যমজ ভাই-বোন
মুন্সীগঞ্জে নানাবাড়িতে পুকুরে ডুবে যমজ ভাই-বোনের মৃত্যু
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানাবাড়িতে বেড়াতে এসে বাড়ির পাশের পুকুরে ডুবে তানিশা (৮) ও রায়হান (৮) নামের যমজ ভাই-বোনের মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার চসীমউদ্দীন গ্রামে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ৩টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।
নিহত শিশুরা কুয়েত প্রবাসী শরীফ মিয়ার সন্তান। তারা রাজধানীর ডেমরা এলাকায় পরিবারের সঙ্গে থাকত।
শিশুদের নানা কাশেম মিয়া বলেন, গতকাল (শনিবার) তারা আমার বাড়িতে বেড়াতে আসে। আজ (রবিবার) দুপুরে সবার আড়ালে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায় দুই ভাই-বোন। অসাবধানতাবশত হঠাৎ একজন পুকুরে পড়ে গেলে অপরজন তাকে হাত বাড়িয়ে বাঁচানোর চেষ্টা করে। একপর্যায়ে তারা দুজনই পানিতে তলিয়ে যায়।
পরে স্থানীয়রা তাদের ভাসমান অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ৩টার দিকে দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও জানান, মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
১১ ঘণ্টা আগে