চট্টগ্রাম
কক্সবাজারে বন্য হাতির আক্রমণে মা-মেয়ে নিহত
কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে রোহিঙ্গা অধিবাসী আসমা বিবি (২৭) ও তার তিন বছর বয়সী মেয়ে ছেমন আরার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম খুনিয়াপালং এলাকার সৈয়দ কলোনীতে এ ঘটনা ঘটে।
নিহতরা ওই এলাকায় দীর্ঘদিন ধরে বসবাসকারী মো. একরাম মিয়ার স্ত্রী ও মেয়ে ছিল।
স্থানীয়রা জানান, ভোরের দিকে বন্য হাতির একটি পাল হঠাৎ লোকালয়ে ঢুকে পড়ে। এ সময় হাতিরা কয়েকটি বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুর করে এবং আশপাশের গাছপালা উপড়ে ফেলে। এতে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মাদরাসা শিক্ষক জুবাইরুল ইসলাম বলেন, লোকজনের হৈচৈ শুনে ঘর থেকে বেরিয়ে আসেন একরাম মিয়া ও তার স্ত্রী আসমা। তাদের সঙ্গে ছিল দুই শিশু সন্তান। এ সময় হাতির আক্রমণ থেকে বাঁচতে একরাম মিয়া ছয় বছর বয়সী ছেলে রেহান উদ্দিনকে নিয়ে দ্রুত সরে যান। তবে আসমা ও তার ছোট মেয়ে ছেমন আরা হাতির আক্রমণের মুখে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সদস্য জয়নাল আবেদিন জানান, ওই হাতির পালে তিনটি হাতি ছিল খুবই আক্রমণাত্মক। সামনে পড়ে যাওয়ায় মা-মেয়ের পালানোর সুযোগ ছিল না। এ সময় ঘরবাড়ি ভাঙচুর ও গাছের আম-কাঁঠাল খেয়ে পাশের পাহাড়ে চলে যায় হাতিগুলো।
তিনি আরও জানান, নিহতরা রোহিঙ্গা নাগরিক হওয়ায় বনবিভাগের জমিতে ঘর তুলে কয়েক বছর ধরে সেখানে বসবাস করে আসছিলেন।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা মো. তোসাদ্দেক হোসেন জানান, ঘটনার পর হাতির পালটিকে তাড়িয়ে গভীর বনে প্রবেশ করানো হয়েছে। পাশাপাশি বন্য হাতির চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল সম্পন্ন করেছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।
৩৫ দিন আগে
কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড
কুমিল্লার বুড়িচংয়ে ধর্ষণের পর শিশু হত্যার দায়ে ময়নাল হোসেন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে এই রায় দেন শিশু ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুল হান্নান। ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আসামি বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের বাসিন্দা।
বাদীপক্ষের আইনজীবী বদিউল আলম সুজন জানান, ২০২১ সালে উপজেলার ভারেল্লা গ্রামে আসামি ময়নাল হোসেন দ্বিতীয় শ্রেণিপড়ুয়া শিশু উম্মে হাবিবা মীমকে ধর্ষণ শেষে হত্যা করে পলিথিনে পেঁচিয়ে মরদেহ টয়লেটের ট্যাংকে লুকিয়ে রাখে। এ ঘটনায় নিহত উম্মে হাবিবার মীমের মা বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা করেন।
৩৫ দিন আগে
চাঁদপুরে নিষেধাজ্ঞা শেষে নদীতে নামছেন জেলেরা
চাঁদপুরে ইলিশের পোনা জাটকা সংরক্ষণে দুই মাসের নিষেধাজ্ঞা শেষে আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে নদীতে নামছেন জেলেরা। মেঘনা পাড়ের জেলেপাড়াগুলো এখন মাছ ধরার প্রস্তুতিতে সরগরম। ইতোমধ্যে তারা ইলিশ ধরার সব প্রস্তুতি শেষ করেছেন।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সদর উপজেলার পুরানবাজার হরিসভা, পশ্চিম শ্রীরামদী, রণগোয়াল, দোকানঘর, হানারচর, বহরিয়া, ইব্রাহীমপুর, হরিণা ঘাট এবং শহরের উত্তরের আনন্দবাজার ও বিষ্ণুপুর এলাকার জেলেপাড়া ঘুরে জেলেদের ইলিশ ধরার প্রস্তুতি দেখা যায়।
জেলেদের কেউ জাল মেরামত, কেউ নৌকা সংস্কার এবং অনেকে মিলে নৌকা নদীতে নামানোর কাজে ব্যস্ত ছিলেন।
এর আগে, চাঁদপুরে ইলিশের পোনা জাটকা সংরক্ষণে মার্চ-এপ্রিল দুই মাস পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছিল সরকার।
আনন্দবাজার এলাকার জেলে মো. ইসমাইল খাঁ ও মোহাম্মদ হোসেনসহ কয়েকজন জানান, সরকারি নিষেধাজ্ঞা মেনে চললেও সংসার চালাতে হিমশিম খেতে হয়েছে। এখন আবার নদীতে নামার জন্য জাল ও নৌকা প্রস্তুত করেছি।
বহরিয়া এলাকার জেলে খোরশেদ আলম এবং লক্ষ্মীপুর এলাকার জেলে আনোয়ার হোসেন গাজী বলেন, নৌকা ও জাল মেরামত করতে প্রায় ৩০ হাজার টাকা ঋণ নিতে হয়েছে। এখন ইলিশ পাওয়া গেলে ঋণ শোধ করা যাবে।
একই এলাকার জেলে ফারুক গাজী বলেন, আমিও ইলিশ পাওয়ার আশায় ঋণ করে নৌকা প্রস্তুত করেছি। আমার নৌকায় ৭ জন কাজ করেন। ইলিশ পেলে আমাদের সংসার চলবে, না হয় কিস্তি নিয়ে বিপাকে পড়তে হবে। কারণ সরকারিভাবে যে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে তাতে সংসার চলে না। নগদ টাকা দিলে কিছুটা উপকার হতো। অন্তত মাস প্রতি জেলেদের বিকাশে ১০ হাজার করে টাকা দিলে কিছুটা পোষাত। আমাদের সরকারের প্রতি আকুল আবেদন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সরকার আগামীতে এটা নিয়ে যেন ভাবেন।
এদিকে, জেলা মৎস্য অফিসের কর্মকর্তা ফারহানা আক্তার রুমা বলেন, এ বছর জাটকা সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়ন হওয়ায় ইলিশ উৎপাদন অনেক বৃদ্ধি পাবে।
ইলিশ গবেষক ড. আনিসুর রহমান ইউএনবিকে বলেন, আজকের জাটকাই আগামী দিনের বড় ইলিশ। যদি ৭০ থেকে ৮০ শতাংশ জাটকা সংরক্ষণ করা যায়, তাহলে আগামীতে দেশে পৌনে ৬ লাখ টন ইলিশ বেশি উৎপাদন হবে বলে আশা করা যায়।
জেলেদের অবৈধভাবে ইলিশ ধরার ব্যাপারে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, নিষেধাজ্ঞার দুই মাসে চাঁদপুরের পদ্মা-মেঘনার ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় আমরা দিন-রাত অভিযান পরিচালনা করেছি। যেসব জেলে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরেছেন এমন প্রায় দুই শতাধিক জেলেকে জেল ও জরিমানা করা হয়েছে। তবে এই অভিযানের ফলে যেমন জাটকা রক্ষা পেয়েছে, তেমনি জাতীয় মাছ ইলিশ উৎপাদন বেড়ে যাবে।
তিনি আরও বলেন, জাটকা ধরা থেকে বিরত থাকা জেলেদের সরকার চার মাসে ৪০ কেজি করে ১৬০ কেজি ভিজিএফ চাল দিয়েছে। পাশাপাশি এ বছরই প্রথম জাটকাপ্রবণ এলাকার জেলেদের চালের পাশাপাশি অন্যান্য বিশেষ খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।
ওমর ফারুক বলেন, পদ্মা-মেঘনার জাটকাপ্রবণ এলাকার জেলেদের জন্য এবার বিশেষ খাদ্য সহায়তার বরাদ্দ এসেছে। আগে কখনও এ রকম বরাদ্দ আসেনি। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থপনা প্রকল্পের আওতায় সাড়ে ৮ হাজার জেলের জন্য চালের পাশাপাশি বিশেষ খাদ্য সহায়তা বরাদ্দ এসেছে। আগামী কয়েকদিনের মধ্যেই এসব খাদ্য সহায়তা জেলেদের হাতে পৌঁছাবে।
বিশেষ এই খাদ্য সহায়তার মধ্যে রয়েছে— জনপ্রতি ৫ লিটার সয়াবিন, ১২ কেজি আটা, ১৬ কেজি আলু, ৪ কেজি চিনি, ৪ কেজি লবণ ও ৮ কেজি মসুর ডাল।
৩৫ দিন আগে
চট্টগ্রামে অতিবৃষ্টিতে দেওয়াল ধসে প্রাণ গেল নারীর
চট্টগ্রামের কর্ণফুলীতে অতিবৃষ্টির কারণে দেওয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার শিকলবাহা মাস্টারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম আশেক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত দেলোয়ারা বেগম ওই এলাকার মৃত ফজল আহমেদের স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, অতিবৃষ্টির কারণে রাস্তার পাশের একটি দেওয়াল ধসে পড়ে। এ সময় দেলোয়ারা বেগম দেওয়ালটির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, ‘দেওয়াল ধসে একজন নারীর মৃত্যু এবং দুই শিশু আহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
৩৬ দিন আগে
নোয়াখালীতে স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় কোচিং শিক্ষকের মৃত্যুদণ্ড
নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিয়া হোসেন অদিতা (১৪) হত্যা মামলায় আসামি কোচিং শিক্ষক আব্দুর রহিম রনিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে বিষয়টি ধামাচাপা দিতেই অদিতাকে হত্যা করা হয় বলে আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. সেলিম শাহী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২২ সালের ২২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকায় নিজ বাসা থেকে স্কুলছাত্রী অদিতার গলা ও হাত-পায়ের রগ কাটা অবস্থায় রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনার দিন রাতেই অদিতার সাবেক কোচিং শিক্ষক স্থানীয় আব্দুর রহিম রনিকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ। পরে নিজের অপরাধ স্বীকার করে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন রনি।
গ্রেপ্তারের সময় রনির মাথা, ঘাড়, গলাসহ শরীরের একাধিক স্থানে অদিতার নখের আঁচড় দেখতে পায় পুলিশ। এমনকি তার পরিহিত জামায়ও রক্তের দাগও পাওয়া যায়। পরে রনির স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছোরা, বালিশসহ অন্যান্য আলামত জব্দ করে পুলিশ।
চাঞ্চল্যকর এ মামলায় বাদীপক্ষের ৪১ জন সাক্ষী গ্রহণ করা হয়। আসামিপক্ষের পাঁচজন সাফাই সাক্ষীর সাক্ষ্যও গ্রহণ করেন বিচারক।
হত্যাকাণ্ডের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিবাদ, মানববন্ধন ও বিক্ষোভ করে আসামির ফাঁসির দাবি জানায়। একইসঙ্গে স্থানীয় সচেতন মহল এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সর্বোচ্চ শাস্তির দাবি তোলে।
তাসনিয়া হোসেন অদিতা নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার প্রয়াত রিয়াজ হোসেন সরকারের মেয়ে ছিল। তার মা রাজিয়া সুলতানা বেগমগঞ্জ উপজেলার একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা। রিয়াজ হোসেন সরকার ২০১২ সালে দক্ষিণ আফ্রিকায় মারা যান। এরপর রাজিয়া সুলতানা দুই মেয়েকে নিয়ে লক্ষ্মীনারায়ণপুরের জাহান মঞ্জিলে থাকতেন।
ঘটনার দিন সকালে বাসা থেকে স্কুলে যায় অদিতা। দুপুর ১২টার দিকে প্রাইভেট পড়া শেষে সে বাসায় একা ছিল। সন্ধ্যায় বাড়ি ফিরে ঘরের মূল দরজায় তালা দেখতে পান তার মা। তালা খুলে ভেতরে ঢুকে সামনের কক্ষে আলমারির জিনিসপত্র এলোমেলো দেখতে পান তিনি। সে সময় তিনি ঘরে অদিতাকে দেখতে পাননি। কিছুক্ষণ পর অন্য একটি কক্ষ খুলে মেয়ের বিছানায় তার গলা ও দুই হাতের রগ কাটা মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি।
রাজিয়া সুলতানা জানান, ঘটনার কিছুদিন আগে রনির কোচিংয়ে পড়া বন্ধ করে দিয়ে অন্য জায়গায় প্রাইভেট পড়তে শুরু করে অদিতা। এতে ক্ষিপ্ত হন রনি। যদিও বিষয়টি তাদের বুঝতে না দিয়ে অদিতাদের বাসায় বিভিন্ন সময় আসা-যাওয়া করতেন তিনি।
ঘটনার দিন অদিতার মা বাসায় না থাকার সুযোগে দুপুর ১২টা থেকে ২টার মধ্যে অদিতাকে ধর্ষণের চেষ্টা করেন রনি। পরে ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার জন্য ঘরে আলমারিতে থাকা মালামাল ছড়িয়ে-ছিটিয়ে রাখেন তিনি।
ঘটনার পর পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে আব্দুর রহিম রনিসহ চারজনকে গ্রেপ্তার করে। পরে তদন্ত শেষে অন্যদের অব্যাহতি দিয়ে রনিকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
রায় ঘোষণার পর নিহতের মা সন্তোষ প্রকাশ করেছেন। মামলায় সহযোগিতাকারী আইনজীবী, সাংবাদিক ও সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। একইসঙ্গে তিনি দ্রুত রায় কার্যকরের দাবি জানান।
বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রসুল মামুন। তিনি বলেন, এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
অন্যদিকে, আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট হুমায়ুন কবির হিরু। তিনি রায়ে অসন্তোষ প্রকাশ করে জানান, আসামিপক্ষ ন্যায়বিচার পাননি। তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
৩৬ দিন আগে
কালবৈশাখী ও বৃষ্টিতে বিপর্যস্ত ব্রাহ্মণবাড়িয়া, এসএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি
ব্রাহ্মণবাড়িয়া জেলায় কালবৈশাখীর তাণ্ডব, ভারী বর্ষণ ও বজ্রপাতের মধ্যেই ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে কেন্দ্রে যেতে হচ্ছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গিয়ে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থী ও অভিভাবকরা।
বৃষ্টিতে শহরের গুরুত্বপূর্ণ জেলা পরিষদ মার্কেট, রেল স্টেশন রোড, কাজীপাড়া ও সরকার পাড়াসহ বিভিন্ন সড়ক ও অলিগলিতে হাঁটুসমান পানি জমে যায়। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশেও একই চিত্র দেখা যায়। জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের ভিজে কষ্ট করে কেন্দ্রে পৌঁছাতে দেখা গেছে।
এদিকে, কালবৈশাখীর সঙ্গে দফায় দফায় বজ্রপাত পরিস্থিতিকে আরও আতঙ্কজনক করে তুলছে। অভিভাবকরা সন্তানদের নিয়ে চরম উদ্বেগের মধ্যে পড়েছেন। অনেক পরীক্ষার্থী জানান, সকালে প্রবল বৃষ্টি ও বজ্রপাতের কারণে সময়মতো কেন্দ্রে পৌঁছানো নিয়ে তারা দুশ্চিন্তায় ছিলেন। পাশাপাশি রিকশা ও অন্যান্য যানবাহনের সংকট তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে দেয়।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. কাউসজর আহমেদ জানান, পানি নিষ্কাশনের জন্য ইতোমধ্যে কাজ শুরু করা হয়েছে। তিনি বলেন, পৌরসভার শ্রমিকরা বিভিন্ন এলাকায় জমে থাকা পানি দ্রুত সরিয়ে নিতে ড্রেন পরিষ্কারসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।
টানা বৃষ্টির কারণে সাময়িকভাবে জলাবদ্ধতা সৃষ্টি হলেও পরিস্থিতি স্বাভাবিক করতে পৌর কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে এমন সমস্যা কমাতে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নেও পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
স্থানীয় সচেতন মহল বলছে, প্রতি বর্ষা মৌসুমেই শহরের বিভিন্ন এলাকায় এমন জলাবদ্ধতা নতুন নয়। দ্রুত কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা ও টেকসই অবকাঠামোগত উন্নয়ন না হলে ভবিষ্যতেও শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে একই ভোগান্তির মুখে পড়তে হবে।
৩৭ দিন আগে
ইঞ্জিনে ত্রুটি, ৬ ঘণ্টা পর ফেনী ছাড়ল চট্টলা এক্সপ্রেস
ইঞ্জিনে ক্রুটির কারণে ফেনীর প্ল্যাটফর্মে প্রায় ছয় ঘণ্টা ধরে আটকে থাকার পর চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ২টার দিকে ট্রেনটি রাজধানীর দিকে রওয়ানা হয়। এর আগে, সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ফেনী স্টেশনে ট্রেনটি পৌঁছালে ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এতে চরম ভোগান্তিতে পড়েন ট্রেনের সাত শতাধিক যাত্রী।
রেলওয়ে কর্মকর্তা ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফেনী রেলস্টেশনে ট্রেনটি আটকা পড়েছে। ট্রেনটির ইঞ্জিনের ট্যাবলেট কভার থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। পরে ত্রুটি শনাক্ত ও সমাধানের চেষ্টা করতে গেলে সহকারী লোকোমাস্টার মোহাম্মদ কাওসার ধোঁয়ায় আহত হন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান।
তবে ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটি স্টেশনে আটকে থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ায় অনেক যাত্রীকে স্টেশনে নেমে বিকল্প পরিবহনের খোঁজ করতে দেখা গেছে। তবে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাত হওয়ায় চরম বিপাকে পড়েছেন যাত্রীরা।
ফেনী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন বলেন, ফেনী থেকে যেসব যাত্রীর এই ট্রেনে ওঠার কথা ছিল, তাদের অনেকে টিকিট ফেরত দিয়ে বিকল্প পরিবহনে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন। তবে ট্রেনটি প্ল্যাটফর্মে আটকে থাকলেও পাশের দুটি লাইন সচল থাকায় অন্য ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
৩৭ দিন আগে
চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৩
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।
সোমবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহত বা নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ফিরোজ খান জানান, আজ (সোমবার) সকাল ৯টার দিকে লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠান। সেখানকার চিকিৎসকরা ৩ জনের মৃত্যু ঘোষণা করেন। নিহতদের মধ্যে দুইজন বৌদ্ধ ভান্তে রয়েছেন। আহতদের মধ্যে ৪ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
৩৭ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় বিকাশে টাকা লেনদেন নিয়ে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিকাশে টাকা লেনদেন নিয়ে বিরোধের জের ধরে ত্রিমুখী সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা থেকে উপজেলার নতুন হাবলি গ্রামের পশ্চিম পাড়ার সঙ্গে পূর্ব পাড়া ও দক্ষিণ আরিফাইল এলাকাবাসীর এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের ভয়াবহতা ছড়িয়ে পড়লে পুরো এলাকা জুড়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, ২-৩ সপ্তাহ আগে নতুন হাবলি গ্রামের পশ্চিম পাড়া এলাকার বোরহান মিয়া পূর্ব পাড়া এলাকার শিহাবের দোকানে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে যান। কিন্তু বিকাশে টাকা পাঠাতে দেরি হওয়ায় বোরহান মিয়া অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হলে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। তবে এ নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছিল তাদের মধ্যে।
গতকাল (রবিবার) বিকেলে শিহাব দক্ষিণ আরিফাইল এলাকার রায়হান, ইয়াসিনসহ আরও কিছু বন্ধুদের নিয়ে পশ্চিমপাড়া এলাকায় ঘুরতে যান। এ সময় স্থানীয় একটি মাঠে ফুটবল খেলা নিয়ে তর্কে জড়ান শিহাব ও বোরহান। এতে ক্ষুব্ধ হয়ে বোরহান তার লোকজনদের নিয়ে শিহাব ও তার বন্ধুদের ওপর হামলা ও মারধর করেন। খবরটি জানাজানি হওয়ার পর সন্ধ্যায় পশ্চিম পাড়া এলাকাবাসীর সঙ্গে পূর্ব পাড়া ও দক্ষিণ আরিফাইল এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় রাতের আঁধারে টর্চের আলো জ্বালিয়ে কয়েক ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। সংঘর্ষে ইট পাটকেল নিক্ষেপ আর পাল্টাপাল্টি ধাওয়ায় পুরো এলাকা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। এতে সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
৩৮ দিন আগে
চাঁদপুরে পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় প্রসূতিসহ দুই নারীর মৃত্যু
চাঁদপুরে পৃথক বিদুৎস্পৃষ্টের ঘটনায় প্রসূতিসহ দুই নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার বড়কূল পশ্চিম ইউনিয়নের কুড়ুলী মুন্সী বাড়ি এবং মতলব দক্ষিণে উপাধী উত্তর ইউনিয়নের নওগাঁও গ্রামে দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন— সুমাইয়া আক্তার (২২) এবং ইসরাত জাহান ইমা (১৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সী বাড়ির সুমাইয়া আক্তার গতকাল (শুক্রবার) দুপুরে স্বামী শরিফ হোসেনের অটোরিকশা নিজে চার্জ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুতের শক লেগে মাটিতে ছিটকে পড়েন। চিৎকার শুনে পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
অটোরিকশাচালক শরিফ হোসেন জানান, তার স্ত্রী পাঁচ মাসের অন্ত:সত্ত্বা ছিলেন। স্ত্রীসহ অনাগত সন্তানের কথা মনে করে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, পরিবারের অভিযোগ না থাকায় লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এদিকে, ঠিক একই সময়ে চাঁদপুরের নওগাঁও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসরাত জাহান ইমা নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক শিবির আহমেদ জানান, মেয়েটি তার স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। তার মা রুমা আক্তার বিদেশে থাকেন এবং বাবা চট্টগ্রামে কাজ করেন। ইমা নানার বাড়িতে থেকে লেখাপড়া করত।
তিনি আরও জানান, আজ দুপুরে নানা তাজুল ইসলামের অনুরোধে ইমা ঘরের চালের ওপর জমে থাকা পাতা পরিষ্কার করতে মই দিয়ে চালে উঠতেই হঠাৎ বিদ্যুৎতের শক খেয়ে নিচে মাটিতে পড়ে গিয়ে মারাত্মক আহত হয় । মূলত চালের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার ছিদ্র হয়ে ঘরের চাল আগেই বিদ্যুতায়িত ছিল। এ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে মতলব স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফ হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
৪০ দিন আগে