চোখে অস্ত্রোপচার
প্রধানমন্ত্রীর উদ্যোগে শিশু আবু বক্করের চোখে অস্ত্রোপচার
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে তিন বছর বয়সী আবু বক্করের চোখে অস্ত্রোপচার করা হয়েছে।
জন্ম থেকেই চোখের জটিল সমস্যায় ভুগছিল বগুড়ার নন্দীগ্রাম উপজেলার শিশু আবু বক্কর। তার চিকিৎসায় সহযোগিতা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি আবেদন নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ড. জুবাইদা রহমানের।
শিশুটির অবস্থা সম্পর্কে জানার পর তার যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন শিশুটির চিকিৎসার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেন।
প্রথমে আবু বক্করকে বগুড়ায় চিকিৎসকদের দেখানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আনা হয়। সেখানে গত সোমবার তার চোখে অস্ত্রোপচার সম্পন্ন হয়।
অস্ত্রোপচারের পর বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক ও অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল হাসপাতালে গিয়ে শিশুটির চিকিৎসার খোঁজখবর নেয়।
‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে এবং ডা. এম আর হাসানের সমন্বয়ে প্রতিনিধিদলটি শিশুটির শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলে।
এ সময় প্রতিনিধিদলের সদস্যরা শিশুটির পরিবারের সঙ্গেও কথা বলে এবং তাদের আর্থিক সহায়তা দেয়।
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. সায়ীদ মেহবুব উল কাদীর, ডা. এ এস এম মাহবুব মুন্না, ডা. মো. মাহফুজুল আলম, ডা. জাকিয়া সুলতানা, ডা. আবু মোস্তফা কামাল, ডা. মো. মাসুদ রানা, ডা. মো. হাবিবুর রহমান, ডা. ইসমাইল হোসেন, ডা. শামীমা ইয়াসমিন, ডা. আদনান, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটনসহ অন্যরাও এ সময় উপস্থিত ছিলেন।
৬ দিন আগে