ডিপ্লোমা প্রকৌশলী
ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ নিয়ে যা বললেন মাহ্দী আমিন
দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা ও আন্তর্জাতিক মানের কর্মসংস্থানের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
তিনি বলেছেন, সরকার জাপানিজ শিক্ষকদের বাংলাদেশে এসে ভাষা প্রশিক্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করবে। এছাড়া, নিয়মতান্ত্রিক জটিলতা নিরসনের মাধ্যমে তাদের কীভাবে ভিসা প্রক্রিয়ার আবেদন এবং আবাসন ব্যবস্থা সহজিকরণ করা যায়, সে বিষয়েও সরকার কাজ করছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে এক সভায় তিনি এ কথা বলেন।
মাহ্দী আমিন বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি শুরু হয়েছিল। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে জাপানের শ্রমবাজার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে এ বিষয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার জাপানের সঙ্গে বহুমুখী উদ্যোগ গ্রহণ করছে। এই উদ্যোগ বাস্তবায়নে জাপানি ভাষা শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, টাউন লাইফ কোম্পানি লিমিটেডের উদ্যোগে জাপানে বাংলাদেশি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থানের সুবিধার্থে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ইতোমধ্যে জাপানি ভাষা শিক্ষা কার্যক্রম শুরু করেছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির কর্মকর্তা এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কর্মকর্তাদের সমন্বয়ে এই পর্যালোচনা সভা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, বাংলাদেশ সরকার নতুন বিশ্বের বিভিন্ন দেশে শ্রমবাজার উন্মুক্ত করার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। তৃতীয় ভাষার শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব দিয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ চলমান।
তিনি বলেন, স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সিভিল, ইলেকট্রিক্যাল এবং আর্কিটেকচার বিষয়ে ডিপ্লোমা সনদধারীদের কর্মসংস্থান ভিসার মাধ্যমে জাপানে পাঠানো হবে। প্রার্থীদের ভাষা ও কারিগরি প্রশিক্ষণ থেকে শুরু করে জাপানে প্রবেশ পর্যন্ত যাবতীয় ব্যয় বহন করবে জাপানিজ এই প্রতিষ্ঠান। এছাড়া প্রতিষ্ঠানটি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ল্যাব উন্নয়ন ও প্রয়োজনীয় প্রশিক্ষণ সরঞ্জাম দিয়েও প্রত্যক্ষ সহায়তা দেবে। নির্বাচিত প্রকৌশলীরা জাপানে যোগদানের পর প্রতি মাসে উচ্চ বেতন পাওয়ার পাশাপাশি অতিরিক্ত কর্মঘণ্টার ভাতা ও বোনাস সুবিধাও পাবেন।
ইতোমধ্যে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের জাপানিজ ভাষা শিক্ষাক্রম প্রায় শেষ উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এখন দ্বিতীয় ব্যাচের শিক্ষাক্রম চলমান রয়েছে। সাফল্যের সঙ্গে যারা জাপানি ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তারা সবাই পর্যায়ক্রমে জাপানে কাজের সুযোগ পাবেন; তাদের মধ্যে প্রথম ব্যাচের চাকরি নিশ্চিত। তারা চলতি বছরের অক্টোবরের মধ্যে জাপানে নিজ নিজ কর্মস্থলে যোগদান শুরু করবেন। বাকি নির্বাচিতরা আগামী বছরের জানুয়ারির মধ্যে জাপানে প্রবেশ করবেন বলে সভায় নিশ্চিত করা হয়।
কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়ার সভাপতিত্বে সভায় টাউন লাইফ জাপান লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তোমিজাওয়া কাজুনোরি, শাখা ব্যবস্থাপক ওকাদা ইয়োহেইসহ মন্ত্রণালয় ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৯ দিন আগে
গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
মামলা, ষড়যন্ত্র ও মব সৃষ্টি করে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগে বাধা দেওয়ার প্রতিবাদে এবং চার দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
মঙ্গলবার (১২ মে) সকালে গাজীপুরে ডুয়েট গেট এলাকার একটি হলরুমে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিভিন্ন সংস্থায় উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ প্রক্রিয়া মামলা, মব সৃষ্টি ও অভ্যন্তরীণ চাপের কারণে বাধাগ্রস্ত হচ্ছে। এতে ডিপ্লোমা প্রকৌশলীরা বঞ্চনার শিকার হচ্ছেন।
তাদের দাবির মধ্যে রয়েছে— দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিভিন্ন সংস্থায় উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ সম্পন্ন করা, মব সৃষ্টি ও অভ্যন্তরীণ চাপের কারণে বন্ধ থাকা নিয়োগ কার্যক্রম দ্রুত চালু করা এবং ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নতুন অর্গানোগ্রাম প্রণয়ন বন্ধ করা।
সংবাদ সম্মেলনে আফসার উদ্দিন, ইসহাক পিকু, সাইফুল ইসলাম শুভ ও সাওদা আক্তার বক্তব্য দেন।
১১৪ দিন আগে
গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের রেলপথ অবরোধ
উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি প্রকৌশলীদের জন্য ৩৩ শতাংশ কোটার সিদ্ধান্তের প্রতিবাদে এবং উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ডিগ্রীধারীদের নিয়োগ দেওয়ার প্রস্তাব প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে গাজীপুরে রেলপথ অবরোধ করেছেন ডিপ্লোমা প্রকৌশলী ও ডিপ্লোমা শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে ডিপ্লোমা প্রকৌশলীরা ভুরুলিয়া মিস্ট মোড় এলাকায় জড়ো হয়ে সেখান থেকে শিমুলতলী-গাজীপুর সড়কে মিছিল নিয়ে ভুরুলিয়া এলাকায় গিয়ে রেলপথ অবরোধ করেন।
এতে ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম আলী জানান, রেলপথ অবরোধ করায় বনলতা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, চাঁপাইএক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।
২১৩ দিন আগে
বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবির যৌক্তিকতা নিরীক্ষায় কমিটি গঠন
প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়নের নিমিত্ত কমিটি' গঠন করেছে সরকার।
বুধবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে সভাপতি করে আট সদস্যের এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের সভাপতি প্রকৌশলী মো. কবির হোসেন, বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন, বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী তানভির মঞ্জুর এবং কমিটির সদস্য সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক।
আরও পড়ুন: প্রকৌশলী শিক্ষার্থীরা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব দিলে সমস্যার সমাধান করে দেব: জনপ্রশাসন সচিব
প্রজ্ঞাপনে বলা হয়েছে প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশসহ প্রতিবেদন প্রণয়ন করবে এই কমিটি।
কমিটি এক মাসের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন দেবে। কমিটি প্রয়োজনবোধে নতুন সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে।জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।
৩৭২ দিন আগে