আবৃত্তি সংসদ
ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সভাপতি শাকিল, সম্পাদক তাসনিম
ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে মো. শাকিল এবং সাধারণ সম্পাদক হিসেবে নুসরাত জাহান তাসনিমের নাম ঘোষণা করা হয়েছে।
রবিবার (২ আগস্ট) সংগঠনের মডারেটর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মুনিরা সুলতানা আনুষ্ঠানিকভাবে নবগঠিত নেতৃত্বের নাম ঘোষণা করেন।
তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটি সাংগঠনিক শৃঙ্খলা, আবৃত্তিচর্চা, বাচিক শিল্প এবং সাহিত্য-সংস্কৃতির বিকাশে আরও কার্যকর ভূমিকা রাখবে।
সংগঠনটিকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে সৃষ্ট সাংগঠনিক বিশৃঙ্খলার বিষয়টি বিবেচনায় নিয়ে তৎকালীন সাধারণ সম্পাদক ওয়ালিজা বিনতে সামসের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, চলমান পরিস্থিতির সুষ্ঠু নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার পদ স্থগিত থাকবে।
সংগঠনটির বর্তমান সভাপতি মো. শাহ সুফি ওয়াছি মিয়া ২০২৫ সালের ২৩ জানুয়ারি থেকে দায়িত্ব পালন করে আসছেন। নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আমি পূর্ণ নিষ্ঠা, সততা ও সাংগঠনিক শৃঙ্খলার সঙ্গে আমার দায়িত্ব পালন করে আসছি। আশা রাখছি, নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বও সংগঠনের সাংগঠনিক মূল্যবোধ সমুন্নত রেখে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদকে আরও সমৃদ্ধ ও গতিশীল করে তুলবেন। খুব শিগগিরই আমরা আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করব। নতুন নেতৃত্বের প্রতি আমার আন্তরিক শুভকামনা ও অভিনন্দন রইল।’
সংগঠনটি আশা প্রকাশ করেছে, নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে আবৃত্তিচর্চা, বাচিক শিল্প, সাহিত্য-সংস্কৃতির বিকাশ এবং শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ড আরও বেগবান হবে। পাশাপাশি দেশের সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে সংগঠনটির ইতিবাচক অবদান আরও বিস্তৃত হবে এবং সাংগঠনিক কার্যক্রম নতুন উদ্যমে এগিয়ে যাবে।
মডারেটর অধ্যাপক ড. মুনিরা সুলতানা নবনির্বাচিত সভাপতি মো. শাকিল ও সাধারণ সম্পাদক নুসরাত জাহান তাসনিমকে অভিনন্দন জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘমেয়াদি অগ্রগতি কামনা করেন।
১১ ঘণ্টা আগে