কের বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষ।
হিউম্যান রাইটস ওয়াচের ইউরোপ ও মধ্য এশিয়া অঞ্চলের উপপরিচালক বেঞ্জামিন ওয়ার্ড বলেন, ‘গত এক বছরে সিএইচপির বিরুদ্ধে আনা মামলাগুলোকে আমরা ফৌজদারি বিচারব্যবস্থাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের উদাহরণ হিসেবে দেখছি।’
তিনি বলেন, ‘এই মামলাগুলো বিশ্লেষণ করলে দেখা যাবে, সরকার ইমামোগলুকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চাচ্ছেন। এজন্য রাষ্ট্রপক্ষ তার দলের দুর্নাম করার চেষ্টা করছে। এর ফলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
২৬০ দিন আগে
উত্তর-পশ্চিম তুরস্কে ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত
তুরস্কের উত্তর-পশ্চিম অংশের একটি শহরে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প বুধবার আঘাত হেনেছে। দেশটির সরকার পরিচালিত ডিজাস্টার অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট প্রেসিডেন্সি বিষয়টি নিশ্চিত করেছে।
ভূমিকম্পটি ইস্তাম্বুল শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার পূর্বে দুজসে প্রদেশের গোলকায়া শহরে কেন্দ্রীভূত হয়। এটি ইস্তাম্বুল ও রাজধানী আঙ্কারায় অনুভূত হয়েছে।
দুজসের মেয়র ফারুক ওজলু বেসরকারি টেলিভিশন এনটিভিকে বলেছেন যে ভূমিকম্পের ফলে মানুষ ভবন থেকে বেরিয়ে আসে এবং এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫২
ওজলু আরও বলেন, হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক প্রতিবেদন পাওয়া যায়নি, তবে কর্তৃপক্ষ এখনও সম্ভাব্য ধ্বংস মূল্যায়ন করছে।
তুরস্ক ভূমিরূপের কারণে দেশটিতে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়।
দুজসেতে ১৯৯৯ সালে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছিল, সেসময় প্রায় ৮০০ মানুষ মারা যায়।
আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল, ঘুমন্ত ৬ জনের মৃত্যু
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ৪৬ জনের মৃত্যু, আহত ৭০০
১৪৬২ দিন আগে
ইস্তাম্বুলে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১
তুরস্কের ইস্তাম্বুল শহরের ইস্তিকলাল অ্যাভিনিউয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
এছাড়া এ হামলার দায় কুর্দি বিদ্রোহী গোষ্ঠীর হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
রবিবারের বিস্ফোরণে ছয়জন নিহত ও কমপক্ষ্যে ৮১ জন ব্যক্তি আহত হয়েছেন। ইস্তিকলাল অ্যাভিনিউটি বেশ জনপ্রিয় একটি সড়ক; যেখানে নানা দোকান ও সারি সারি রেস্তোরাঁ রয়েছে। আর এই সড়কটির মাধ্যমে বিখ্যাত তাকসিম স্কয়ারে যাওয়া যায়।
স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লুকে উদ্ধৃত করে তুরস্কের আনাদোলু এজেন্সি জানিয়েছে, যে ব্যক্তি বোমাটি রেখেছিল কিছুক্ষণ আগে আমাদের ইস্তাম্বুল পুলিশ বিভাগ তাকে গ্রেপ্তার করেছে। তিনি সন্দেহভাজন ব্যক্তির পরিচয় জানাননি তবে বলেছেন যে আরও ২১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
আরও পড়ুন: ইস্তাম্বুলে বাংলাদেশ- তুরস্ক পর্যটন সম্ভাবনা নিয়ে আলোচনা
মন্ত্রী জানিয়েছেন, প্রাপ্ত প্রমাণ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) ও এর সিরিয়ার সমর্থক পিওয়াইডি’র প্রতি ইঙ্গিত দিচ্ছে।
তিনি বলেন যে এই হামলার প্রতিশোধ নেয়া হবে।
সোয়লু বলেন, ‘ইস্তিকলাল এভিনিউতে যারা এই যন্ত্রণার মধ্য দিয়ে যেতে বাধ্য করেছে, তাদের অনেক বেশি কষ্ট দেয়া হবে।’
সোয়লু মার্কিন যুক্তরাষ্ট্রকেও দোষারোপ করেন।
তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সিরিয়ার কুর্দি গোষ্ঠীকে সমর্থন করার অভিযোগ করেন।
সোয়লু বলেন, হাসপাতালে ভর্তি হওয়া ৮১ জনের মধ্যে ৫০ জনকে ছেড়ে দেয়া হয়েছে। আহতদের মধ্যে পাঁচজন জরুরি চিকিৎসা নিচ্ছিলেন এবং তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন: ইস্তাম্বুলে বোমা হামলায় নিহত ৬, আহত ৮১
ইউক্রেনের শস্য বহনকারী জাহাজ ইস্তাম্বুলে পৌঁছেছে
১৪৭১ দিন আগে
ইস্তাম্বুলে বোমা হামলায় নিহত ৬, আহত ৮১
তুরস্কের ইস্তাম্বুলের কেন্দ্রস্থলে একটি বোমা হামলায় ছয়জন নিহত এবং কমপক্ষে ৮১ জন মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার মধ্য ইস্তাম্বুলের ইস্তিকলাল অ্যাভিনিউতে এ হতাহতের ঘটনা ঘটে।
অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, একটি বিকট বিস্ফোরণ শোনা যায় এবং একটি আলোর ঝলকানি দেখা যায়; তখন পথচারীরা ঘুরে দাঁড়ায় এবং পালিয়ে যায়।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এই বিস্ফোরণকে ‘বিশ্বাসঘাতকদের হামলা’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন এই হামলাকারীদের শাস্তি দেয়া হবে।
বিস্তারিত কিছু না বললেও এই হামলা সম্পর্কে এরদোয়ান বলেছেন এতে ‘সন্ত্রাসের গন্ধ’ ছিল।
তিনি আরও বলেছেন, ওই এলাকার ফুটেজ পর্যালোচনা করে তদন্ত চলছে।
এরদোগান ছয়জন নিহতের কথা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: মিশরের নীল ডেল্টায় খালে বাস পড়ে ২১ জনের মৃত্যু
ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে পরে আহতদের সংখ্যা ৮১ জন বলে জানিয়েছেন। যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
প্রতিবেশি গ্রিস সহ অনেক দেশ তুরস্কের ওপর এই হামলার ঘটনায় তাদের শোক প্রকাশ করেছে।
গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস বলেছেন যে তিনি ‘জঘন্য হামলার খবরে হতবাক ও দুঃখিত।’
২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে তুরস্ক একের পর এক বোমা হামলার শিকার হয়েছিল, যাতে ৫০০ জনেরও বেশি বেসামরিক নাগরিক ও নিরাপত্তা কর্মী নিহত হয়। ইসলামিক স্টেট (আইএস) কিছু হামলা করেছিল, বাকি হামলাগুলো কুর্দি বিদ্রোহী গোষ্ঠী করেছিল।
তুরস্ক বছরের পর বছর ধরে দেশটির দক্ষিণ-পূর্বের পিকেকে নামের একটি বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে। এটি তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কাছে পিকেকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচিত।
ধারাবাহিক কয়েকটি হামলার পরে তুরস্ক সিরিয়া ও উত্তর ইরাকে কুর্দি বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে আন্তঃসীমান্ত সামরিক অভিযান শুরু করে। পাশাপাশি কুর্দি রাজনীতিবিদ, সাংবাদিক ও অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে বিস্তৃত সন্ত্রাসী আইনের মাধ্যমে দমন-পীড়ন চালায়। সমালোচকরা যেটিকে ভিন্নমত দমন করার একটি উপায় বলে সমালোচনা করে।
তুরস্কের মিডিয়া ওয়াচডগ রবিবারের হামলার সম্পর্কে রিপোর্ট করার ওপর অস্থায়ী বিধিনিষেধ আরোপ করেছে। এতে বিস্ফোরণ এবং এর পরবর্তী ঘটনার ক্লোজ-আপ ভিডিও ও ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। রেডিও ও টেলিভিশনের সুপ্রিম কাউন্সিল অতীতেও বিভিন্ন হামলা ও দুর্ঘটনার পর একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে।
আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল, ঘুমন্ত ৬ জনের মৃত্যু
সিরিয়ার তাঁবু বসতিতে গোলাবর্ষণ, নিহত ৬
১৪৭২ দিন আগে
ইউক্রেনের শস্য বহনকারী জাহাজ ইস্তাম্বুলে পৌঁছেছে
শস্য সরবরাহ অবরোধ এবং সম্ভাব্য বৈশ্বিক খাদ্য সংকট রোধে একটি চুক্তির অধীনে ইউক্রেন ছেড়ে যাওয়া প্রথম জাহাজটি সোমবার তুরস্কে তার গন্তব্যে পৌঁছেছে।
তুরস্কের পতাকাবাহী পোলারনেট ১২হাজার টন ভুট্টা নিয়ে ৫ আগস্ট চোরনোমর্স্ক থেকে যাত্রা করার পর ইজমিট উপসাগরের ডেরিন্স বন্দরে নোঙর করে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এক টুইটে জানিয়েছেন,‘এটি মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার প্রতিটি পরিবারের কাছে আশার বার্তা পাঠায়: ইউক্রেন আপনাদের বঞ্চিত করবে না।’
তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শস্য চুক্তির অধীনে মোট ১২টি জাহাজ বর্তমানে যাত্রা করার অনুমতি পেয়েছে। ইউক্রেনের শস্যবাহী ১০টি জাহাজ দেশটির বাইরে অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যের উদ্দেশে এবং দুটি জাহাজ অভ্যন্তরীণ অঞ্চলের দিকে রওনা হয়েছে। ইতোমধ্যে প্রায় তিন লাখ ২২ হাজার টন কৃষি পণ্য ইউক্রেনীয় বন্দর ছেড়ে গেছে। এর বেশিরভাগ ভুট্টা, সূর্যমুখী তেল ও সয়া।
ইউক্রেন ছেড়ে যাওয়া প্রথম জাহাজ সিয়েরা লিওনের-পতাকাবাহী রেজোনি গত ১ আগস্ট কৃষ্ণ সাগরের করিডোর দিয়ে যাত্রা করে। জাহাজটি এখনও লেবাননে তার গন্তব্যে পৌঁছায়নি।
মেরিন ট্রাফিক ওয়েবসাইট অনুসারে রবিবার সন্ধ্যায় জাহাজটি তুরস্কের দক্ষিণ উপকূলে নোঙর করেছে।
আরও পড়ুন: ইউক্রেনীয় শস্য বহনকারী প্রথম জাহাজ ওডেসা বন্দর ছেড়েছে
ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৩, আহত শতাধিক
১৫৬৯ দিন আগে
ইস্তাম্বুলে বাংলাদেশ- তুরস্ক পর্যটন সম্ভাবনা নিয়ে আলোচনা
সম্প্রতি ইস্তাম্বুলস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের আয়োজনে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পর্যটন সম্ভাবনা নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধির অংশ হিসেবে তুর্কি ট্রাভেলার্স ক্লাবের সাথে যৌথভাবে ‘বাংলাদেশ: কোভিড-পরবর্তী বিশ্বব্যবস্থায় এক উদীয়মান পর্যটন গন্তব্য’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: তুরস্কে বঙ্গবন্ধুর ডাকটিকেট অবমুক্ত
আলোচনায়া বক্তারা বলেন, পর্যটন শুধুমাত্র তুরস্ক ও বাংলাদেশের জনগণের যোগাযোগ ও বোঝাপড়াকে শক্তিশালী করে না, বরং দুই দেশের মানুষের বিরাজমান সাংস্কৃতিক সেতুবন্ধনকে আরো সুদৃঢ় করে। এর ফলে ধাপে ধাপে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও শিক্ষাসহ অন্যান্য সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রসমূহে উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখবে।
কনস্যুলেট থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কনস্যুলেট জেনারেল মোহাম্মাদ মনিরুল ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, কোভিড-পরবর্তী বিশ্বব্যবস্থায় যে খাতগুলো দ্রুততার সাথে ঘুরে দাঁড়াবে এবং অর্থনীতিতে কার্যকরী অবদান রাখবে এর মধ্যে পর্যটন খাত অন্যতম।
তুর্কি ট্রাভেলার্স ক্লাবের সদস্যরা বাংলাদেশের দর্শনীয় স্থানগুলোর পাশাপাশি এর সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে জানতে পেরে বিস্ময় প্রকাশ করেন।
আরও পড়ুন: ইস্তাম্বুলের হায়া সোফিয়ায় হাজার হাজার মানুষের জুমার নামাজ আদায়
কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে প্রথম দেশ হিসেবে বাংলাদেশ সফর করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা বাংলাদেশ-তুরস্কের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী ও বেগবান করার জন্য কনস্যুলেটকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
১৯৪৩ দিন আগে
ইস্তাম্বুলের হায়া সোফিয়ায় হাজার হাজার মানুষের জুমার নামাজ আদায়
দীর্ঘ ৮৬ বছর পর ইস্তাম্বুলের ঐতিহাসিক হায়া সোফিয়ায় হাজার হাজার মুসলমান জুমার নামাজে অংশ নিয়েছেন।
২৩১৪ দিন আগে