পৌর কর্মকর্তা
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় পৌর কর্মকর্তা ও ভ্যানচালক নিহত
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় পৌর কর্মকর্তা ও ভ্যানচালক নিহত এবং চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে কালীগঞ্জ উপজেলা শহরের সাব-রেজিস্ট্রি অফিসের সামনে বাসচাপায় আ স ম আব্দুস সামাদ (৪৮) নামের এক পৌর কর্মকর্তা নিহত হন। তিনি কালীগঞ্জ পৌরসভায় কসাইখানা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুস সামাদ মোটরসাইকেলে করে অফিসে যাওয়ার সময় খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের দ্রুতগতির একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, পুলিশ বাসটি জব্দ করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
অন্যদিকে একই দিন সকালে মহেশপুর উপজেলার কুল্লাগাছা মাদরাসার সামনে ইট ও বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের চালক মামুন হোসেন (৩২) নিহত হয়েছেন। তিনি উপজেলার গাড়াপোতা গ্রামের বাহাদুর খানের পোষ্য ছেলে।
সকালে যাত্রী নিয়ে বের হওয়ার পর বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরটি মামুনের ভ্যানকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।
আশপাশের লোকজন তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন ভ্যানচালক মামুনের মৃত্যু হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করের যান দুটি জব্দ করেছে এবং এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান দুর্ঘটনার দুটির খবর নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে আনা হয়েছে। এ ঘটনায় মহেশপুর ও কালীগঞ্জ থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
১৪ দিন আগে
সাভারে সরকারি জমি দখলের অভিযোগে মামলা, পৌর কর্মকর্তাকে শোকজ
সাভার বাসস্ট্যান্ড এলাকার মডেল মসজিদ-সংলগ্ন প্রায় ২০০ কোটি টাকা মূল্যের ২ একর ১৭ শতাংশ সরকারি জমি দখল, ভাঙচুর, লুটপাট, সরকারি সম্পত্তির ক্ষতিসাধন এবং কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগে মামলা হয়েছে।
এ ঘটনায় সরকারি জায়গার সীমানা প্রাচীর ভাঙতে পৌরসভার বুলডোজার ব্যবহারের অভিযোগ ওঠায় কনজারভেন্সি ইন্সপেক্টরকে শোকজ করেছে কর্তৃপক্ষ।
সাভার মডেল থানায় বাগধনিয়া ভূমি কার্যালয়ের ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জয়দুল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ১৪০ থেকে ১৫০ জন হকারকে আসামি করা হয়েছে। মামলার আর্জির সঙ্গে প্রমাণ হিসেবে আটটি স্থিরচিত্র সংযুক্ত করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, সাভার মডেল থানার ছোট বলিমেহের মৌজায় সরকারের নামে রেকর্ডভুক্ত ২ একর ১৭ শতাংশ জমি টিনের সীমানা প্রাচীর দিয়ে ঘেরা ছিল। গত সোমবার দুপুরে বিপুলসংখ্যক হকার সেখানে গিয়ে প্রায় ১০০ ফুট টিনের প্রাচীর ভেঙে ফেলেন এবং টিন নিয়ে যান।
এ ঘটনায় সরকারের প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া লুট হওয়া টিনের মূল্য প্রায় ৪০ হাজার টাকা বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলায় আরও বলা হয়, হর্টিকালচার সেন্টার ও রাজালাখ ফার্ম এলাকায় সরকারি মালিকানাধীন জমিতে সংঘবদ্ধভাবে প্রবেশ করে হকাররা ভাঙচুর চালান। এ সময় ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বাধা দিতে গেলে অভিযুক্তরা মারমুখী আচরণ করেন এবং ভবিষ্যতে বাধা দিলে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেন।
স্থানীয়দের দাবি, জমিটির বর্তমান বাজারমূল্য প্রায় ২০০ কোটি টাকা।
ভূমি প্রশাসন জানিয়েছে, ওই জমিতে ভবিষ্যতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও প্রস্তাবিত উপজেলা ভূমি কার্যালয় নির্মাণের পরিকল্পনা রয়েছে।
এদিকে, সরকারি জমি দখলে পৌরসভার বুলডোজার ব্যবহারের অভিযোগে কনজারভেন্সি ইন্সপেক্টর মো. সেলিম আহম্মেদকে শোকজ করা হয়েছে।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, পৌরসভার সরকারি বুলডোজার ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কনজারভেন্সি ইন্সপেক্টরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তাকে তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, আগামী সোমবার তদন্ত কমিটি গঠন করে জবাব পর্যালোচনা করা হবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, সরকারি জমি দখলের চেষ্টায় জড়িতদের শনাক্ত এবং লুট হওয়া টিন উদ্ধারে পুলিশ কাজ করছে।
১৫৫ দিন আগে