বিএনপি চেয়ারম্যান
তারেক রহমানের নেতৃত্বে বিএনপির শোভাযাত্রায় হাজারো মানুষ
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ থেকে প্রধানমন্ত্রী ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সার্বভৌমত্ব শোভাযাত্রা’ র উদ্বোধন করেন।
জাতীয়তাবাদী শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো পল্টন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
কাকরাইল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত বিএনপির হাজারো নেতাকর্মী ও সমর্থক জড়ো হন। এতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা এবং বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড।
অনেকের মাথায় ছিল রঙিন টুপি এবং গায়ে দলীয় প্রতীক ও স্লোগানসংবলিত টি-শার্ট। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে শোভাযাত্রায় উৎসবমুখর পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি প্রধান বিচারপতির বাসভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র আবদুস সালাম, খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান ও হাবিব-উন-নবী খান সোহেল, খায়রুল কবির খোকন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিউর ইসলাম রুমন।
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে ব্যানার ও ফেস্টুনসহ শোভাযাত্রায় যোগ দেন। তার সঙ্গে ছিল পাঁচটি ঘোড়ার গাড়ি ও একটি হাতি।
১৭ দিন আগে
তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন নির্বাসনে থেকেও তিনি (তারেক রহমান) দলকে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তার নেতৃত্বে দেশকে নতুনভাবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ সময় ধরে দেশে গণতান্ত্রিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং জনগণের অধিকার হুমকির মুখে পড়ে। এ পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যায়। নানা দমন-পীড়নের মধ্যেও জনগণ লড়াই অব্যাহত রাখে।
তিনি বলেন, বিগত বছরগুলোতে বিপুলসংখ্যক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গুম ও হত্যার ঘটনা ঘটেছে। তবে সব প্রতিকূলতা অতিক্রম করে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার সুযোগ সৃষ্টি হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন প্রবাসে থেকেও দলকে নেতৃত্ব দিয়েছেন এবং বর্তমানে তার নেতৃত্বে দেশ পুনর্গঠনের কাজ এগিয়ে যাচ্ছে। নির্বাচন, সরকার পরিচালনা এবং উন্নয়নমূলক বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, আমরা জানি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড হবে, খাল খনন কর্মসূচি, কৃষকদের সুদ মওকুফ এবং ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, পাদ্রী—তাদের যে ভাতা দেওয়া হচ্ছে, সেটা একটা নতুন কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও বলেন, আমরা তারেক রহমানের প্রতি দেশের মানুষ আশাবাদী, আস্থাশীল। তার নেতৃত্বে অবশ্যই বাংলাদেশ একটি গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ হবে—এই বিশ্বাস আমাদের সবার আছে।
২৪৩ দিন আগে