মাহফুজুল হায়দার চৌধুরী রোটন
বেনাপোল চেকপোস্ট দিয়ে ফিরল সাবেক ছাত্রলীগ নেতার মরদেহ
কড়া নিরাপত্তায় বেনাপোল চেকপোস্টে নিষিদ্ধ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে ভারতের কলকাতা থেকে তার মরদেহ বেনাপোল চেকপোস্টে পৌঁছায়।
ইমিগ্রেশন ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে রোটনের মরদেহ গ্রহণ করেন তার বড় ভাই নাসিমুল হায়দার চৌধুরী মিল্টন।
এ সময় পুলিশ, বিজিবি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই বেনাপোল চেকপোস্ট ও সীমান্ত এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।
রোটনের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামে। তিনি গতকাল (শনিবার) কলকাতায় একটি হাসপাতালে মারা যান।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন রোটন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতার রুবি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শনিবার তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, ২০২৪ সালের ১৯ আগস্ট পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হরিদাসপুর স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করেন রোটন। তার পর থেকে চিকিৎসার জন্য তিনি কলকাতায় অবস্থান করছিলেন।
রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
১ দিন আগে