কারখানা শ্রমিক
গাজীপুরে বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সি স্টেজ বিডি লিমিটেড কারখানার শ্রমিকরা। প্রায় এক ঘণ্টা পর সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুরের মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা।
আন্দোলনরত শ্রমিক তরিকুল, মাহফুজ ও হাসমত আলী জানান, গত ১০ অক্টোবরের আন্দোলনের পর কর্তৃপক্ষ ১৩ অক্টোবর সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু নির্ধারিত দিনে বেতন না পাওয়ায় তারা আবারও আন্দোলনে নামেন।
তাদের অভিযোগ, গতকাল (বুধবার) বেতন দেওয়ার তারিখ থাকলেও বেতন না দিয়ে টালবাহানা করতে থাকে কর্তৃপক্ষ। পরে আজকে (বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এর জেরে সকাল সাড়ে ৮টা থেকে মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা।
শিল্প পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে শ্রমিকদের প্রস্তাব দেয়। কিন্তু তারা প্রস্তাব উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যান। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিকরা সেপ্টেম্বর মাসের বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে তাদের মালিকপক্ষের সঙ্গে আলোচনা করার প্রস্তাব জানিয়ে সরে যাওয়ার অনুরোধ করি। তারা সাড়া না দিয়ে অবরোধ অব্যাহত রাখেন। এরপর তাদের সরিয়ে দেওয়া হয়েছে।
মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বেতনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।
১২ ঘণ্টা আগে
কুমিল্লার পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী ও একজন কারখানা শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ মে) সকালে চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রিফাত সিএনজি ফিলিং স্টেশনের সামনে এবং উজিরপুর ইউনিয়নের নালবাগ এলাকায় কিশোয়ান বিস্কুট কারখানার সামনে পৃথক সময়ে দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন— চট্টগ্রাম জেলার খুলশী থানার পূর্ব নাসিরাবাদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. ফারুক (২৫) এবং কক্সবাজার জেলার চকরিয়া থানার ভরাইতলী গ্রামের শামসুল আলমের ছেলে মিজানুর রহমান (৩২)।
স্থানীয়রা জানান, আজ (শুক্রবার) সকালে বাতিসা এলাকার রিফাত সিএনজি ফিলিং স্টেশনের সামনের সড়কে মোটরসাইকেল আরোহী মো. ফারুককে একটি অজ্ঞাতনামা লরি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
অপরদিকে, প্রায় একই সময়ে উপজেলার উজিরপুর ইউনিয়নের নালবাগ এলাকায় কিশোয়ান বিস্কুট কারখানার সামনে রাস্তা পারাপারের সময় কারখানা শ্রমিক মিজানুর রহমানকে একটি অজ্ঞাতনামা গাড়ি এসে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
১৫৩ দিন আগে
ঈদের আগেই কারখানার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আসন্ন ঈদের আগে শিল্পকারখানার শ্রমিকদের সব বকেয়া মজুরি ও বেতন পরিশোধ করা হবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় মুক্তবাণিজ্য চুক্তির আগাম প্রস্তুতি হিসেবে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) চিঠি দেওয়া হয়েছে। ধাপে ধাপে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গেও মুক্তবাণিজ্য চুক্তির উদ্যোগ নেওয়া হবে।
এ সময় প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বন্ধ থাকা বিভিন্ন শ্রমবাজার পুনরায় চালু করতে সরকার কাজ করছে। আগামী এক মাসের মধ্যে এর ইতিবাচক সুফল মিলবে।
তিনি জানান, স্পেনে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স সময়মতো পৌঁছানোর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মতবিনিময় সভায় উপস্থিত পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আগামী বর্ষা মৌসুমকে সামনে রেখে নদী ও খাল খনন এবং হাওর রক্ষা বাঁধ নির্মাণে কাজ চলছে। তিনি দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করার কথা উল্লেখ করে বলেন, এবারের কাজে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।
মতবিনিময় শেষে মন্ত্রীরা ভাঙনকবলিত সুরমা ও চেঙ্গার নদী পরিদর্শন করেন। পরে প্রবাসী কল্যাণমন্ত্রী তার নিজ নির্বাচনি এলাকায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানান।
২২৯ দিন আগে