বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ
কৃত্রিম জ্বালানি সংকট রোধে সতর্ক থাকার আহ্বান নাগরিক সমাজের
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে দেশে যেন কোনো ধরনের কৃত্রিম জ্বালানি সংকট তৈরি করা না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ।
শনিবার (৭ মার্চ) এক বিবৃতিতে নাগরিক সমাজ প্ল্যাটফর্মের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ মধ্যপ্রাচ্যে সংঘাতের ফলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে সৃষ্ট অনিশ্চয়তাকে কেন্দ্র করে জনসাধারণের মধ্যে আতঙ্ক না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন।
প্ল্যাটফর্মটি জানায়, একদল অসাধু ব্যবসায়ী আন্তর্জাতিক পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে দেশীয় বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করতে পারে। একইসঙ্গে তারা সতর্ক করে দিয়ে বলেছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং পেট্রোবাংলার কিছু ভুল ও অপরিকল্পিত সিদ্ধান্তের কারণেও জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনায় অস্থিরতা দেখা দিতে পারে।
তবে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বিবৃতিতে জানানো হয়, বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। তাই গুজব ছড়ানো বা অপ্রয়োজনীয় আতঙ্ক সৃষ্টি করে জনগণের মধ্যে ভীতি সঞ্চার করা থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ একইসঙ্গে সরকারি সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জ্বালানি সরবরাহ ও মজুত ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত, বাজার মনিটরিং জোরদার এবং কৃত্রিম সংকট রোধে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছে।
দেশের জ্বালানি নিরাপত্তা রক্ষা এবং জনস্বার্থ সংরক্ষণে সকল অংশীজনকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
৩ ঘণ্টা আগে