এআইইউবি
উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির
মানবস্বাস্থ্য, প্রাণিস্বাস্থ্য ও পরিবেশকে সমন্বিতভাবে বিবেচনায় নিয়ে জনস্বাস্থ্য সুরক্ষায় ‘ওয়ান হেলথ’ পদ্ধতি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য ও চেয়ারম্যানের রুটিন দায়িত্বে থাকা অধ্যাপক ড. মাছুমা হাবিব।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) আয়োজিত এক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এআইইউবির সহযোগিতায় থার্ড ওয়ান হেলথ ইয়ুথ অ্যালায়েন্স বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।
ড. মাছুমা হাবিব বলেন, প্রাণী থেকে মানুষের মধ্যে রোগের সংক্রমণ, পরিবেশ দূষণ, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ও জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ কোনো একক খাতের পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়। এসব সংকট মোকাবিলায় চিকিৎসক, প্রাণী চিকিৎসক, কৃষিবিজ্ঞানী, পরিবেশবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞসহ বিভিন্ন পেশার মানুষের সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, দ্রুত নগরায়ণ, জনঘনত্ব, পরিবেশদূষণ ও জলবায়ু ঝুঁকির কারণে বাংলাদেশ জনস্বাস্থ্য ও পরিবেশগত চ্যালেঞ্জের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে। উদীয়মান সংক্রামক রোগের ৭৫ শতাংশের বেশি প্রাণী ও পরিবেশের সঙ্গে সম্পর্কিত। তাই মেডিকেল, নার্সিং, ফার্মেসি, মাইক্রোবায়োলজি, প্রাণিবিজ্ঞান, কৃষি, খাদ্যবিজ্ঞান ও পরিবেশবিজ্ঞানের পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণার প্রতিফলন থাকা প্রয়োজন।
বাংলাদেশের প্রেক্ষাপটে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে এ ধরনের উদ্যোগ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এআইইউবিতে ওয়ান হেলথ সেন্টার প্রতিষ্ঠার কথা উল্লেখ করেন তিনি। কেন্দ্রটি তার লক্ষ্য পূরণে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন ইউজিসি সদস্য।
তিনি বলেন, বর্তমান সরকার তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এবং দেশ পরিচালনা ও জাতির উন্নয়নে তাদের কার্যকরভাবে সম্পৃক্ত করতে বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করেছে। একই সঙ্গে তরুণদের চাকরির বাজারের উপযোগী করে তোলা, সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করা এবং প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, দক্ষ, নৈতিক ও উদ্ভাবনী মানবসম্পদ গড়ে তোলা ইউজিসির অন্যতম লক্ষ্য। ফলাফলভিত্তিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব, সমন্বিত চিন্তা, সমস্যা সমাধান ও সহযোগিতামূলক কাজের দক্ষতা বাড়াতে কমিশন কাজ করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম ও প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আব্দুর রহমান। সভাপতিত্ব করেন এআইইউবির জনস্বাস্থ্য বিভাগের ওয়ান হেলথ+ সেন্টারের লিড এবং ওয়ান হেলথ ইয়ুথ অ্যালায়েন্স বাংলাদেশের উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ওয়াসিফ আলম।
এছাড়া আয়োজক কমিটির সভাপতি ড. আবু সায়েদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, স্বাস্থ্যসেবা খাতের পেশাজীবী এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
১১ দিন আগে
এআইইউবি থেকে বিবিএ শেষ করলেন সাকিব
বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) থেকে ব্যাচেলর ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ডিগ্রি নিয়ে সফলভাবে স্নাতক সম্পন্ন করেছেন এবং রবিবার সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
সাকিব বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষা সমাপ্ত করেন। তবে ক্রিকেট খেলায় ব্যস্ততার কারণে তিনি সময়মতো গ্রাজুয়েট করতে পারেননি। তা সত্ত্বেও সাকিব তার শিক্ষা শেষ করার স্বপ্ন থেকে কখনোই হাল ছাড়েননি।
সমাবর্তন অনুষ্ঠানে সাকিব তার স্বপ্ন পূরণে আনন্দ ও গর্ব প্রকাশ করেন।
আরও পড়ুন: ওয়ানডেতে ৭০০০ রানের মাইলফলকে সাকিব আল হাসান
তিনি বলেন, ‘যদিও আমি ক্রিকেটে অনেক কিছু অর্জন করেছি, তবে স্নাতক সম্পন্ন করা সবসময়ই আমার স্বপ্ন ছিল।’
বর্তমানে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে সাকিব দুর্দান্ত ৯৩ রান করেন এবং একটি উইকেট নেন।
এই ইনিংসটির মাধ্যমে তিনি ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে একাধারে ৭০০০ রান এবং ৩০০ উইকেট অর্জন করেছেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মৌসুমে সাকিব অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
লিগে অংশগ্রহণের অনুমতি চেয়ে ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আবেদন জমা দিয়েছেন সাকিব।
আরও পড়ুন: ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলকে সাকিব আল হাসান
১২৫৪ দিন আগে