মহাখালী
মহাখালীতে চারতলা ভবনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর মহাখালীতে একটি চারতলা ভবনের ছাদে পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১১ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ১১টা ১২ মিনিটে খবর পেয়ে ১১টা ২৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি)।
তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বেলা ১১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
৫ দিন আগে
স্বামীকে হত্যা করে মরদেহ ৬ টুকরা: স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর মহাখালী এলাকায় স্বামীকে হত্যা করে মরদেহ ছয় টুকরা করার দায়ে ফাতেমা বেগম ওরফে শিল্পীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মরদেহ গুমের অপরাধে তাকে সাত বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকার ষোড়শ অতিরিক্ত মহানগর দায়রা জজ নাজমুন নাহার নিপু এ রায় ঘোষণা করেন।
আসামি শিল্পী গ্রেপ্তারের পর থেকেই কারাগারে রয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ৩০ মে রাত সাড়ে ১০টার দিকে মহাখালীর আমতলী এলাকায় একটি ড্রামের ভেতর থেকে এক ব্যক্তির মাথাবিহীন মরদেহ উদ্ধার করে বনানী থানা পুলিশ।
একই দিন রাত ১১টার পর মহাখালী বাস টার্মিনালের এনা কাউন্টারের সামনে একটি ব্যাগ থেকে উরু থেকে বিচ্ছিন্ন দুই পা এবং কাঁধ থেকে বিচ্ছিন্ন দুই হাত উদ্ধার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। পরে পৃথক স্থানে মরদেহের মাথাও উদ্ধার করা হয়।
ঘটনার রহস্য উদ্ঘাটনে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ তদন্ত শুরু করে এবং ১২ ঘণ্টার মধ্যে ফাতেমা বেগম ওরফে শিল্পীকে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে শিল্পী পুলিশকে জানান, পারিবারিক কলহ, অর্থ নিয়ে বিরোধ এবং স্বামী ময়না মিয়া ওরফে শাকিলের একাধিক বিয়েকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ চলছিল। পরিকল্পনা অনুযায়ী তিনি অটোরিকশাচালক স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে গলা কেটে হত্যা করেন। এরপর মরদেহ ছয় টুকরা করে বিভিন্ন ব্যাগ ও একটি পানির ড্রামে ভরে রাখেন।
পরে ১ হাজার ৩০০ টাকায় একটি রিকশা ভাড়া করে মরদেহের মূল অংশ মহাখালীর আমতলী এলাকায় ফেলে দেন। পরে মহাখালী এনা বাস কাউন্টারের সামনে খণ্ডিত দুই হাত ও দুই পা ভর্তি ব্যাগ রেখে যান। এরপর মরদেহের মাথা গুলশান লেকে ফেলে দিয়ে বাসায় ফিরে আসেন।
এ ঘটনায় নিহত ময়না মিয়ার দ্বিতীয় স্ত্রী নাসরিন ২০২১ সালের ১ জুন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হত্যা মামলা করেন।
গ্রেপ্তারের পর ফাতেমা বেগম ওরফে শিল্পী ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।
মামলার তদন্ত শেষে ডিবির পরিদর্শক কাজী শরীফুল ইসলাম ২০২২ সালের ২৪ অক্টোবর শিল্পীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২৩ সালের ১২ মার্চ আদালত অভিযোগ গঠন করেন। বিচার চলাকালে ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
৭৫ দিন আগে
মহাখালীতে সিএনজি চালকদের বিক্ষোভ, যানজট
রাজধানীর মহাখালীতে সিএনজি চালকরা বিক্ষোভ করেছেন। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সোমবার (২০ জানুয়ারি) দুপুরে রাস্তায় নেমে আসেন তারা। এতে মহাখালী ও আশপাশের এলাকায় ব্যাপক যানজটের তৈরি হয়েছে।
বনানী থানার অফিসার-ইন-চার্জ (ওসি) রাসেল সরওয়ার বলেন, দুপুর সাড়ে ১২টায় মহাখালী-বনানী রোডে বিক্ষোভ করেন সিএনজি চালকরা। এতে এই ব্যস্ত রাস্তায় যান চলাচল স্থবির হয়ে যায়। পরে মহাখালী বিআরটিএ ভবনের সামনে জড়ো হন তারা।
সিএনজি চালকরা বলেন, বিনা কারণে সিএনজি-চালিত অটোরিকশা জব্দ করা যাবে না। পাশাপাশি পার্কিংয়ের বিধিনিষেধও তুলে নিতে হবে।
আরও পড়ুন: কারখানা বন্ধ ও ছাঁটাই: ফতুল্লায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ
দাবি না মানলে আরও কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।
ওসি রাসেল সরওয়ার বলেন, দুপুর ২টায় বিক্ষোভ শেষ হয়। এরপর রাস্তায় স্বাভাবিক যান চলাচল শুরু করে।
৬০৩ দিন আগে
মহাখালীতে সড়ক-রেললাইন অবরোধ
রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন কলেজটির শিক্ষার্থীরা।
সোমবার সকালে অবরোধের কারণে সড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এছাড়া ঢাকার সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে কলেজের শিক্ষার্থীরা প্রথমে মহাখালী সড়ক অবরোধ করেন। পরে রেললাইনে চলে গেলে রেল যোগাযোগও বন্ধ হয়ে যায়।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নুল আবেদীন বলেন, শিক্ষার্থীরা রেললাইনে অবস্থান নেওয়ায় রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
আরও পড়ুন: মেধাভিত্তিক ভর্তির দাবিতে মিরপুর সড়ক অবরোধ
৬৬৬ দিন আগে
মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ: ঢামেক হাসপাতালে একজনের মৃত্যু
রাজধানীর মহাখালীর রয়্যাল ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দগ্ধ একজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত ইঞ্জিনিয়ার খায়ের গাজী (৪৪) চাঁদপুর সদর উপজেলার আফাজ উদ্দিন গাজীর ছেলে।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন খায়ের গাজী বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে মারা যান।
এ সময় তার শরীরের ১৫ শতাংশ পুড়ে যাওয়াসহ বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান ওই চিকিৎসক।
এর আগে বুধবার রাতে রাজধানীর মহাখালীর রয়্যাল ফিলিং স্টেশনে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে আটজন দগ্ধ হন।
আরও পড়ুন: রাজধানীর মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণে দগ্ধ ৮
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) অনাথ মিত্র সহ স্থানীয়রা তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।
আহতরা হলেন- সালাউদ্দিন (৩৮), মামুন (৩০), মাসুম (২৫), আমির হোসেন সুমন (৩২), রানা (৩০), কামাল আবেদীন (৫০), জীবন (২১)।
আহতদের কেউ আশঙ্কামুক্ত নয় বলেও জানান বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম।
আরও পড়ুন:ঢাকার ওয়ারীতে গ্যাস লাইন লিকেজের আগুনে দদ্ধ একজনের মৃত্যু
১০১২ দিন আগে
রাজধানীর মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণে দগ্ধ ৮
রাজধানীর মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে বুধবার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অন্তত ৮ জন দগ্ধ হয়েছেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) অনাথ মিত্র স্থানীয়দের সঙ্গে নিয়ে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।
আহতরা হলেন- সালাউদ্দিন (৩৮), মোহাম্মদ মামুন (৩০), মাসুম (২৫), আমির হোসেন সুমন (৩২), মো. রানা (৩০), কামাল আবেদীন (৫০), জীবন (২১) ও প্রকৌশলী খায়ের গাজী (৪৪)।
রয়েল ফিলিং স্টেশনের পাশের বিএন ফিলিং স্টেশনের কর্মীরাও দগ্ধ হয়েছেন বলে উদ্ধারকারীরা জানিয়েছেন।
আরও পড়ুন: রাজধানীর মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, আহতদের কেউই আশঙ্কামুক্ত নন।
রয়েল ফিলিং স্টেশনের কর্মচারী কামরুল হাসান বলেন, ‘ফিলিং স্টেশনে ৩ দিন ধরে গ্যাস লাইনের কাজ চলছিল। আমি জানতে পেরেছি যে আজ (বুধবার) পরীক্ষার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে আমাদের ফিলিং স্টেশনের ৪ জনসহ মোট ৮ জন দগ্ধ হন।’
বুধবার রাত ৮টা ৮ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (মিডিয়া সেল) উপ-সহকারী পরিচালক শাহজাহান শিকদার জানান, বুধবার রাত পৌনে ৯টার দিকে তেজগাঁও ফায়ার স্টেশনের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: মহাখালীর আগুন নিয়ন্ত্রণে, মৃতের সংখ্যা বেড়ে ২
মহাখালীর খাজা টাওয়ারে আগুন: ১২ ঘণ্টারও বেশি সময় পর সম্পূর্ণ নিয়ন্ত্রণে, মৃতের সংখ্যা বেড়ে ৩
১০১৩ দিন আগে
মহাখালীর খাজা টাওয়ারে আগুন: ১২ ঘণ্টারও বেশি সময় পর সম্পূর্ণ নিয়ন্ত্রণে, মৃতের সংখ্যা বেড়ে ৩
রাজধানীর মহাখালীর ১৪ তলা ভবন খাজা টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে।
বৃহস্পতিবারের অগ্নিকাণ্ডে সর্বশেষ নিহত আকলিমা রহমান কুমিল্লার দেবিদ্বারের মোখলেছুর রহমানের মেয়ে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আকলিমাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ভবনের ১৩ তলায় আগুন লাগার ১২ ঘণ্টারও বেশি সময় পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার ইউএনবিকে বলেন, ‘শুক্রবার সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।’
আরও পড়ুন: মহাখালীর খাজা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে আসেনি
এর আগে রাজধানীর প্রাণকেন্দ্রে ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ২ জনের মৃত্যু হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় রফিকুল হককে (৬৩) ঢামেক হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে আগুন থেকে বাঁচতে গিয়ে পড়ে মারা যান হাসনা হেনা (২৭)।
অগ্নিকাণ্ডে ভবনটিতে অবস্থিত একটি ডাটা সেন্টার এবং ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের (আইআইজি) ক্ষতি হয়েছে, যার ফলে সারা দেশে ইন্টারনেট সংযোগ উল্লেখযোগ্যভাবে ব্যাহত হয়েছে।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এমদাদুল হক ইউএনবিকে বলেন, ‘খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে ইন্টারনেটের গতি স্বাভাবিক হতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে। এবং যদি ডিভাইসগুলো পুড়ে যায় তবে এটি আরও বেশি সময় নিতে পারে।’
আরও পড়ুন: খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে আইআইজি, ইন্টারনেটের গতি ব্যাহত
১০৫৪ দিন আগে
মহাখালীর আগুন নিয়ন্ত্রণে, মৃতের সংখ্যা বেড়ে ২
রাজধানীর মহাখালীতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৩ বছর বয়সী আরও একজনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।
বৃহস্পতিবার বিকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, নিহত রফিকুল ইসলাম (৬৩) মিরপুর-১ এর শাহ আলী বাগ এলাকার শফিউদ্দিনের ছেলে। এর আগে আগুন থেকে বাঁচতে গিয়ে পড়ে মারা যান হাসনা হেনা (২৭)।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ১৪ তলা ভবনের ১৩ তলার আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।
আরও পড়ুন: মহাখালীতে বহুতল ভবনে আগুন
এ পর্যন্ত ওই ভবন থেকে আটজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী ও বিজিবির সদস্যরা আগুন নিয়ন্ত্রণে অভিযানে অংশ নিয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
বহুতল ভবনটির আগুন বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকাণ্ডের কারণে মহাখালীর আমতলী থেকে গুলশান-১ পর্যন্ত সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ রয়েছে।
এছাড়া মহাখালী এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
আরও পড়ুন: মহাখালীর খাজা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে আসেনি
১০৫৪ দিন আগে
মহাখালীতে বহুতল ভবনে আগুন
রাজধানীর মহাখালী এলাকায় বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকালে একটি বহুতল ভবনে আগুন লেগেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের উপসহকারী পরিচালক শাহজাহান সিকদার জানান, বিকাল ৫টার দিকে ১৪ তলা খাজা টাওয়ারের ১৩ তলায় আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
আরও চারটি ইউনিট অভিযানে যোগ দেবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।
আরও পড়ুন: নাটোরের বড়াইগ্রামে তেলের দোকানের আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামে বস্তিতে আগুন, ৪০টি ঘর পুড়ে ছাই
উত্তরার সাঈদ গ্র্যান্ড সেন্টারে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
১০৫৫ দিন আগে
মহাখালীতে ট্রেনে কাটা পড়ে ৩ শিশু নিহত
রাজধানীর মহাখালীতে শনিবার ভোরে ট্রেনে কাটা পড়ে তিন শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ (জিআরপি)।
নিহতদের পরিচয় জানা না গেলেও তাদের বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে হতে পারে।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ জানান, জামালপুরগামী দেওয়ানগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় শিশুরা নিহত হয়েছে বলে ধারণা করছেন তারা।
আরও পড়ুন: হিলিতে ট্রেনে কাটা পড়ে রেলের টিকিট বুকিং সহকারীর মৃত্যু
তিনি আরও জানান, সকাল ৬টার দিকে ট্রেনটি কমলাপুর স্টেশন থেকে বিমানবন্দরে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা শিশুদের পরিচয় জানার চেষ্টা করছি।’
আরও পড়ুন: চাষাড়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
১০৮৮ দিন আগে