এসি বাস টার্মিনাল
সায়দাবাদে আধুনিক এসি বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা ডিএসসিসির
রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা সুশৃঙ্খল করতে সায়দাবাদ বাস টার্মিনালে এসি বাস ও সাধারণ যাত্রীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
সড়ক ও বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এসি বাসের কাউন্টারগুলোর কারণে সৃষ্ট যানজট কমাতে সায়দাবাদ বাস টার্মিনালের আধুনিকায়ন ও নতুন নকশা প্রণয়ন করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও বাস মালিক সমিতির সঙ্গে পর্যালোচনা করে এ নকশা প্রস্তুত করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) নগর ভবনে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের সভাপতিত্বে ‘সায়েদাবাদ এসি বাস টার্মিনাল ব্যবস্থাপনা’ নিয়ে এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলমসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
নতুন পরিকল্পনায় সায়দাবাদ বাস টার্মিনালে অতিরিক্ত জায়গা নির্ধারণ, এসি বাস সার্ভিসিং, যাত্রী ওঠা-নামা এবং টার্মিনাল ব্যবস্থাপনার জন্য আধুনিক অবকাঠামোর নকশা করা হয়েছে।
সভায় ডিএসসিসি প্রশাসক দ্রুততম সময়ের মধ্যে কাজ বাস্তবায়নের নির্দেশ দেন। ডিএসসিসির প্রধান প্রকৌশলী জানান, প্রচলিত দরপত্র পদ্ধতিতে কাজ বাস্তবায়নে সময় লাগবে। তাই দ্রুত কাজ শেষ করতে বাস মালিক সমিতি স্বল্প সময়ে বাস্তবায়নযোগ্য একটি প্রস্তাবনা তৈরি করে দাখিল করবে।
সভায় সায়দাবাদ বাস টার্মিনালে যাত্রীসেবা উন্নয়নে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।
৯ দিন আগে