পরিবহনমন্ত্রী
দেশের সব মহাসড়ক সিসি ক্যামেরার আওতায় আনা হবে: পরিবহনমন্ত্রী
জাতীয়, আঞ্চলিক ও জেলা পর্যায়ের সব মহাসড়ক সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল এবং নৌপথমন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের পঞ্চম অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে এ কার্য-অধিবেশন হয়।
মন্ত্রী বলেন, আমরা চাচ্ছি অগ্রাধিকারের ভিত্তিতে জাতীয় মহাসড়কগুলোকে সিসি ক্যামেরায় আওতায় নিয়ে আসতে। এরপরে আঞ্চলিক মহাসড়ক, তারপর জেলা মহাসড়কগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনতে পদক্ষেপ নিয়েছি।
তিনি বলেন, হাইওয়েতে থ্রি হুইলার (তিন চাকার) চলাচল ঠেকানোর প্রচেষ্টা আছে। কিন্তু আমাদের হাইওয়েতে এসব বাহন উঠে আসার সুযোগ যেহেতু রয়েছে, যার ফলে এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তবে আগের যেকোনো সময়ের চেয়ে এটা একটু বেশি নিয়ন্ত্রণ করা গেছে। এটাকে কীভাবে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়, সেই ব্যবস্থাগুলো নিয়ে কথা হয়েছে। আশা করি, থ্রি হুইলার বাহন পর্যায়ক্রমে নিয়ন্ত্রণ হবে।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, রাস্তার প্রশস্ত করার চাহিদা বাংলাদেশে আছে, প্রয়োজনও আছে। এই দুই মাসে সংসদ সদস্যরা যে ডিও লেটার (সুপারিশপত্র) দিয়েছেন, তাতে রাস্তা প্রশস্ত করতে ৩ লাখ কোটি টাকা লাগবে। বাজেটে পাওয়া যাবে সর্বোচ্চ ৪০ হাজার কোটি টাকা, এর আগের বাজেটের অভিজ্ঞতা থেকে বলছি। ফলে অগ্রাধিকারের ভিত্তিতে আমাদের কাজ করতে হবে। সেই জায়গায় স্বচ্ছতার সঙ্গে, নিরপেক্ষভাবে, অগ্রাধিকারের ভিত্তিতে সরকার প্রকল্প বাস্তবায়ন করতে চাইছে।
২১ দিন আগে
বর্ধিত ভাড়া ডিজেলচালিত যানবাহনের জন্য, সিদ্ধান্ত না মানলে ব্যবস্থা: পরিবহনমন্ত্রী
সরকার-নির্ধারিত বর্ধিত বাসভাড়া শুধুমাত্র ডিজেলচালিত যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং এই সিদ্ধান্ত অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি নতুন ভাড়ার এই ঘোষণা দেন।
ঘোষণা অনুযায়ী, প্রতি কিলোমিটারে ১১ পয়সা করে বাসভাড়া বাড়িয়েছে সরকার। সে হিসেবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। এক্ষেত্রে ভাড়া বেড়েছে ৪.৪৫ শতাংশ। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) এলাকায় কিলোমিটার প্রতি বাসভাড়া ২ টাকা ৩২ পয়সা ছিল। সেটা ১১ পয়সা বেড়ে হয়েছে ২ টাকা ৪৩ পয়সা, অর্থাৎ ভাড়া বেড়েছে ৪.৭৪ শতাংশ।
এ ছাড়াও দূরপাল্লার পথে বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা। এক্ষেত্রে ৫.১৯ শতাংশ বেড়েছে ভাড়া।
নতুন ভাড়া ঘোষণা করে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, আজ থেকেই নতুন ভাড়া কার্যকর হবে। স্থানভেদে বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ ও ১০ টাকাই বহাল আছে। বাস ছাড়াও ডিজেলচালিত ট্রাক এবং অন্যান্য যানবাহনের ক্ষেত্রে এই ভাড়া প্রযোজ্য হবে।
তিনি বলেন, আমরা এ ভাড়া নির্ধারণ করেছি শুধু ডিজেলচালিত বাসের জন্য। সিএনজিচালিত বাসের ভাড়া এখানে বিবেচনায় আসেনি।
মন্ত্রী বলেন, বাস মালিকরা যদি এই সিদ্ধান্তের ব্যত্যয় করার চেষ্টা করেন, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান ও ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, বিআরটিএ’র নির্ধারণ করা এবং আমরা আলোচনা করে যে সিদ্ধান্তে উপনীত হয়েছি, বাস মালিকরা অঙ্গীকার করেছেন যে তারা এই সিদ্ধান্ত যেকোনো মূল্যে মানবেন এবং অনুসরণ করবেন। যেহেতু তারা অঙ্গীকার করেছেন, এর ব্যত্যয় না হওয়া পর্যন্ত আমাকে এ বিষয়ে প্রশ্ন না করার অনুরোধ করব।
রবিউল আলম বলেন, প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা বাড়ানো হয়েছে, যার ফলে পরিবহন খাতে ভাড়া বাড়ানোর একটা দাবি উত্থাপিত হয়েছে এবং সেটাকে নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা এটাকে সমন্বয় করতে চেয়েছি মাত্র, ভাড়া বৃদ্ধি হিসেবে এটাকে দেখতে চাচ্ছি না।
তিনি বলেন, জনস্বার্থ বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছি যে প্রতি কিলোমিটারে ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে ভাড়া ১১ পয়সা করে বাড়বে।
পরিবহনমন্ত্রী বলেন, আন্তঃজেলা যেখানে ৫২ সিটের গাড়ি আছে, সেখানেও প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বাড়বে। আর ডিটিসিএ একটা এরিয়া আছে আপনারা জানেন এবং মিনিবাস, সেখানেও প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর বা একটা সমন্বয় করার সিদ্ধান্ত আমরা নিয়েছি।
তিনি আরও বলেন, আমাদের আগে থেকেই একটা ফর্মুলা আছে যে তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে কতটুকু সমন্বয় হবে ভাড়া, তার একটা ফরম্যাট আছে। যেহেতু তাতে ১৫ টাকা বেড়েছে, তো সেখানে পরিবহন মালিক সমিতির দাবি ছিল প্রায় ২৮ পয়সার মতো ভাড়া বাড়ানো। তারা সেখানে ডলারের দাম বাড়ার ফলে তাদের যে পার্টসগুলো আমদানি করতে হয়, বাস আমদানি করতে হয়, সেখানে আগের চেয়ে অনেক বেশি বিনিয়োগ করতে হচ্ছে। এতে ব্যয় বাড়ছে, রক্ষণাবেক্ষণ খরচও বাড়ছে; সেটাও তারা এখানে যুক্ত করতে চেয়েছে। পরবর্তীতে এসে ক্যাবসহ (বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ) অন্যদের পরামর্শক্রমে এটা ২২ পয়সাতে এসে ঠেকে। আমরা সর্বশেষ গতকাল (বুধবার) এবং আজ দুই দিন সবার সঙ্গে মিটিং করেছি।
রবিউল আলম বলেন, আপনাদের জানিয়ে রাখি যে এই সমন্বয়টা শুধু এবার বৃদ্ধির ক্ষেত্রে না, তেলের দাম পুনরায় কমলে আবার এই একই প্রক্রিয়ায় ভাড়া কমবে। আবার তেলের দাম যদি বাড়ে কোনো কারণে, তাহলে একই প্রক্রিয়ায় ভাড়া সমন্বয় হবে। অর্থাৎ এই সমন্বয়টা একটা চলমান প্রক্রিয়া হিসেবে থাকবে। এর জন্য নতুন করে আর মিটিং করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে না বলে মনে করছি।
বাস মালিকদের অন্যান্য বেশ কিছু দাবি থাকলেও সরকার এই মুহূর্তে তা বিবেচনায় নিচ্ছে না জানিয়ে মন্ত্রী বলেন, আশা করছি যতটুকু সমন্বয় করা হয়েছে তা যথোপযুক্ত। এই পরিস্থিতিতে যেহেতু জ্বালানির দাম বেড়েছে, আমরা এতটুকুই সমন্বয় করতে সক্ষম হলাম।
ভাড়া বৃদ্ধির বিষয়টি কীভাবে মনিটরিং হবে জানতে চাইলে তিনি বলেন, মনিটরিং আমাদের আগেও আছে। এটা প্রজ্ঞাপন জারি করে নির্ধারণ করে দেওয়া হবে।
রেলের ভাড়া বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত আসছে কিনা জানতে চাইলে রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘না, রেলের ভাড়ার ব্যাপারে, বাড়ানোর ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা এখনো পর্যন্ত সেটাকে বিবেচনায় নিচ্ছি না। নৌ-এরটাও এখনো পর্যন্ত আমাদের বিবেচনায় আসেনি।’
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। প্রতি লিটার ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ে। জ্বালানি তেলের নতুন দাম ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়।
এরপরই গণপরিবহনের ভাড়া বাড়াতে তৎপর হয়ে ওঠেন মালিক ও শ্রমিকরা। তাই, জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়িয়েছে সরকার।
জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে এর আগে ২০২২ সালে বাস ভাড়া বাড়ানো হয়েছিল।
৩২ দিন আগে