মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি
জনস্বার্থে নাফ নদীর সীমান্ত সড়ক-পোল্ডারের কাজ সম্পন্ন হবে: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারের টেকনাফে নাফ নদীর সীমান্ত সড়ক-পোল্ডারসমূহের পুনর্বাসনের কাজ দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনায় সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, বন্যা নিয়ন্ত্রণ, নদী খননসহ জনকল্যাণে কাজ করছে বর্তমান সরকার। কারিগরি সমীক্ষা ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে নাফ নদীর পোল্ডারসমূহের পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে নাফ নদী বরাবর পোল্ডারসমূহের পুনর্বাসন প্রকল্প নিয়ে সুবিধাভোগী ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, সীমান্ত সড়ক ও পোল্ডার পুনর্বাসন প্রকল্পে ইতোমধ্যে বিপুল অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে বরাদ্দ ও সংশোধনের পরও প্রকল্পটি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজে আসেনি। একটি প্রকল্প বারবার সংশোধন ও অতিরিক্ত বরাদ্দ দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রয়েছে।
এ্যানি চৌধুরী বলেন, কৃষি, মানুষের জীবন-জীবিকা, নিরাপত্তা ও পরিবেশ—সবকিছু বিবেচনায় নিয়ে প্রকল্পটির কাজ করা জরুরি। স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে প্রকল্পটি পুনরায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
এ সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ও উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. রুহুল আমিন, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নাফ নদীর সীমান্ত সড়ক-পোল্ডারসমূহের পুনর্বাসন, বেড়িবাঁধের বর্তমান অবস্থা, প্রকল্প বাস্তবায়ন, স্থানীয় জনগণের সমস্যা ও প্রত্যাশাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সুবিধাভোগী ও স্থানীয় বাসিন্দারা প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে তাদের মতামত ও সমস্যার কথা তুলে ধরেন।
পরে মন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া বেড়িবাঁধ পরিদর্শন করেন। এ সময় তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বেড়িবাঁধের বর্তমান অবস্থা, নদীভাঙন ও সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন।
১০ ঘণ্টা আগে