সাংস্কৃতিক কূটনীতি
৫১ দেশে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হবে: সংস্কৃতিমন্ত্রী
সরকার ৫১টি দেশের সঙ্গে সাংস্কৃতিক কূটনীতির মাধ্যমে বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য বিশ্বদরবারে তুলে ধরতে চায় বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে জেলা পরিষদ আয়োজিত সংস্কৃতিকর্মীদের মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, নজরুল বর্ষ ঘোষণার পর থেকে দেশের শিল্প-সংস্কৃতির প্রসারে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার।
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন আয়োজনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে শিল্প-সংস্কৃতি তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
নিতাই রায় চৌধুরী বলেন, বাংলাদেশের সংস্কৃতি হাজার বছরের পুরোনো ও সমৃদ্ধ। অন্য দেশের মানুষের কাছে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে সাংস্কৃতিক কূটনীতির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এখন থেকে সারা দেশে বাউল উৎসব আয়োজন করা হবে বলেও জানান তিনি।
মন্ত্রী আরও জানান, লোকসংগীত, ভাটিয়ালি ও নৌকাবাইচকে মন্ত্রণালয়ের ঐতিহ্যবাহী উদ্যোগের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
পাশাপাশি দাড়িয়াবান্দা, হাডুডু, কাবাডি ও লাঠিখেলার মতো প্রাচীন ঐতিহ্যবাহী খেলাগুলোও নতুন করে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংস্কৃতির বিকাশে প্রধানমন্ত্রীর সীমাহীন অনুপ্রেরণা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
জেলার সাংস্কৃতিক অঙ্গনের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে সভায় আলোচনা হয়।
চুয়াডাঙ্গার সংস্কৃতিকর্মীরা জেলার সাংস্কৃতিক উন্নয়ন, শিল্প-সংস্কৃতির প্রসার ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশে বিভিন্ন দাবি তুলে ধরেন।
স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যক্রম সম্প্রসারণে সরকারি সহযোগিতা কামনা করেন তারা।
পরে জেলার সাংস্কৃতিক উন্নয়নে বিভিন্ন দাবি সংবলিত একটি স্মারকলিপি মন্ত্রীর কাছে পেশ করা হয়।
চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার ও কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন।
এছাড়া জেলা জাসাসের সভাপতি শহীদুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমসহ স্থানীয় সাংস্কৃতিক সংগঠন অরিন্দম, উদীচী, সংলাপ, কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদ, আলমডাঙ্গা কলাকেন্দ্র এবং জেলা ও উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতা ও সংস্কৃতিকর্মীরাও সভায় অংশ নেন।
২ ঘণ্টা আগে