ঢাকা
কিশোরগঞ্জে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, দুই নেতা বহিষ্কার
কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় জেলা যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন— কিশোরগঞ্জ জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজন এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদসহ দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ সিদ্ধান্ত কার্যকর করেছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
এতে আরও বলা হয়, বহিষ্কৃতদের কোনো ধরনের অপকর্মের দায়ভার দল বহন করবে না। একইসঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ঢাকায় ব্যবসায়ীকে হত্যার ঘটনায় যুবদলের ২ নেতাকে আজীবন বহিষ্কার
কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান (জিএস) শরীফ বহিষ্কারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গতকাল (শুক্রবার) বিকেলে কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে মো. হিমেল (২৪) নামের এক যুবক নিহত হন এবং কমপক্ষে ১০ জন আহত হন।
এই ঘটনাকে কেন্দ্র করে নিহত ব্যক্তির পক্ষের লোকজন প্রতিপক্ষের বাড়িঘরে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় পুলিশ-সেনাবাহিনীসহ প্রশাসনের বাড়তি নিরাপত্তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
১৯৫ দিন আগে
মাওয়া এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, নিহত ৩
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের নিমতলায় প্রাইভেট কারের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— আওলাদ হোসেন (২৩), হাবিল (২২) ও কাইয়ুম (২২)। আহত যুবকের নাম ইমন (২০)।
পুলিশ জানিয়েছে, শ্রীনগর থেকে নিমতলাগামী রেজিস্ট্রেশনবিহীন পালসার মোটরসাইকেলের চালকসহ চারজন বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সাার্ভিস লেনে পড়ে গেলে বিপরীত দিক ঢাকা থেকে মাওয়াগামী প্রাইভেট কারটি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আওলাদ ও হাবিল নিহত হন। স্থানীয়রা অপর দুজনকে নিমতলা আইডিয়াল ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাইয়ুমকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে প্রাইভেট কার উল্টে নিহত ৩
হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম সিদ্দকী জানান, দুর্ঘটনা ঘটানো প্রাইভেট কারটি চিহ্নিত করার চেষ্টা চলছে। আহত ইমনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
১৯৭ দিন আগে
গাজীপুরে নার্সিং কলেজ শিক্ষার্থীদের ক্লাস বর্জন করে সড়ক অবরোধ, মানববন্ধন
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সড়ক অবরোধ, মানববন্ধন করেছে। পরে তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে নার্সিং কলেজের নারী শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ, শিক্ষার্থীদের হুমকি ও নানা অনিয়মের সঙ্গে জড়িতের অভিযোগে ইন্সট্রাক্টর মো. জামাল উদ্দিন ভূঁইয়া, মো. তাজুল ইসলাম ও মো. মোখলেছুর রহমানের বদলির দাবিতে তারা এসব কর্মসূচি পালন করেছে।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাজবাড়ী সড়কে মানববন্ধন করে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়।
আরও পড়ুন: গাজীপুরে সাংবাদিক হত্যার বিচার দাবিতে ফরিদপুরে বিক্ষোভ ও মানববন্ধন
এ সময় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোতাসিম বিল্লাহ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে শিক্ষার্থীরা তাদের দাবিনামা সম্বলিত স্মারকলিপি জমা দেয়।
কর্মসূচি চলাকালে কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ফারিহা আলম, মোসাম্মৎ শারমিন আক্তার,মেহেদী হাসান চয়ন, হৃদয় খান, লুৎফুন নাহার লিজা, তুহিন মোর্শেদ, রাফিউল আলম সরকার প্রমুখ বক্তব্য দেন।
১৯৭ দিন আগে
মুন্সীগঞ্জে প্রাইভেট কার উল্টে নিহত ৩
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগরে দ্রুতগতির একটি প্রাইভেট কার উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় এক্সপ্রেসওয়ের যাত্রী ছাউনির পাশে ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, ঢাকামুখী বেপরোয়া গতির প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। গাড়িটিতে চারজনই ছিলেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজন নিহত হন। অন্য দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসকরা আরও একজনকে মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের উদ্ধার অভিযানের পর যান চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন: জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৮০, আহত ৫৪২
হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, গাড়িটি সরিয়ে নেওয়ার পর সকাল সোয়া ৭ টার দিকে ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখা যায় প্রাইভেট কারটির ভাঙা অংশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্ত। পড়ে আছে দুটি মরদেহ, আর আহত একজনের কান্না শোনা যাচ্ছিল।
১৯৮ দিন আগে
সাভারে মায়ের শাবলের আঘাতে মেয়ের মৃত্যুর অভিযোগ
সাভারে নিজ মেয়েকে শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। বুধবার (২০ আগস্ট) দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছ পুলিশ।
পুলিশ জানিয়েছে, শাবল দিয়ে পিটিয়ে নিজের মেয়েকে হত্যা করেছে গর্ভধারণী মা।
জানা যায়, দুপুরে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় নিজ বাসায় ১৫ বছর বয়সী মেয়ে সামিয়া আক্তারকে শাবল দিয়ে পিটিয়ে হত্যা করে মা শাহানাজ বেগম। প্রতিবেশীরা জানান মা ও মেয়ের মধ্যে মোবাইল ফোনে কথা বলা নিয়ে প্রায়ই ঝগড়া হতো।
নিহত সামিয়া স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিল।
মেয়েকে হত্যার অভিযোগে মা শাহানাজ বেগমকে আটক করেছে পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান কি কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।
১৯৮ দিন আগে
মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর মহাখালী এলাকার সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার দুপুর ২টা ৩৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট বিকাল ৩টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম।
তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি বলে জানান তিনি।
১৯৮ দিন আগে
নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা মোড়ে সিএনজি স্টেশনের দখল, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পাঁচদোনা মোড় এলাকায় এ সংঘর্ষ চলে। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। পরে রাত সাড়ে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ।
গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন— পাঁচদোনা এলাকার তাইজুদ্দিনের ছেলে হামিদ মিয়া (২৮) ও বিল্লাল মিয়ার ছেলে হাসান মিয়া (২৮)। অন্য আহতদের নাম জানা যায়নি।
আরও পড়ুন: ফুটবল খেলাকে কেন্দ্র করে সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ২
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার, ফুটপাত থেকে চাঁদাবাজি ও পাঁচদোনা মোড়ের সিএনজি স্টেশন দখল নিয়ে গত বছরের ৫ আগস্টের পর থেকেই বিরোধ শুরু হয় ইউনিয়ন বিএনপির সহসভাপতি লালু মিয়া ও বিএনপি কর্মী মোসাদ্দেক হোসেনের মধ্যে। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই সংঘর্ষ, হামলা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সর্বশেষ গতকাল (রোববার) রাত সাড়ে ৯টার দিকে দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। গোলাগুলির ঘটনায় দুইজন গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হন।
আহতদের মধ্যে গুলিবিদ্ধ হামিদ মিয়া ও হাসান মিয়াকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার বা আটক করা যায়নি।’
২০০ দিন আগে
সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা: কঠোর বিধিনিষেধ
বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২–এর বিধি ৫ অনুযায়ী সরকার ঢাকা জেলার অন্তর্গত সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করেছে।
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এনডিসি স্বাক্ষরিত এক পরিপত্রে রোববার (১৭ আগস্ট) এ ঘোষণা জারি করা হয়।
ঘোষণার ফলে আগামী সেপ্টেম্বর থেকে সাভারে টানেল ও হাইব্রিড হফম্যান কিলন ছাড়া অন্য কোনো ইটভাটায় ইট পোড়ানো বা ইট প্রস্তুতের কার্যক্রম চলবে না। পাশাপাশি উন্মুক্ত স্থানে কঠিন বর্জ্য পোড়ানো, নতুন করে স্থাপিতব্য বায়ুদূষণ সৃষ্টিকারী শিল্প কারখানাকে অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র প্রদান এবং কর্মপরিকল্পনায় উল্লিখিত অন্যান্য কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকার বাতাসের মান আজ ‘মাঝারি’
পরিবেশ অধিদপ্তরের সার্বক্ষণিক বায়ুমান পরিবীক্ষণ কেন্দ্রের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সাভারের পরিবেষ্টক বায়ুর বার্ষিক মানমাত্রা জাতীয় মানদণ্ডের প্রায় তিন গুণ ছাড়িয়েছে।
এর ফলে জনগণের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে প্রায় পাঁচ মাস ধরে উত্তর–পশ্চিম ও উত্তর–পূর্ব দিক থেকে প্রবাহিত বায়ু সাভারের দূষণকে ঢাকায় নিয়ে আসে, যা রাজধানীর ঘনবসতিপূর্ণ জনগোষ্ঠীর জন্য ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
সরকার আশা করছে, এ ঘোষণার মাধ্যমে সাভার ও ঢাকা উভয় অঞ্চলের বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পরিবর্তন আসবে এবং জনস্বাস্থ্য সুরক্ষিত হবে।
২০১ দিন আগে
লালবাগে সংঘবদ্ধ পিটুনিতে যুবক নিহত
রাজধানীর লালবাগের শহীদনগর লোহার ব্রিজ এলাকায় সংঘবদ্ধ পিটুনিতে মো. তৌফিকুল ইসলাম ওরফে কিলার বাবু (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১৭ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, ১৪ আগস্ট শহীদনগর লোহার ব্রিজ এলাকায় দুইটি ককটেল বিস্ফোরণের সঙ্গে তৌফিকুল জড়িত ছিলেন বলে সন্দেহ করেন স্থানীয়রা। এরপর শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নেশাগ্রস্ত অবস্থায় তাকে মারধর করে উত্তেজিত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে আজিমপুর আর্মি ক্যাম্পের একটি দল। পরে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
আরও পড়ুন: গাজীপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন জানান, তৌফিকুলের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের রাখা হয়েছে। এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
২০১ দিন আগে
মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় আহত ৬
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (১৬ আগস্ট) প্রথম দুর্ঘটনাটি ঘটে জেলার সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায়। হৃদরোগে আক্রান্ত এক রোগীকে বহনকারী ওই অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। এতে চালকসহ পাঁচজন আহত হন।
প্রায় একই সময়ে শ্রীনগর উপজেলার ছনবাড়ি সেতুর ওপর মাওয়াগামী আরেকটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে পড়ে। ঢাকার একটি হাসপাতাল থেকে মরদেহ নিয়ে ফরিদপুরের মধুখালী যাওয়ার পথে অজ্ঞাত একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আবির (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।
আরও পড়ুন: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত, আহত ৫
শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ‘অল্প সময়ের ব্যবধানে এক্সপ্রেসওয়ের দুটি পৃথক স্থানে দুর্ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’
২০২ দিন আগে