ব্যবসায়ী
নারায়ণগঞ্জে নিখোঁজের এক দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের এক দিন পর মো. মোতালেব হোসেন (৬১) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ফতুল্লার মাসদাইর এলাকার জামতলা হাজী ব্রাদার্স রোডের এমপি গলি-সংলগ্ন সড়কের পাশ থেকে লেপ-তোশকে মোড়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোতালেব হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শিবপুর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ফতুল্লার মাসদাইর গোরস্থান এলাকায় বসবাস করতেন। তিনি মাসদাইর বাজারে একটি লাইব্রেরি ও বিকাশ এজেন্টের ব্যবসা পরিচালনা করতেন।
পুলিশ জানায়, বুধবার রাত থেকে মোতালেব হোসেন নিখোঁজ ছিলেন। পরে তার স্বজনরা ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এরপর আজ বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা সড়কের পাশে লেপ-তোশকে মোড়ানো একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার রাতেই তাকে হত্যা করা হয়েছে। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া শ্বাসরোধের পাশাপাশি গরম পানির ছ্যাঁকা দেওয়ারও আলামত পাওয়া গেছে।
তিনি আরও জানান, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
৭ দিন আগে
বগুড়ায় কুকুর নির্যাতনের অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা
বগুড়া শহরের কানছগাড়ী এলাকায় একটি কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করার অভিযোগে মো. স্বপন নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সোমবার (২৯ জুন) বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া) বগুড়া শাখার আহ্বায়ক সদস্য মো. এমরান হোসেন বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন।
মামলায় অভিযুক্ত মো. স্বপন কানছগাড়ী পুকুরপাড় এলাকার বাসিন্দা। তিনি পেশায় ফার্নিচার ব্যবসায়ী।
এজাহারে উল্লেখ করা হয়, আজ (সোমবার) দুপুরে মোবাইল ফোনে খবর পেয়ে মো. এমরান হোসেন কানছগাড়ী এলাকার ইন্ডিপেন্ডেন্ট হাসপাতালের পশ্চিম পাশের একটি গলিতে যান। সেখানে একটি সাদা-কালো রঙের কুকুরকে গুরুতর আহত অবস্থায় ড্রেনে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় দুই ব্যক্তি এসএম সাদিকুল ইসলাম ও রাফিদ ইয়াসাদের সহযোগিতায় কুকুরটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য জলেশ্বরীতলার একটি পশু চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।
এমরান হোসেন বলেন, খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাসহ জেলা প্রাণিসম্পদ বিভাগের একটি সমন্বিত চিকিৎসক দল কুকুরটিকে চিকিৎসা দেয়। চিকিৎসার পর প্রাণীটি কিছুটা সুস্থ হয়ে ওঠে।
এজাহারে আরও অভিযোগ করা হয়, ঘটনাস্থলে খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত স্বপন ধারালো কোনো বস্তু দিয়ে কুকুরটিকে আঘাত করে গুরুতর জখম করেছেন। আহত প্রাণীটির চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় এবং সংগঠনের নেতাদের সঙ্গে পরামর্শ করে থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও এজাহারে উল্লেখ করেছেন বাদী।
এ বিষয়ে অভিযোগটি গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে বগুড়া সদর থানার পক্ষ থেকে জানানো হয়েছে।
৯ দিন আগে
নরসিংদীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা
নরসিংদীর রায়পুরা উপজেলায় ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৩ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের হাঁটুভাঙ্গা রেলগেট-সংলগ্ন ভাই ভাই স্টোরে এ ঘটনা ঘটে। পরে দোকান থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রফিকুল ইসলাম মুন্সি হাঁটুভাঙ্গা গ্রামের সাহারাজ খলিফার ছেলে। তিনি দোকানে স্যানিটারি মালামাল, টাইলস ও হার্ডওয়্যার পণ্যের ব্যবসা করতেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিন তিনি রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে দোকান বন্ধ করে বাড়ি ফিরতেন। গতকাল (শনিবার) রাত ১০টার পরও তিনি বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন তাকে মোবাইলে কয়েকবার ফোন করলেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। পরে তারা দোকানে গিয়ে দেখেন, শাটার নামানো কিন্তু তাতে তালা লাগানো নেই। এরপর শাটার খুলে ভেতরে ঢুকতেই তারা রফিকুলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিক সুরতহালের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে।
পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ মর্গে পাঠানো হয়। আজ (রবিবার) সকালে সিআইডির বিশেষ ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করে। পাশাপাশি মর্গেও গিয়ে আলামত সংগ্রহ করা হবে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।
থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, রাতে টহল টিমের মাধ্যমে হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি ব্যবসায়ী রফিকুলের রক্তাক্ত মরদেহ তার দোকানের গোডাউনে পড়ে আছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আজ সকালে সিআইডির বিশেষ ক্রাইম সিন ইউনিট টিম এসে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। এরপর মর্গেও গিয়ে আলামত সংগ্রহ করবে। ঘটনাস্থলে ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
৪৬ দিন আগে
নাটোরে জ্বালানি তেল মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা
নাটোরে অবৈধভাবে মজুদ করে রাখা ১ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছেন ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় জড়িত থাকার দায়ে তেলের ডিলার মুকুল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো.আশিকুর রহমান গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহায়তায় নলডাঙ্গা উপজেলার পীরগাছা বাজারে এ অভিযান চালান।
অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা ৫০০ লিটার ডিজেল ও ৫০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। এ সময় জ্বালানি তেলের ডিলার মুকুল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেন তিনি।
পরে উদ্ধার করা তেল সরকার নির্ধারিত মূল্যে কৃষক ও মোটরসাইকেলচালকদের মাঝে বিক্রির নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত।
৭৬ দিন আগে
বিনিয়োগে চ্যালেঞ্জগুলো সম্পর্কে ব্যবসায়ীদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী
দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বিনিয়োগের পরিবেশ উন্নয়ন, শিল্পখাতের বিভিন্ন চ্যালেঞ্জ নিরসন এবং চলমান জ্বালানি সংকট মোকাবিলা নিয়ে আলোচনা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে বৈঠকটি প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলে।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফটকে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসা-বাণিজ্যসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। ব্যবসার ক্ষেত্রে যেসব সমস্যা হচ্ছে, সংকট আছে, সেগুলো দূর করার বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে। ব্যবসায়ী নেতারা তাদের কথা বলেছেন। অনেক কিছুর সমাধান হয়েছে। আবার অনেক কিছু বাকি আছে, সেগুলো আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান হবে।
বিনিয়োগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতেই আজ ব্যবসায়ীদের সঙ্গে বসা হয়েছে। তাদের কাছ থেকে প্রধানমন্ত্রী শুনেছেন, বিনিয়োগে বাধা কোথায়, ব্যবসায়ীরা বিনিয়োগের বাধা কোথায় পাচ্ছেন—এগুলোর সমাধান উনি (প্রধানমন্ত্রী) করতে চান, শিগগিরই করতে চান। ব্যবসায়ীদের কাছে সমস্যার কথা শুনেছেন এবং কিছু কিছুর সমাধান তাৎক্ষণিকভাবে দিয়েছেন। বাকিগুলো আলোচনার মাধ্যমে সমাধান দেওয়া হবে।
এ সময় বন্ধ কল-কারখানা চালুর বিষয়ে আলোচনা হওয়ার কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। যেসব কারখানা বন্ধ হয়ে গেছে, এগুলো কীভাবে চালু করা যায়; সরকারি কারখানা যেগুলো বন্ধ হয়েছে, সেগুলো কীভাবে আবার শুরু করা যায়—এসব নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, সার্বিকভাবে নতুন প্রকল্পের বাইরে যেসব পুরনো প্রকল্প বন্ধ হয়ে আছে, এগুলো চালু করার জন্য আলোচনা হয়েছে এবং এগুলার সমাধান দিয়ে আমরা আশা করি অনেক প্রকল্প চালু করা হবে।
জ্বালানি সহায়তা বিষয়ক এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশ বিভিন্ন বহুপাক্ষিক সংস্থার কাছ থেকে সহযোগিতা পাচ্ছে। আমরা সবার সহযোগিতা পাচ্ছি।
বৈঠকে ব্যবসায়ীদের মধ্যে ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, র্যাংগস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরী, এসিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির,বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত ও বিনিয়োগ কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীও উপস্থিত ছিলেন।
৯৬ দিন আগে
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
খুলনায় শেখ সোহেল (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন আফিল গেট এলাকার একটি পেট্রোল পাম্প-সংলগ্ন গ্যারেজে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসেন মাসুম।
তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, চাঁদাবাজি-সংক্রান্ত কোনো বিষয় এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।
১৩৩ দিন আগে
খেজুরে তেল মিশিয়ে বিক্রি, মানিকগঞ্জে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
মানিকগঞ্জে বাজারে খেজুরে সরিষার তেল মিশিয়ে বিক্রির অপরাধে কার্তিক চন্দ্র নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকায় বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল।
এ সময় কার্তিকের দোকানে খেজুরে সরিষার তেল মিশিয়ে বিক্রির বিষয়টি ধরা পড়ে। পরে ওই ব্যবসায়ীকে ২০ টাকা জরিমানা করা হয়। এছাড়া রোজায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে শাকসবজি, মাছ ও মাংসের দোকানেও তদারকি করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, রোজায় নিত্যপণ্যসহ ফলফলাদি, তরকারি ও মাছ-মাংসের বাজারে দাম স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান চলবে।
১৩৭ দিন আগে
সীতাকুণ্ডে পিকআপ উল্টে দুই ব্যবসায়ী নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই পান ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীরা হলেন: পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকার রমনি মোহন চৌধুরীর ছেলে কমল চৌধুরী ও হাটহাজারী থানার পশ্চিম দেওয়াননগর এলাকার মৃত ননী চৌধুরীর ছেলে সমীর চৌধুরী।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমেন জানান, পটিয়ার হাইদগাঁও ব্রাহ্মণঘাটা থেকে পানবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ে পান ব্যবসায়ী কমল, সমীর ও উজ্জল চৌধুরী মিরসরাইয়ের মিঠাচরা বাজারে পান বিক্রি করার উদ্দেশ্যে রওনা হন। পিকআপটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে কমল চৌধুরী ও সমীর চৌধুরী গুরুতর আহত হন। তবে উজ্জল চৌধুরী সামান্য আঘাত পান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কমল ও সমীর চৌধুরীকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
২০৭ দিন আগে
চীনা বিনিয়োগ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, দীর্ঘমেয়াদে আশাব্যঞ্জক নয়
চলতি বছর মার্চে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরের বড় অংশজুড়ে ছিল বাংলাদেশে বিনিয়োগে দেশটির ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করা। এর অংশ হিসেবে সাম্প্রতিক সময় বাড়ছে চীনের বেসরকারি কোম্পানিগুলোর বিনিয়োগ। তবে এ নিয়ে ব্যবসায়ী এবং অর্থনীতিবিদদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
চলতি বছর হংকংভিত্তিক কোম্পানি হান্ডা ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে সবচেয়ে বড় চীনা বিনিয়োগের ঘোষণা দিয়েছে। শুরুতে তারা ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের আশ্বাস দিলেও, পরবর্তীতে তা বাড়িয়ে ২৫০ মিলিয়ন ডলারে উত্তীর্ণ করেছে কোম্পানিটি। হান্ডা মূলত দেশের টেক্সটাইল খাতে বিনিয়োগ করবে। কোম্পানিটির দেওয়া দুটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং একটি নিট অ্যান্ড ডাইং প্রতিষ্ঠানে ২৫ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
আরেক চীনা কোম্পানি খিয়াশি চট্টগ্রামের মিরসারাইয়ে বেপজা ইকোনোমিক জোনে ৪০ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। কোম্পানিটি বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে আন্ডারগার্মেন্টেসের ব্যবসা করছে, যেখানে ৩ হাজার ৭০০ বাংলাদেশি শ্রমিক কর্মরত আছে। এর অংশ হিসেবে মিরসারাইয়েও বড় আকারে আন্ডার গার্মেন্টেসের নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা খিয়াশির।
চীনের বিখ্যাত কোম্পানি চায়না লেসো গ্রুপ বাংলাদেশে ৩২.৭৭ মিলিয়ন ডলার বিনিয়োগ নিশ্চিত করেছে। ইতোমধ্যে ন্যাশনাল স্পেশাল ইকোনোমিক জোনে কোম্পানিটিকে সাড়ে ১২ একর জমিও লিজ দিয়েছে বাংলাদেশ ইকনোমিক জোন অথরিটি (বেজা)।
এর আগের দুই কোম্পানি পোশাক খাতভিত্তিক বিনিয়োগ করলেও লেসো গ্রুপের বিনিয়োগ মূলত পিভিসি পাইপ, পিইএক্স পাইপ, সোলার প্যানেল, কিচেন ইকুইপমেন্ট, স্যানিটারি ওয়্যার, ওয়াটার পিউরিফাইয়ারসহ নানা ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য তৈরিতে।
আরও পড়ুন: ইউনানে বাংলাদেশিদের জন্য উচ্চমানের চিকিৎসাসেবার প্রতিশ্রুতি চীনের
বাংলাদেশে যখন অন্য কোনো দেশ থেকে উল্লেখযোগ্য পরিমাণে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আসছে না, সেখানে চীনের বিনিয়োগ আশার আলো, নাকি স্বাভাবিক প্রক্রিয়া তা নিয়ে আছে নানা মুনির নানা মত।
নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, ‘১৯ খাতকে চার ক্যাটাগরিতে ভাগ করে বিদেশি বিনিয়োগ নিয়ে কাজ চালাচ্ছে বিডা। সেখানে ক্যাটাগরি ‘এ’-তে থাকা অ্যাপারেল, অ্যাডভান্স টেক্সটাইল এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করেছে চীন। চীনের লেসো গ্রুপ যে বিনিয়োগ করেছে, এ ধরনের বিনিয়োগ তারা আগে বাংলাদেশে করেনি।’
ফিলিপাইন, কম্বোডিয়া, ইন্দোনেশিয়ার মতো দেশে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে চীনের অনেক কাজ থাকলেও বাংলাদেশে বেসরকারি চীনা কোম্পানির তেমন কোনো বিনিয়োগ নেই বললেই চলে। এ খাতে চীনের বিনিয়োগ দেশে দক্ষ মানবসম্পদ এবং কর্মসংস্থান গড়ে তুলতে সাহায্য করবে বলে জানান এ কর্মকর্তা।
তিনি আরও বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানি নিয়ে অনেক দেশই কাজ করছে, তারা দেশের বাইরে বিনিয়োগ করতে চায়। চীনের এই বিনিয়োগ সফল হলে অন্যান্য দেশও বাংলাদেশে বিনিয়োগ করতে উদ্বুদ্ধ হবে।’
তবে হঠাৎ করে বাংলাদেশে চীনের এমন আগ্রহকে ভূরাজনৈতিক প্রেক্ষাপটের আঙ্গিকে দেখছেন অর্থনীতিবিদরা। এর বাইরে ভিয়েতনাম, কম্বোডিয়া এবং ফিলিপাইনে যে ধরনের বিনিয়োগ হয় তার তুলনায় বাংলাদেশের বিনিয়োগ অপ্রতুল বলে মনে করেন তারা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৪ সালে দেশে মোট বৈদেশিক বিনিয়োগ এসেছে ১.২৭ বিলিয়ন ডলার, ২০২৩ সালে যা ছিল ১.৪৬ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে বৈদেশিক বিনিয়োগ কমেছে ১৯৩.৭৪ মিলিয়ন ডলার।
২০২৪ সালে চীন থেকে বাংলাদেশে বিনিয়োগ এসেছে ২০৮.২৩ মিলিয়ন ডলার, যা মোট বৈদেশিক বিনিয়োগের ১৬.৪০ শতাংশ। ২০২৩ সালে এই বিনিয়োগের পরিমাণ ছিল ২৩০.২৫ মিলিয়ন ডলার। বাংলাদেশে বেশিরভাগ চীনা কোম্পানির বিনিয়োগই টেক্সটাইল এবং তৈরি পোশাকভিত্তিক।
আরও পড়ুন: বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির ভারপ্রাপ্ত সভাপতির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
অন্যদিকে, পোশাকখাতে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামে চীনের বিনিয়োগ কয়েকগুণ বেশি। চীনের স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ভিয়েতনামে ২.৫ বিলিয়ন ডলারের ওপরে বিনিয়োগ করেছে চীন। ২০০৪ সাল থেকে ভিয়েতনামে প্রতি বছর চীনের বিনিয়োগ বেড়েছে ১৩.৫ শতাংশ।
এশিয়ার আরেক দেশ কম্বোডিয়ার বৈদেশিক বিনিয়োগের প্রায় ৫০ শতাংশের জোগানদাতা চীন। কাউন্সিল ফর দ্য ডেভলপমেন্ট অব কম্বোডিয়ার হিসাব অনুযায়ী, বিগত এক দশকে দেশটিতে চীনের বিনিয়োগ ছাড়িয়েছে ৩০ বিলিয়ন ডলার। রিজিওনাল কম্প্রেহেনসিভ ইকনোমিক পার্টনারশিপ (আরসিইপি) এবং চায়না-কম্বোডিয়া ফ্রি ট্রেড এগ্রিমেন্টের (সিসিএফটিএ) আওতায় প্রতি বছর বাড়ছে দেশদুটির দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিধি।
এ অবস্থায় চলতি বছর বাংলাদেশে তিন চীনা কোম্পানির ৩২২ মিলিয়ন ডলারের বিনিয়োগ এবং প্রধান উপদেষ্টাকে প্রতিশ্রুত ১ বিলিয়ন ডলারের আশু বিনিয়োগ ‘বড় কিছু নয়’ উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক এম এম আকাশ বলেন, ‘সাধারণত এখন বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ আসার কথা না। তবে ভূ-রাজনৈতিক জায়গা থেকে বাংলাদেশে চীন তাদের ব্যবসার পরিধি বিস্তৃত করতে চাইছে। তার অংশ হিসেবেই এই বিনিয়োগ।’
চীন-যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্যযুদ্ধের মাঝে গেল এপ্রিলে চীনের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের ৫৫ শতাংশ ট্যারিফের ক্ষতি এড়াতে দেশটি বিকল্প পথ হিসেবে অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশকেও বেছে নিয়েছে উল্লেখ করে আকাশ জানান, ‘ভূ-রাজনৈতিক কারণে দেশে কিছু বিনিয়োগ আসছে বটে, তবে প্রত্যাশার তুলনায় তা অপ্রতুল।’
চীনের সঙ্গে এমন বাণিজ্য ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন এই অর্থনীতিবিদ।
তবে এখানে শঙ্কার কিছু নেই উল্লেখ করে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ফেলো গবেষক অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘দ্বিপাক্ষিক এ সম্পর্কের জায়গায় বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ হওয়ার সুযোগ নেই। ভিয়েতনাম-কম্বোডিয়ায় বাংলাদেশের চেয়েও কয়েক গুণ বড় বিনিয়োগ আছে চীনের।’
আরও পড়ুন: বাংলাদেশের প্রধান খাতগুলোতে বিনিয়োগে আগ্রহী চীনা ব্যবসায়ীরা: বিডা
এই বিনিয়োগ ব্যতিক্রম কিছু নয় উল্লেখ করে মোস্তাফিজুর বলেন, ‘বাংলাদেশ ইউরোপ, কানাডা এবং অস্ট্রেলিয়ার বাজারে এখনো ডিউটি ফ্রি সুবিধা পাচ্ছে। এই সুবিধা কাজে লাগাতেই চীন বাংলাদেশে বিনিয়োগ করছে। এ ছাড়া চীন এশিয়ার বাজারে নিজেদের বিস্তৃতি বাড়াচ্ছে। এমন নয় যে ভিয়েতনাম বা কম্বোডিয়ার বাজার স্থানান্তর হয়ে বাংলাদেশে আসছে।’
দেশের তৈরি পোশাকখাতে (আরএমজি) চলতি সময়ে চীনের বিনিয়োগকে আলাদা গুরুত্ব দিচ্ছেন না দেশীয় ব্যবসায়ীরাও। তারা বলছেন, ভিয়েতনাম এবং কম্বোডিয়ায় চীন আধুনিক প্রযুক্তির ম্যানুফেকচারিং এবং ইলেকট্রনিক্স কারখানা স্থাপন করছে। সেখানে বাংলাদেশে গড়পড়তা গার্মেন্টস কারখানা কর্মসংস্থান সৃষ্টি করছে ঠিকই, কিন্তু উন্নত প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে পারছে না।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারারস অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, ‘দেশের আরএমজি খাত দেশীয় ব্যবসায়ীদের দ্বারাই স্বয়ংসম্পূর্ণ। এ খাতে চীনের বিনিয়োগ যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হাইটেক ইলেকট্রনিক্স খাতে। ভিয়েতনাম-কম্বোডিয়ায় চীন সেমিকন্ডাক্টর বানাচ্ছে, আর বাংলাদেশে গড়ে তুলছে গড়পড়তা পোশাক কারখানা। এতে করে দেশের কর্মসংস্থানে দক্ষতা একমুখী হয়ে পড়ছে।’
চীন গত কয়েক বছর ধরে বাংলাদেশে বিনিয়োগ করলেও প্রযুক্তিগত দক্ষতা ট্রান্সফার হচ্ছে না উল্লেখ করে শামীম জানান, বাংলাদেশে উল্লেখযোগ্য পরিমাণ পলিস্টার স্পিনিং কারখানা নেই, নেই বাইওক্সিয়ালি ওরিয়েন্টেড পলিপ্রোপেলিন (বিওপিপি) ফিল্ম কারখানা।
এসব পণ্যে বাংলাদেশ প্রায় পুরোটাই আমদানি নির্ভর। চীনের উচিত ছিল আরএমজি বা ম্যানুফেকচারিংয়ে এসব পণ্যে বিনিয়োগ করা। এতে করে বাংলাদেশ নতুন প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠত, রপ্তানি খাতেও বৈচিত্র্য আসতো বলে মনে করেন এ ব্যবসায়ী।
সাম্প্রতিক চীনা বিনিয়োগ দেশের অর্থনীতিতে সাময়িক সুফল আনলেও দীর্ঘমেয়াদে এর প্রভাব তেমন একটা আশাব্যঞ্জক নয় বলেই মত অর্থনীতিবিদ এবং ব্যবসায়ীদের। তবে বিডা সংশ্লিষ্টদের প্রত্যাশা, চীনের এই বিনিয়োগের মাধ্যমে এফডিআই খরা কাটতে শুরু করলে দেশের অন্যান্য খাতেও বৈদেশিক বিনিয়োগ আসতে শুরু করবে।
৩২৩ দিন আগে
খুলনায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
খুলনার দক্ষিণপাড়া এলাকায় বাবলু দত্ত (৫০) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৯টার দিকে নগরীর হরিণটানা থানাধীন রাজবন্ধ এলাকার দক্ষিণ পাড়ায় ঘটনাটি ঘটে।
নিহত বাবুল দত্ত দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা অমূল্য দত্তের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বাইরের কাজ শেষ করে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন বাবলু। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে ফাঁকা একটি প্লটের মধ্যে নিয়ে যায়। সেখানে নিয়ে গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করে তারা চলে যায়। পরবর্তীতে ঘটনাটি জানতে পেরে রাত সাড়ে ১০টার দিকে পুলিশকে খবর দেওয়া হয়।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ
হরিণটান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কী কারণে বাবলুকে হত্যা করা হয়েছে, তা এখন বলা সম্ভব হচ্ছে না। তবে নিহত ব্যক্তি বালু ও জমির ব্যবসা করতেন। ধারালো ছুরি দিয়ে তাকে হত্যা করা হয়েছে।’
তিনি জানান, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
৩৭৭ দিন আগে