গ্যাস
ভাটারায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ মামা-ভাগনির মৃত্যু
রাজধানীর ভাটারা থানাধীন নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধের ঘটনায় মো. শাহীন (২৪) ও তাদের ভাগ্নি হাফছা (৮) চিকিৎসাধীন অবস্থায় অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শাহীনের মৃত্যু হয়। এর আগে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে মারা যায় হাফছা।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ভাটারা এলাকায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে আমাদের এখানে তিনজন এসেছিলেন। তাদের মধ্যে শাহিন আজ সকাল ৬টায় আইসিইউতে মারা যান। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। গতকাল রাত ১২টার দিকে আইসিইউতে তার ভাগ্নি হাফছাও মারা যায়। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।
তিনি আরও জানান, এ ঘটনায় শাহিনের স্ত্রী ফাহিমা হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে এবং তার অবস্থাও আশঙ্কাজনক।
এর আগে, মঙ্গলবার (২১ জুলাই) ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. জসিম জানান, দগ্ধ শাহীন একটি দোকানের কর্মচারী ছিলেন। তিনি পরিবার নিয়ে ভাটারার নতুন বাজার ১০০ ফিট রোডের একটি ছয়তলা ভবনের নিচতলায় থাকতেন। ওইদিন ভোরে গ্যাস লাইন লিকেজ থেকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে দগ্ধ অবস্থায় তাদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
৫ দিন আগে
সিলেটে খনন হচ্ছে নতুন তিনটি কূপ, ৩ কোটি ঘনফুট গ্যাস পাওয়ার আশা
দেশের গ্যাস সংকট মোকাবিলা এবং ব্যয়বহুল এলএনজির ওপর আমদানি নির্ভরতা কমাতে নতুন তিনটি গ্যাস ও তেলের কূপ খননের উদ্যোগ নিয়েছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড। কূপগুলোর কাজ শেষ হলে জাতীয় গ্রিডে প্রতিদিন আরও ৩ কোটি (৩০ মিলিয়ন) ঘনফুট গ্যাস যোগ হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ১৭টি কূপ থেকে প্রতিদিন প্রায় ১৪ কোটি ২০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হচ্ছে। নতুন কূপ চালু হলে এ সরবরাহ আরও বাড়বে।
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক হোসেন জানান, খননের জন্য নির্ধারিত ৮টি কূপের মধ্যে এখনও তিনটির কাজ বাকি রয়েছে। এগুলো হলো: রশিদপুর-১৩, ডুপিটিলা-১ ও কৈলাশটিলা-৯।
তিনি বলেন, বর্তমানে প্রতিষ্ঠানটি প্রতিদিন ১৪২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করছে। বাকি তিনটি কূপের ড্রিলিং শেষ হলে আরও ৩০ মিলিয়ন (৩ কোটি) ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করা সম্ভব হবে।
জ্বালানি বিশেষজ্ঞদের মতে, প্রতিবছর বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় করে এলএনজি আমদানির পরিবর্তে দেশীয় গ্যাস ও তেল অনুসন্ধানে আরও জোর দিতে হবে। তাদের মতে, স্থলভাগের পাশাপাশি সমুদ্রেও উল্লেখযোগ্য গ্যাস ও তেলের মজুত থাকার সম্ভাবনা রয়েছে। তাই দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে দ্রুত সমন্বয়ের মাধ্যমে অনুসন্ধান কার্যক্রম সম্প্রসারণ জরুরি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম ফরহাদ হাওলাদার বলেন, দেশীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত অনুসন্ধান কার্যক্রম এগিয়ে নেওয়া প্রয়োজন।
১৯৫৫ সালে দেশের প্রথম প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড। পেট্রোবাংলার অধীন রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটির উৎপাদিত জ্বালানি তেল বর্তমানে দেশের পেট্রোলের ৩০-৩৫ শতাংশ, অকটেনের ১২-১৫ শতাংশ, ডিজেলের প্রায় ৯ শতাংশ এবং কেরোসিনের প্রায় ২ শতাংশ চাহিদা পূরণে ভূমিকা রাখছে।
১০ দিন আগে
মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত টানা ১৬ ঘণ্টা দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
সোমবার (৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা গাজীপুর ডিভিশনের আওতাধীন জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা (পল্লী বিদ্যুৎ), কালিয়াকৈড় ও মির্জাপুর এলাকার ১০ ইঞ্চি ও ২০ ইঞ্চি, ১৪০ পিএসআইজি লাইনের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
এর ফলে ওই অঞ্চলের আওতাধীন জয়দেবপুর থেকে টাঙ্গাইলের কুমুদিনী পর্যন্ত সব ধরনের শিল্পকারখানা, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট এবং সিএনজি রিফুয়েলিং স্টেশনের গ্যাস সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকবে।
এ ছাড়াও এই দীর্ঘ সময়ে আশেপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বা লো-প্রেসার বিরাজ করতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
২৪ দিন আগে
রাজধানীর কলাবাগানে সেপটিক ট্যাঙ্কের গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩
রাজধানীর কলাবাগানে একটি সাততলা ভবনের নিচ তলায় সেপটিক ট্যাঙ্কে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন।
বুধবার (১জুলাই) দিবাগত রাত পৌনে ১২টার দিকে কলাবাগান থানার কাঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন— মো. জুয়েল (২০), মো. রানা (২২) ও মো. পারভেজ (২১)।
জুয়েলের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বাংখালী গ্রামে। তার বাবার নাম সবুজ মিয়া। রানা একই এলাকার সোনা মিয়ার ছেলে এবং পারভেজ একই এলাকার মানিক মিয়ার ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কলাবাগান এলাকা থেকে জুয়েলকে শরীরের ৩০ শতাংশ, রানাকে ৬৩ শতাংশ এবং পারভেজকে ২১ শতাংশ দগ্ধ অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। তাদের ভর্তি করা হয়েছে। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় রানা ও জুয়েলকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।
পারভেজকে জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজন হলে তাকেও আইসিইউতে স্থানান্তর করা হতে পারে।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মো. রাজিব জানান, তিনজনই পান্থপথের একটি ফার্নিচারের দোকানে শ্রমিক হিসেবে কাজ করতেন। রাতে তারা কাঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিটের একটি সাততলা ভবনের নিচতলায় জুয়েলের বাসায় ছিলেন। এ সময় হঠাৎ সেপটিক ট্যাঙ্কে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে তারা দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।
২৮ দিন আগে
রবিবার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বেশ কিছু এলাকায় রবিবার থেকে ২৪ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল মোড়ে বিদ্যমান সঞ্চালন ও গ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য ভূলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার ও কাঞ্চন এলাকায় এই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (২৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (২৮ জুন) সকাল ৯টা থেকে সোমবার (২৯ জুন) সকাল ৯টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা ভূলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার ও কাঞ্চন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়, কাজ চলাকালে আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বা সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকার পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
৩২ দিন আগে
নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১২
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাট এলাকায় একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছেন।
বুধবার (১৩ মে) দুপুর পৌনে ২টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
দগ্ধরা হলেন—রামিজুল (১৫), মনির হোসেন (৪৫), বদরুল হুদা (৯), তুহিন শেখ (৩০), সুপ্রভাত ঘোষ (৪২), ওসমান গনি (৩০), আল আমিন (৩০), নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), শংকর (২৫), কাওসার (৩০) ও আমির (২৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, নারায়ণগঞ্জের মেঘনাঘাট এলাকা থেকে দগ্ধ অবস্থায় ১২ জনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের ড্রেসিং চলছে। এখনও পর্যন্ত তাদের শরীরে দগ্ধের পরিমাণ জানা যায়নি।
৭৭ দিন আগে
এলএনজি টার্মিনাল বিকল, রাজধানীসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি
বাংলাদেশে থাকা দুটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) বা এলএনজি টার্মিনালের মধ্যে একটি কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় গ্যাসের সরবরাহ প্রায় ৪০০ এমএমসিএফডি হ্রাস পেয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) তিতাস গ্যাসের মিডিয়া ও জনসংযোগ শাখার ব্যবস্থাপক মো. আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাসের সরবরাহ হ্রাসের ফলে গজারিয়া, মেঘনা ঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জ ও ঢাকা দক্ষিণসহ সমগ্র তিতাস গ্যাস-অধিভুক্ত এলাকায় স্বল্পচাপ বিরাজ করবে।
এ পরিস্থিতিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং তা পুনরায় গ্যাসে রূপান্তরের (রিগ্যাসিফিকেশন) জন্য বাংলাদেশে দুটি এফএসআরইউ পরিচালিত হয়, যা দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি ইউনিট বিকল হয়ে যাওয়ার অর্থ হলো দৈনিক গ্যাস সরবরাহে উল্লেখযোগ্য পরিমাণ হ্রাস পাওয়া।
১০০ দিন আগে
কুমিল্লার ৫ নম্বর কূপ উদ্বোধন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
কুমিল্লা শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ গ্যাস কূপ থেকে জাতীয় গ্রিডে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (১৪ মার্চ) সকালে কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল মুকলিশপুরে এই কূপ উদ্বোধন করা হয়। এ নিয়ে কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫টি কূপ থেকে প্রতিদিন ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, আমদানি-নির্ভর করে দেশের জ্বালানি খাতকে ঝুঁকির মধ্যে ফেলে গেছে বিগত সরকার। যে কারণে বৈশ্বিক সংকটে আমরা ঝুঁকির মধ্যে পড়ছি এবং ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমরা চাই নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে। স্বয়ংসম্পূর্ণ এবং স্বাবলম্বী হলে যেকোনো ধরনের ঝুঁকি থেকে সহজে উত্তরণ হওয়া যাবে।
তিনি বলেন, বিগত সরকার বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডকে (বাপেক্স) পঙ্গু করে রেখেছিল, যার ফল আমরা এখন পাচ্ছি। আমরা বাপেক্সের সক্ষমতা বাড়াতে চাই, তাদের স্বাধীনভাবে কাজ করতে দিতে চাই।
অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, জ্বালানি খাতে সরকার স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে চায়। আগামী ৫ বছর পর এ দেশের গ্যাসের চাহিদা হবে সাড়ে ৪ হাজার ঘনফুট, যা আমরা নিজেদের ক্ষেত্র থেকেই সরবরাহ করার সক্ষমতা অর্জন করব।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসালম, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. এরফানুল হক, পেট্রোবাংলার পরিচালক (অপারেশনস) রফিকুল ইসলাম, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুল হক ও প্রকল্প পরিচালক মোজাম্মেল হক।
শ্রীকাইল গ্যাসক্ষেত্র কূপ-৫-এর উপ-প্রকল্প পরিচালক মো. আব্দুল বাতিন জানান, গত বছর ২৮ সেপ্টেম্বর থেকে এই কূপ খনন শুরু হয়েছিল। এ বছর জানুয়ারিতে সে খনন কাজ শেষ হয়। আজ ১৪ মার্চ এই কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হলো। এই কূপে ৪০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে বলে জানিয়েছেন মো. আব্দুল বাতিন।
১৩৭ দিন আগে
সোমবার মধ্যরাত পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে
রক্ষণাবেক্ষণের জন্য একটি এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। এ কারণে তিতাস গ্যাসের আওতাভুক্ত এলাকায় সব শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানায়, এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসিক, বাণিজ্যিক ও শিল্প—সব ধরনের গ্রাহকই কম চাপের কারণে ভোগান্তিতে পড়তে পারেন। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করেছে কোম্পানিটি।
১৬৪ দিন আগে
দুপুর থেকে গ্যাস থাকবে না সিলেটের যেসব এলাকায়
জরুরি সংস্কার কাজের কারণে আজ সোমবার সিলেট মহানগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক মো. আব্দুল মুকিতের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার (৫ জানুয়ারি) দুপুর আড়াইটা থেকে রাত ৮টা পর্যন্ত খাদিম ডিআরএস থেকে চামেলিবাগ, নূরপুর, মোহাম্মদপুর, পূরবী আবাসিক এলাকা, ইসলামপুর, শ্যামলি আবাসিক এলাকা, টেক্সটাইল রোড, রাজপাড়া, মেজরটিলা, টিলাগড় পয়েন্ট, লামাপাড়া ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, কারিগরি কারণে কাজ শেষ হওয়ার সময় কিছুটা কম বা বাড়তে পারে।
মো. আব্দুল মুকিত গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
২০৬ দিন আগে