ঢাকা
কিশোরগঞ্জে জমির বিরোধে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত
কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে সদর উপজেলার হারুয়া কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শামীম কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া এলাকার মৃত গিয়াসউদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ (সোমবার) সকালে শামীমের ভাতিজা লিংকন বাসায় প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যান।
এরপর শামীম ও তার মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামীমের মৃত্যু হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শামীমের পেটে ও পিঠে ধারালো অস্ত্রের চার থেকে পাঁচটি আঘাতের চিহ্ন ছিল।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে দোকান ও সম্পত্তি নিয়ে শামীম ও লিংকনের মধ্যে বিরোধ চলছিল। লিংকন জোরপূর্বক তাদের সম্পত্তি দখলের চেষ্টা করছিল। এই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
৩৮ দিন আগে
রাজধানীতে নারী আনসার সদস্যের অর্ধগলিত মরদেহ উদ্ধার
রাজধানীর কদমতলী থানার একটি ভাড়া বাসা থেকে শারমিন আক্তার শেলী (২৭) নামে এক নারী আনসার সদস্যের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ এপ্রিল) সকালে কমিশনার মোড় এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, নিহত শারমিন আক্তার শেলী একজন নারী আনসার সদস্য ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশালে, সেখানকার শাহ আলম হাওলাদারের মেয়ে ছিলেন। আগে তিনি জুরাইন এলাকার পূর্ব ধোলাইপাড়ে থাকতেন এবং বর্তমানে কদমতলীর ওই বাসায় ভাড়া থাকতেন।
এদিকে, বাসার মালিক আঞ্জুমান আরা ডলি জানান, প্রায় ছয় মাস আগে মো. মামুন নামের এক ব্যক্তি শেলীকে স্ত্রী পরিচয়ে কাবিননামা দেখিয়ে তার বাসাটি ভাড়া নেন। তিনি মূলত গ্রামের বাড়িতে থাকেন এবং দুই মাস পরপর এসে ভাড়া নিয়ে যান। তাই এ ঘটনার বিষয়ে এর বেশি কিছু জানতে পারেননি বলে জানান তিনি।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মুশাহিদুল ইসলাম জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে গতকাল (রবিবার) দিবাগত রাত আড়াইটার দিকে কমিশনার রোডের ৯৮৪/১ নম্বর বাসার চতুর্থ তলায় পৌঁছায় পুলিশ। এ সময় ফ্ল্যাটটির দরজা বাইরে থেকে তালাবন্ধ ছিল এবং ভেতর থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মেঝেতে এক নারীর অর্ধগলিত মরদেহ দেখতে পায় পুলিশ। সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে হত্যা করে দরজায় তালা দিয়ে রেখে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
৩৮ দিন আগে
ফরিদপুরে পদ্মা নদীতে জেলের বড়শিতে কুমির আটক
ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়েছে একটি কুমির। পরে কুমিরটি নিয়ে জেলেরা ঘাটে আসেন। খবর পেয়ে কুমির উদ্ধার করতে খুলনা থেকে রওনা দিয়েছে বন বিভাগের একটি দল।
সোমবার (২৭ এপ্রিল) ভোরে জেলেদের বড়শিতে এই কুমিরটি ধরা পড়ে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো মাছ ধরার সময় গোপালপুর ঘাটের নিকটে জেলেদের হাজারী বড়শিতে একটি কুমির আটকে যায়। পরে অন্যান্য জেলেরা মিলে কুমিরটিকে আটকে সকালে স্থানীয় কাজি বাড়ির ঘাটে নিয়ে আসেন।
কুমির ধরা পরার কথা শুনে তা দেখতে ভীড় করে উৎসক জনতা।
প্রত্যক্ষদর্শী স্বপন ব্যাপারী, রাজীব ব্যাপারী, রবিউল ব্যাপারি ও বিল্লাল খান জানান, প্রতিদিনের মতো তারা নদীতে বড়শি ফেলে মাছ ধরার জন্য যায়। কুমিরটি স্বপন ব্যাপারীর বড়শিতে আটকে গেলে সবাই মিলে সেটি উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসেন।
খবর পেয়ে স্থানীয় বন বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ বলেন, কুমিরটির বিষয়ে আমরা বন বিভাগের সঙ্গে কথা বলেছি। তারা এটি উদ্ধার করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে। এখন ওই স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
চরভদ্রাসন উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা ফজলে করিম বলেন, এটি যে একটি কুমির সেটা নিশ্চিত হয়েছি আমরা। কিন্তু কোন প্রজাতির কুমির তা আমাদের বিশেষজ্ঞরা না আসলে বলতে পারব না।
তিনি আরও বলেন, খুলনা থেকে আমাদের টিম রওনা দিয়েছে, তারা আসলে কুমিরটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেবে। তারাই পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে।
৩৮ দিন আগে
গাজীপুরে বাবা-ছেলের মরদেহ উদ্ধার
গাজীপুরে রেললাইনের পাশ থেকে বাবা সোহেল হোসেনের এবং ঘর থেকে ছেলে সাকিবুল হাসান সোহেবের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় সোহেল হোসেনের বড় ছেলে সোহানকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৬ এপ্রিল) সকালে নগরের টঙ্গীর বনমালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহেল হোসেন টঙ্গীর বনমালার বাসায় তার বড় ছেলে সোহান ও ছোট ছেলে সাকিবুল হাসান সোহেবকে নিয়ে থাকতেন।
স্থানীয়রা জানান, টঙ্গীর বনমালা এলাকায় ঘরের ভেতর ছোট ছেলে সাকিবুল হাসান সোহেব ও রেলের পাশে বাবা সোহেল হোসেনের মরদেহ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, নিজ ঘর থেকে সাকিব হোসেনের এবং রেললাইন থেকে তার বাবার মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। কী কারণে এই ঘটনা ঘটেছে, তা তদন্ত করছে পুলিশ। সোহেল হোসেনের বড় ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
৩৯ দিন আগে
কমলাপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারী নিহত
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে চলন্ত ট্রেনে উঠার সময় পড়ে গিয়ে আসমা ভূঁইয়া (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।
শনিবার (২৫ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আসমার বাড়ি উত্তরা দক্ষিণখান থানার মোল্লারটেক এলাকায়। তার স্বামীর নাম মমিন ভূঁইয়া।
মোমিন ভূঁইয়া জানান, আজ (শনিবার) সকালে নারায়ণগঞ্জে মেয়ের বাসায় যাওয়ার উদ্দেশে কমলাপুর রেলস্টেশন এসেছিলাম। সবাই লাইন ধরে ট্রেনে উঠছিল, এমন সময় ট্রেন ছেড়ে দেয়। তখন দ্রুত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে আসমা গুরুতর আহত হন। পায়ের কিছু অংশ কেটে যাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয় তার। পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান আমার স্ত্রী আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।
৪০ দিন আগে
গাজীপুরে নারী চিকিৎসকের ওপর হামলার অভিযোগ
গাজীপুরে নারী চিকিৎসককে হামলা করে মারধর, চেম্বারে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ অভিযোগে সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের পাশাপাশি চিকিৎসক সুরক্ষা আইন তৈরি করার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।
বুধবার (২২ এপ্রিল) নগরের তারগাছ এলাকায় অবস্থিত জমিলা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
হামলার শিকার গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে কর্মরত গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. আফরোজা আক্তারের অভিযোগ, তার প্রাইভেট চেম্বারে গত ২২ এপ্রিল একদল লোক ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে চাঁদা দাবি করে। পরে তাকে মারধর করে জখম করে। আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ সময় হামলাকারীরা ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এমনকি চাঁদা না দিলে হাসপাতাল বন্ধ করে দেওয়ার হুমকিও দেয় তারা।
এ চিকিৎসকের অভিযোগ, এ ব্যাপারে জিএমপির গাছা থানায় মামলা করা হলেও পুলিশ আসামি গ্রেপ্তার করার বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে না। এ কারণে তিনি এসব কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন।
৪০ দিন আগে
নারায়ণগঞ্জে ঝুটের গুদামে আগুন, প্রায় ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশের একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে আশপাশের আরও কয়েকটি গুদাম ও দোকান পুড়ে গেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় সড়কের জেলখানার পাশে সস্তাপুর এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে তারা।
স্থানীয়রা জানান, প্রথমে একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে সেটি দ্রুত ছড়িয়ে পড়ে পাশের একটি চায়ের দোকান, মোটরসাইকেলের দোকান এবং আরও কয়েকটি গুদামে। এতে বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা দগ্ধের খবর পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি। দুর্ঘটনার বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
৪১ দিন আগে
গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে শিশু নিহত, আহত ৫
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে সামিউল আলিম মোল্লা (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ফকিরকান্দি নামক এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামিউল গোপালগঞ্জ সদর উপজেলার মালেঙ্গা গ্রামের ইয়াসিন মোল্লার ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, ইজিবাইকটি গোপালগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে শহরতলীর আড়পাড়ার দিকে যাচ্ছিল। ফকিরকান্দি এলাকায় মোড় নেওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এ সময় ইজিবাইকচালক ইয়াসিন মোল্লার ৩ বছর বয়সী ছেলে সামিউল আলিম মোল্লা ছিটকে বাসের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ। নিহত শিশু সামিউলের মরদেহ ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
৪১ দিন আগে
সিদ্ধেশ্বরীতে পিকআপের ধাক্কায় প্রাইভেটকারচালক নিহত
রাজধানীর রমনা থানাধীন সিদ্ধেশ্বরী এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় হারুন অর রশিদ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় একটি প্রাইভেটকারের চালক ছিলেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে সিদ্ধেশ্বরী এলাকার মনোয়ার হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
গতকাল (বৃহস্পতিবার) রাতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হারুনের বাড়ি কিশোরগঞ্জ সদরের পাটকা কাঠালিয়া এলাকায়। তার বাবার নাম তমিজ উদ্দিন। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকায় বসবাস করতেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা প্রাইভেটকারের মালিক কাজী লুৎফর জানান, হারুন তার গাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন। রাতের দিকে ডিউটি শেষে গাড়ি গ্যারেজে রেখে বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এ সময় গ্যারেজের সামনে অন্যান্য চালকদের সঙ্গে কথা বলার সময় পিছন থেকে একটি পিকআপ ভ্যান এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
তিনি আরও জানান, প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পিকআপ ভ্যানটি জব্দ করেছে পুলিশ। সেইসঙ্গে এর চালককে হেফাজতে নেওয়া হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
৪১ দিন আগে
নরসিংদীতে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা, অনিশ্চয়তায় ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ
নরসিংদীতে চলমান এসএসসি পরীক্ষায় একটি কেন্দ্রের কর্তৃপক্ষের ভুলের মাশুল দিতে হচ্ছে ২০ জন পরীক্ষার্থীকে। যে স্বপ্ন নিয়ে তারা এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল, সে প্রস্তুতির হোঁচট খেয়েছে প্রথম দিনের পরীক্ষাতেই।
নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ওই শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা নরসিংদী প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে তাদের অভিযোগ উপস্থাপন করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই কেন্দ্রে বিভিন্ন কক্ষে তিন শতাধিক পরীক্ষার্থী ছিল। এর মধ্যে একটি কক্ষে ২০ জন পরীক্ষার্থীর হাতে দেওয়া হয় ২০২৫ সালের প্রশ্নপত্র, যে প্রশ্নপত্র নিয়মিত, অর্থাৎ ২০২৬ সালের পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য নয়। এমন সিলেবাস-বহির্ভূত প্রশ্নপত্রে প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়েছে পরীক্ষার্থীরা।
ভুক্তভোগী পরীক্ষার্থীদের দাবি, বিষয়টি নিয়ে পরীক্ষার দিনই তারা আপত্তি তুললে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকেরা তাদের ধমক দিয়ে ওই প্রশ্নেই পরীক্ষা দেওয়ার জন্য বলেন। কিন্তু প্রশ্নপত্র সঠিক না হওয়ায় ২০ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই এখন পরীক্ষায় নিশ্চিত ফেল করবে বলে আশঙ্কা প্রকাশ করছে।
পরীক্ষার্থী এবং অভিভাবকেরা জানান, কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ওই কক্ষে চারটি স্কুলের মোট ২০ জন পরীক্ষার্থী প্রথম দিনের বাংলা প্রথম পত্র বিষয়ে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ছে। স্কুল চারটি হলো: পুটিয়া উচ্চ বিদ্যালয়, ফেমাস ইনস্টিটিউট, হাজী শমসের আলী উচ্চ বিদ্যালয় এবং ঘাগটিয়া উচ্চ বিদ্যালয়।
শমসের আলী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী মাহিমা আক্তার মিম জানায়, ক্লাসে তার রোল নম্বর ছিল ১ এবং সে এসএসসির আগে স্কুলের টেস্ট পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে পাস করে। তবে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ায় সে বাংলায় এখন ২০ নম্বরও পাবে না বলে ধারণা করছে। তার মতো এমন বাকি পরীক্ষার্থীরাও বাংলায় ফেল করবে বলে আশঙ্কা করছে।
ভুক্তভোগী নাদিরা সুলতানা, উম্মেহানি, নাজির আহমেদ, বিশাল দাস, সম্রাট ভূইয়া, সিয়াম হোসেন, আমিনুল, অভি, সাকিব, মো. শাহপরান জানায়, পরীক্ষার দিন প্রশ্নপত্র হাতে পেয়েই তারা কেন্দ্রের সংশ্লিষ্ট শিক্ষকদের প্রশ্নপত্র ভুলের বিষয়টি জানিয়েছে, কিন্তু কেন্দ্রের দায়িত্বরত শিক্ষকরা তাদের ধমকিয়ে ওই প্রশ্নেই পরীক্ষা দিতে বলেন এবং এ বিষয়টি বাইরের কাউকে না জানাতে অনুরোধ করেন।
এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রাশেদুজ্জামান জানান, বিষয়টি জেলা প্রশাসকসহ আমরা সকলেই জেনেছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। প্রাথমিকভাবে কেন্দ্রে দায়িত্বরতদের অব্যাহতি দেওয়া হয়েছে। পরে ঊর্ধ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
৪২ দিন আগে