চেয়ারম্যান
৮ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ
দেশের ৮টি উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে আগামী এক বছরের জন্য নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (খুউক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এস এম শফিকুর আলম। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়া হয়েছে প্রকৌশলী বেলায়েত হোসেনকে এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (রউক) নতুন চেয়ারম্যান হয়েছেন মো. আবুল কালাম আজাদ।
একই দিনে জারি করা অন্য প্রজ্ঞাপনগুলোর মাধ্যমে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে রেজাউল হাসান লোদী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে মো. সামসুজ্জামান সামু, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে মোতাহার হোসেন তালুকদার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে উদবাতুল বারী আবু এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে মাশুকুল ইসলাম রাজিবকে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন নিয়োগ পাওয়া এই ৮ চেয়ারম্যানের ক্ষেত্রে শর্ত দেওয়া হয়েছে যে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাদের এই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
এছাড়া, অপর এক প্রজ্ঞাপনে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দীনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।
৩ দিন আগে
হবিগঞ্জে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ নিয়ে সংঘর্ষ, ওসিসহ আহত ৫০
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানার ওসিসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
সোমবার (৮ জুন ) সকালে উপজেলার বড়ইউড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি ফরিদ মিয়া জুলাই আন্দোলনের মামলায় কারাগারে ছিলেন। এ সময় তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান এবং স্থানীয় যুবদল নেতা কফিল উদ্দিন।
সম্প্রতি কারাগার থেকে বের হন ফরিদ আহমেদ। তিনি হাইকোর্টের আদেশে স্বপদে পুনর্বহাল হন। তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কফিল উদ্দিন দায়িত্ব হস্তান্তরে গড়িমসি করতে থাকেন।
এদিকে, সোমবার সকালে চেয়ারম্যান ফরিদ আহমেদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিএফ চাল বিতরণ শুরু করেন। সেই কার্যক্রমে কফিল উদ্দিন বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই দলের মধ্যে সংঘর্ষ চলে। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে উভয় পক্ষ একে অপরের ওপর হামলা করে। সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হকসহ ৪ জন আহত হন।
পুলিশ জানায়, ঘটনাস্থলে সংঘর্ষ থামাতে লাঠিচার্জ করতে হয়েছে। এছাড়া সেখানে পাঁচটি সাউন্ড গ্রেনেড ও তিন রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
৬ দিন আগে
বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন দেশের অন্যতম শীর্ষ করপোরেট ব্যক্তিত্ব মাসুদ খান।
পাশাপাশি তিন কমিশনার হিসেবে নারী আইনজীবী নাহিদ মাহতাব, আশা ইন্টারন্যাশনালের ফাইন্যান্স ডিরেক্টর তানভীর হাবিব রহমান এবং ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাফিজ-আল-তারিক নিয়োগ পেয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বিএসইসির শীর্ষ পদে মাসুদ খানের নাম চূড়ান্ত করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমানে ক্রাউন সিমেন্ট পিএলসির গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালনরত মাসুদ খানকে বিএসইসি আইন, ১৯৯৩-এর ৫(২) ধারা অনুযায়ী চার বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তবে দায়িত্ব গ্রহণের আগে তাকে ক্রাউন সিমেন্টসহ অন্যান্য প্রতিষ্ঠানের চাকরি ও পেশাগত সম্পৃক্ততা থেকে অব্যাহতি নিতে হবে। চেয়ারম্যান হিসেবে তিনি সরকারের নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
চার দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন মাসুদ খান বহুজাতিক ও দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশের স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের স্বতন্ত্র পরিচালক এবং প্রতিষ্ঠানটির নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে ছিলেন।
ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি ১৮ বছর লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ছিলেন। এর আগে প্রায় দুই দশক ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে বিভিন্ন আর্থিক ও নেতৃত্বমূলক পদে কাজ করেন।
মাসুদ খান চার দশকেরও বেশি সময় ধরে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইক্যাব) সঙ্গে শিক্ষক হিসেবে যুক্ত রয়েছেন।
তিনি ভারতের কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বাণিজ্যে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। তিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) ও কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট। ১৯৭৭ সালে অল-ইন্ডিয়া চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পরীক্ষায় রৌপ্যপদক লাভ করেন। এছাড়া তিনি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ইনস্টিটিউট অব সার্টিফায়েড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টসের ফেলো।
অন্তর্বর্তী সরকারের সময়ে ২১ মাস দায়িত্ব পালন শেষে আজ বৃহস্পতিবার সকালে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন পদত্যাগ করার কয়েক ঘণ্টার মধ্যেই মাসুদ খানের নিয়োগের ঘোষণা এল।
এর আগে, গত ৩০ এপ্রিল জাতীয় সংসদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০২৬ পাস হয়। নতুন আইনে চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে আগের ৬৫ বছর বয়সসীমা বাতিল করা হয়েছে।
সরকারের ভাষ্য অনুযায়ী, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থায় অধিক অভিজ্ঞ ও দক্ষ পেশাজীবীদের নিয়োগের সুযোগ তৈরি করতেই এই সংশোধনী আনা হয়েছে।
১১ দিন আগে
বিএসইসির চেয়ারম্যান ও চার কমিশনারের পদত্যাগ
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও সংস্থাটির চার কমিশনার পদত্যাগ করেছেন। টানা ২১ মাস দায়িত্ব পালনের পর ব্যক্তিগত কাজে মনোনিবেশের লক্ষ্যে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন রাশেদ মাকসুদ।
বৃহস্পতিবার (৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তারা পদত্যাগপত্র জমা দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিএসইসির যে চার কমিশনার পদত্যাগ করেছেন তারা হলেন—মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফউদ্দিন।
সরকার আগামী দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠনের ঘোষণা দেওয়ার কয়েকদিনের মধ্যেই এই পদত্যাগের ঘটনা ঘটল। এর ফলে কমিশন এখন শূন্য। আইন অনুযায়ী, একজন চেয়ারম্যান ও চারজন কমিশনার নিয়ে কমিশন গঠন করা হয়।
সম্প্রতি অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী কমিশন পুনর্গঠনের পরিকল্পনার কথা জানান।
খন্দকার রাশেদ মাকসুদ ২০২৪ সালের ১৮ আগস্ট চার বছরের মেয়াদে বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। অন্যদিকে মহসিন চৌধুরী ২০২৪ সালের ২ জুন, আলী আকবর ২৮ আগস্ট, ফারজানা লালারুখ ৩ সেপ্টেম্বর এবং সাইফউদ্দিন ২০২৫ সালের ২৯ জুলাই কমিশনার হিসেবে যোগ দেন।
এ বিষয়ে রাশেদ মাকসুদ এক বিবৃতিতে বলেন, দেশের পুঁজিবাজারের অন্যতম অস্থির সময়ে তিনি ও তার দল কমিশনের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেছিলেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই আইনি কাঠামো ও বাজার শৃঙ্খলা পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়।
তিনি জানান, তার নেতৃত্বে গত ২১ মাসে মার্জিন, প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও, মিউচুয়াল ফান্ড, ঋণপত্র এবং হুইসেলব্লোয়ার সংক্রান্ত পাঁচটি বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি করপোরেট গভর্ন্যান্স, অডিট ও করপোরেট পুনর্গঠন বিষয়ে তিনটি খসড়া বিধিমালা ও নির্দেশিকা জনমত গ্রহণের জন্য প্রকাশ করা হয়েছে।
এছাড়া ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন’ এবং ‘ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড আইন’ নামে দুটি আইনের খসড়া প্রস্তুত করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) কাছে পাঠানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কমিশন কমপ্লায়েন্স ও এনফোর্সমেন্ট কার্যক্রমে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক হস্তক্ষেপের বিভিন্ন পদ্ধতি বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বাজার, মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ও ইস্যুযারদের স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হয়েছে।
বিনিয়োগকারী সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রেও কমিশন উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে দাবি করেন রাশেদ মাকসুদ। তার ভাষ্য অনুযায়ী, ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার, শিক্ষার্থীদের অংশগ্রহণে স্বল্পদৈর্ঘ্য ভিডিও প্রতিযোগিতা এবং তৃণমূল পর্যায়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
পদত্যাগের ঘোষণায় রাশেদ মাকসুদ বিএসইসির কর্মকর্তা-কর্মচারী, পুঁজিবাজার-সংশ্লিষ্ট অংশীজন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, একটি উদ্যমী ও দক্ষ দল কমিশনে গড়ে উঠেছে, যারা ভবিষ্যতে পুঁজিবাজারের উন্নয়নে আরও ভূমিকা রাখতে সক্ষম হবে।
এদিকে, তার পদত্যাগের খবরে অনেক সাধারণ বিনিয়োগকারী ও পুঁজিবাজার-সংশ্লিষ্ট ব্যক্তি সন্তোষ প্রকাশ করেছেন।
গত কয়েক মাস ধরে চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন করে আসছিলেন। একই দাবিতে বিভিন্ন সময়ে সাধারণ বিনিয়োগকারীরাও মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার পুনর্গঠনের অংশ হিসেবে সরকার শিগগিরই নতুন নেতৃত্ব ঘোষণা করবে বলে জানিয়েছে সূত্র।
১১ দিন আগে
বিআইডব্লিউটিএ’র নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম
নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মুহিদুল ইসলাম।
মুহিদুল ইসলামকে প্রেষণে এই পদে নিয়োগ দিয়ে তাঁর চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করে মঙ্গলবার (২ জুন) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের পদে রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফার স্থলাভিষিক্ত হবেন তিনি।
এর আগে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (নিরাপত্তা) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি কিশোরগঞ্জ ও রাজবাড়ীসহ বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি।
মুহিদুল ইসলাম ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের অধীন বিশ্ব নৌ বিশ্ববিদ্যালয় থেকে মেরিটাইম অ্যাফেয়ার্স বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন।
১২ দিন আগে
ক্ষমতার দাপট দেখানো সেই চেয়ারম্যান স্বপদে ফিরলেন, শাস্তি পেলেন ইউএনও
উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ক্ষমতার দাপট দেখিয়ে বরখাস্ত হওয়া নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভুঁইয়া আদালতের রায়ে স্বপদে ফিরেছেন।
রবিবার (১ মার্চ) নেত্রকোনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আরিফুল ইসলাম সরদারের সই করা এক আদেশে তাকে স্বপদে বহালের নির্দেশ দেওয়া হয়।
এদিকে, একই দিনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর সই করা এক প্রজ্ঞাপনে কলমাকান্দা ইউএনও মাসুদুর রহমানকে প্রত্যাহার করা হয়। তাকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।
নেত্রকোনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আরিফুল ইসলাম সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।
সাইদুর রহমান ভুঁইয়া জেলার কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লেংগুড়া বাজারে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে মার্কেট নির্মাণের অভিযোগ ওঠে চেয়ারম্যানের ভাই মো. পারভেজসহ কয়েকজনের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে গত ১৭ জানুয়ারি বিকেলে ইউএনও মাসুদুর রহমান ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে মো. পারভেজকে আটক করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হন সাইদুর রহমান ভুঁইয়া। এ সময় উপজেলা প্রশাসনের লোকজনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি ইউএনওকে উদ্দেশ্য করে বলেন, ‘কার অনুমতিতে এসেছেন? আমার ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করতে হলে আগে আমাকে জানাতে হবে।’ তখন ইউএনও বলেন, ‘এটা কোন আইনে আছে?’ পাল্টা জবাবে তিনি বলেন, ‘চেয়ারম্যানের আইনে আছে।’
এমন কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চারদিকে সমালোচনার ঝড় ওঠে। পরে গণমাধ্যমেও এ নিয়ে সংবাদ প্রকাশ হয়। এদিকে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানান ইউএনও।
পরদিন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. মোতাছেম বিল্যাহর সই করা এক প্রজ্ঞাপনে চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে ওই ইউনিয়নে প্রশাসক নিয়োগ করা হয়।
এদিকে, ২০ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সামিউল আমিনের সই করা প্রজ্ঞাপনে ইউএনও মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলির আদেশ দেওয়া হয়। এই খবর পেয়ে ইউএনওর বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করে স্থানীয় লোকজন। পরে বদলির আদেশ বাতিল করা হয়।
অন্যদিকে, চেয়ারম্যান পদ ফেরত চেয়ে উচ্চ আদালতে রিট করেন সাইদুর রহমান ভুঁইয়া। গত ২৫ জানুয়ারি আদালত তার সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন। পরে গতকাল (রবিবার) সাইদুর রহমানকে স্বপদে বহালের আদেশ দেয় নেত্রকোনার স্থানীয় সরকার বিভাগ। পাশাপাশি ওই ইউনিয়নে প্রশাসক নিয়োগের আদেশ বাতিল করা হয়।
১০৫ দিন আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
মঙ্গলবার (২৬ আগস্ট) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাহফুজা জেরিনের সই করা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয় বাংলাদেশ বিমান (রহিত বাংলাদেশ বিমান অধ্যাদেশ ১৯৭২ পুনর্বহাল এবং সংশোধন) আইন, ২০২৩ এর ধারা ৩০(সি) এ অর্পিত সরকারের ক্ষমতাবলে 'কোম্পানি আইন ১৯৯৪ এর আওতায় প্রণীত আর্টিকেল অব এসোসিয়েশন অব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের অনুচ্ছেদ-৫১ এর আওতায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে এতে উল্লেখ করা হয়।
২৯২ দিন আগে
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান। বুধবার (২৩ জুলাই) ব্যাংকের বোর্ড সভায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন তিনি। এর আগে তিনি ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন জুবায়দুর।
অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ফিন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক-এ অধ্যাপক, ইতালির ইউনিভার্সিটি অব বোকোনিতে ভিজিটিং প্রফেসর, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয়, আরবানা শ্যাম্পেইন এবং রাশিয়ার মস্কো স্টেট ইউনিভার্সিটিতে ভিজিটিং স্কলার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকার জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস’র (জুমস) প্রতিষ্ঠাতা উপাচার্য।
বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা অধ্যাপক রহমান উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির দেশগুলোতে বিভিন্ন কোম্পানি, সরকারি এবং আন্তর্জাতিক সংস্থার একজন অভিজ্ঞ স্বতন্ত্র উপদেষ্টা। তিনি কৌশলগত পরামর্শ এবং পরিবর্তন ব্যবস্থাপনা প্রক্রিয়া নিয়ে কাজ করে থাকেন। আর্থিক জবাবদিহিতা এবং কর্পোরেট গভর্ন্যান্স বিষয়ক ব্যবস্থাপনায় তার দক্ষতা রয়েছে।
পড়ুন: বড় উত্থানে লেনদেন চলছে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে
অধ্যাপক ড. এম জুবায়দুর রহমানের কাজের কেন্দ্রবিন্দু ছিল প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিমূলক কার্যক্রম, যার মাধ্যমে বিশ্ব ব্যাংকের সদস্য দেশগুলোকে আর্থিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গভর্ন্যান্সের ভিত্তি শক্তিশালী করতে সহায়তা করা। তার কার্যক্রম সংশ্লিষ্ট অনেক দেশে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলেছে।
বিশ্বব্যাংকে থাকাকালীন, অধ্যাপক জুবায়দুর রহমান আন্তর্জাতিক আর্থিক কাঠামোকে শক্তিশালী করতে ‘স্ট্যান্ডার্ডস অ্যান্ড কোডস ইনিশিয়েটিভ’ নামে একটি কর্মসূচি ডিজাইন ও বাস্তবায়নে নেতৃত্ব দেন। এ কার্যক্রমের আওতায় তিনি বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে নীতিনির্ধারণী সংলাপে অংশগ্রহণ করেন, বিভিন্ন অভ্যন্তরীণ ও বাইরের অংশীজনদের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলেন এবং প্রতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
অধ্যাপক রহমান রাশিয়া, কাজাখস্তান ও উজবেকিস্তানে ডেলোয়েট নামক আন্তর্জাতিক পেশাদারী প্রতিষ্ঠানের কার্যক্রম প্রতিষ্ঠা ও পরিচালনায় নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করেন। এসব দেশে তিনি বাজার অর্থনীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
বিশ্বের সকল মহাদেশের বহু দেশে তার কাজের পরিধি বিস্তৃত রয়েছে।
৩২৬ দিন আগে
এনবিআর চেয়ারম্যানকে অপসারণে আল্টিমেটাম
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের প্রতি কর্মকর্তা-কর্মচারীদের আস্থার অভাব তুলে ধরে তাকে অপসারণের দাবি জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তারা জানিয়েছেন, ২৯ মে’র মধ্যে তাকে অপসারণ করতে হবে, নইলে কর্মসূচি আরও বাড়বে।
সোমবার (২৬ মে) এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান পরিষদের নেতারা। বক্তারা বলেন, এনবিআরের চেয়ারম্যানের নেতৃত্ব নিয়ে কর্মকর্তাদের মধ্যে আস্থার ঘাটতি তৈরি হয়েছে এবং তার নেতৃত্বে এনবিআর কার্যকরভাবে পরিচালিত হচ্ছে না।
কর্মকর্তাদের পক্ষে বক্তব্য দেন অতিরিক্ত কর কমিশনার মনালিসা শাহারিন, উপকর কমিশনার রইসুন নেসা ও এনবিআরের দ্বিতীয় সচিব শাহাদাত জামিল। সংবাদ সম্মেলনে আরও অনেকে উপস্থিত ছিলেন।
এনবিআরের বিভিন্ন শাখা ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ ব্যানারে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছেন। চেয়ারম্যানের অপসারণ না হওয়া পর্যন্ত তার সঙ্গে অসহযোগ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।
আরও পড়ুন: দুই সপ্তাহ পর কাজে ফিরলেন এনবিআর কর্মকর্তারা
তবে রাজস্ব ঘাটতি পোষাতে তারা জানিয়েছেন, প্রয়োজন হলে প্রতিদিন তিন থেকে চার ঘণ্টা অতিরিক্ত সময় স্বেচ্ছায় কাজ করবেন।
এছাড়া এনবিআরের কাঙ্ক্ষিত রূপ নিয়ে আগামী মাসে “আমরা কেমন এনবিআর চাই” শীর্ষক একটি সেমিনার আয়োজনের ঘোষণাও দেন পরিষদ নেতারা। এতে এনবিআর সংস্কার ও কাঠামো নিয়ে আলোচনা হবে বলে জানান তারা।
৩৮৫ দিন আগে
বিচারপতি নজরুলকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করেছে সরকার। বৃহস্পতিবার (৮ মে) আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রাপ্ত অভিযোগ ও অভিযুক্তের সংখ্যা, দ্রুত বিচার-নিষ্পত্তির প্রয়োজন, কাজের চাপ ইত্যাদি বিবেচনায় নিয়ে দ্বিতীয় আন্তর্জাতিক ট্রাইব্যুনালটি গঠন করা হয়েছে।
ট্রাইব্যুনালের সদস্য পদে নিয়োগ পেয়েছেন, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাছিদ এবং মাদারীপুরের জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আরও পড়ুন: হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার নিষিদ্ধ করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান ও সদস্যরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের, হাইকোর্ট বিভাগের বিচারকের প্রাপ্য বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন।
এছাড়া প্রজ্ঞাপনে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরীর সমন্বয়ে গঠিত বিদ্যমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ হিসেবে ঘোষণা করা হয়েছে।
৪০২ দিন আগে