টানা দুই দিনের বৃষ্টিতে যশোরের শার্শা উপজেলার কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে কয়েক একর জমির পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে এবং শীতকালীন সবজির খেত ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে এমন পরিস্থিতিতে বড় ধরনের লোকসানের আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। মাঠে কেটে রাখা ধান ঘরে তুলতে পারছেন না অনেক কৃষক। বৃষ্টির পানিতে ভিজে গেছে এসব ধান। রোদ না থাকায় সেগুলো শুকাতেও পারছেন না তারা।
রবিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে নিচু কৃষিজমিতে পানি জমে রয়েছে। কোথাও কোথাও ধান ও সবজির খেত পানিতে তলিয়ে গেছে।
এ সময় মাঠে কেটে রাখা পাকা আমন ধান বৃষ্টির পানিতে ভিজে থাকতে দেখা যায়। রোদ না থাকায় কৃষকরা এসব ধান শুকাতে পারছেন না। এ পরিস্থিতি চলতে থাকলে ধান পচে যাওয়ার আশঙ্কা করছেন তারা।
শীতকালীন সবজির আবাদও হুমকির মুখে পড়েছে। শিম, মুলা, টমেটো, ফুলকপি, বাঁধাকপি ও বেগুনের খেতে পানি জমে থাকায় গাছের গোড়া পচে যাওয়া এবং ফলন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে কৃষকদের আর্থিক ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত দুই দিনে শার্শায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
অধিদপ্তর আরও জানিয়েছে, বৃষ্টিতে উপজেলার সব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি না হলেও নিচু কৃষিজমির কিছু অংশ পানিতে তলিয়ে গেছে। এতে মাঠে কেটে রাখা আমন ধান ও শীতকালীন সবজির আবাদ ঝুঁকির মুখে পড়েছে।
লক্ষ্মণপুর গ্রামের কৃষক বাতেন আলী জানান, তিনি জমির ধান কেটে মাঠে রেখেছিলেন। কিন্তু টানা বৃষ্টিতে সব ধান ভিজে গেছে।
অনেক কৃষকের পাকা ধান এখনও মাঠে কাটার অপেক্ষায় রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘রোদ না উঠলে ধান শুকিয়ে ঘরে তোলা সম্ভব হবে না। বৃষ্টি চলতে থাকলে ফসল নষ্ট হয়ে আমাদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।’
আরেক কৃষক শুকুর আলী বলেন, তিনি দুই বিঘা জমিতে বাঁধাকপি এবং সাড়ে তিন বিঘা জমিতে ধান চাষ করেছেন।
তিনি আরও জনান, বৃষ্টির কারণে তার জমিতে পানি জমেছে। দীর্ঘসময় পানি জমে থাকলে বাঁধাকপির গাছ নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
সময়মতো সবজি সংগ্রহ করে বিক্রি করতে না পারলেও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন বলেও জানান তিনি।
শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত আরা খাতুন বলেন, মাঠের আমন ধান পেকে গেছে। অনেক কৃষক ইতোমধ্যে ধান কেটে ঘরে তুলেছেন, আবার অনেকে কেটে মাঠে রেখেছেন।
তিনি আরও বলেন, সাম্প্রতিক বৃষ্টিতে কেটে রাখা ধান ভিজে গেছে। তবে ধানের গোড়ায় অতিরিক্ত পানি জমে না থাকলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই।
এছাড়া সবজির খেতে দীর্ঘসময় পানি জমে থাকলে গাছের ক্ষতি হতে পারে বলে সতর্ক করেন তিনি।
ফসলের ক্ষতি কমাতে উপজেলা কৃষি কার্যালয় জমি থেকে অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশনের পরামর্শ দিচ্ছে বলেও জানান কৃষি কর্মকর্তা।