হুইলচেয়ার সেবা
জুলাই জাদুঘরে বিনা মূল্যে হুইলচেয়ার সেবা চালু
বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থীদের জন্য বিনা মূল্যে হুইলচেয়ার ব্যবহারের সেবা চালু করেছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে চালু হওয়া এ সেবার আওতায় শারীরিক প্রতিবন্ধী দর্শনার্থীরা জাদুঘরের প্রধান প্রবেশপথ থেকে হুইলচেয়ার নিতে পারবেন।
দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে জাদুঘরের অবকাঠামো ও প্রদর্শনী কক্ষগুলোতে বাধামুক্ত ও হুইলচেয়ার চলাচলের উপযোগী পথ রাখা হয়েছে।
নতুন এ ব্যবস্থায় পরিবারের সদস্য বা অন্য কারও সঙ্গে আসা দর্শনার্থীরা নিজেরাই হুইলচেয়ার পরিচালনা করে জাদুঘর ঘুরে দেখতে পারবেন।
এছাড়া একা আসা দর্শনার্থীদের সহায়তায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক নিয়োগ করেছে জাদুঘর কর্তৃপক্ষ। তারা পরিদর্শনের পুরো সময় দর্শনার্থীদের পথ দেখানোসহ প্রয়োজনীয় সহায়তা দেবেন।
জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ বলেন, এ দেশের প্রতিটি নাগরিকের জন্য জুলাই জাদুঘর স্মৃতি ও অনুভূতির জায়গা।
তিনি আরও বলেন, শারীরিক সীমাবদ্ধতা যেন ইতিহাস জানা ও জাদুঘর পরিদর্শনের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেই লক্ষ্যেই এ বিশেষ সেবা চালু করা হয়েছে। দর্শনার্থীদের সহায়তায় তাদের পরিবারের সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও প্রস্তুত থাকবেন, যাতে তারা কোনো ঝামেলা ছাড়াই পুরো জাদুঘর ঘুরে দেখতে পারেন।
কর্তৃপক্ষ জুলাই জাদুঘরকে সবার জন্য সম্পূর্ণ অন্তর্ভুক্তিমূলক ও উন্মুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় বলেও জানান মহাপরিচালক।
দর্শনার্থীরা বা তাদের পরিবারের সদস্যরা জাদুঘরে পৌঁছে প্রধান ফটকে যোগাযোগ করলেই তাৎক্ষণিকভাবে এ সেবা নিতে পারবেন।
১৮ ঘণ্টা আগে