সিলেট
সিলেটে বেড়াতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
সিলেটের জাফলংয়ে দাদির সঙ্গে বেড়াতে গিয়ে পানিতে ডুবে জিহাদ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সকালে জাফলংয়ের জিরো পয়েন্ট-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদ নরসিংদী জেলার শিবপুর থানার পুটিয়া এলাকার জুয়েল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, শিশুটি তার দাদির সঙ্গে বেড়াতে এসে সকাল সাড়ে ১০টার দিকে অসাবধানতাবশত জিরো পয়েন্টের পাশে পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, জাফলং ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন তালুকদার জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
৬৯ দিন আগে
সিলেটে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামি ছিনতাই
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় এক বিএনপি নেতার নেতৃত্বে উচ্ছৃঙ্খল জনতা ‘মব’ সৃষ্টি করে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ এক সাজাপ্রাপ্ত আসামিকে ছিনতাই করার অভিযোগ উঠেছে। তবে ঘটনার আড়াই ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে ওই আসামিকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের নতুন মেঘারগাঁও রহিমার বাজারে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের ৩ জন কনস্টেবল আহত হন।
গ্রেপ্তার আলী হোসেন কোম্পানীগঞ্জ উপজেলার মেঘারগাঁও গ্রামের বাসিন্দা। তিনি একটি মামলায় আদালতের রায়ে ৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে সাজাপ্রাপ্ত আসামি আলী হোসেনকে গ্রেপ্তারের জন্য কোম্পানীগঞ্জ থানার একটি দল অভিযান চালায়। অভিযানে তাকে আটক করে হাতকড়া পরিয়ে থানার দিকে রওনা দেয় পুলিশ। এ সময় পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান উপজেলা কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য একই গ্রামের বাসিন্দা তাজুল ইসলামের নেতৃত্বে একদল লোক পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ তাদের বাধা দিলেও তারা তা উপেক্ষা করে হামলা ন। এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) সাগরসহ তিন কনস্টেবল আহত হন।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত বিএনপি নেতা তাজুল ইসলামের মেয়ে খাদিজা ও সুমাইয়া, নতুন মেঘারগাঁও গ্রামের হাবিবুল্লাহর মেয়ে হাজেরা এবং আমির মিয়ার ছেলে মানিক মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।
এমন পরিস্থিতিতে এলাকাবাসীর চাপের মুখে আড়াই ঘণ্টা পর একই এলাকা থেকে হাতকড়াসহ আলী হোসেন পুনরায় পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হন।
৭০ দিন আগে
সুনামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ জব্দ
সুনামগঞ্জের জগন্নাথপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। অভিযানের সময় প্রধান আসামি পিয়ার আলী পালিয়ে যান।
মঙ্গলবার (২৪ মার্চ) ভোরে উপজেলার ৩ নম্বর মিরপুর ইউনিয়নের শ্রীরামসি (রসুলপুর) গ্রামের মো. পিয়ার আলীর বাড়িতে এ অভিযান চালানো হয়।
বাড়িটিতে তল্লাশি করে একটি বিদেশি একনলা বন্দুক, ম্যাগাজিনসহ একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার এবং একটি ১২ বোর পাইপ গান জব্দ করা হয়। আগ্নেয়াস্ত্রের পাশাপাশি সেখান থেকে ৭.৬৫ মিলিমিটার পিস্তলের অ্যামো, ৫টি শূন্য দশমিক ২২ এ্যামো, ৬টি ১২ বোর শটগান অ্যামুনেশন এবং ১৪০০টি ৫.৫ মিলিমিটার ক্যালিবার অ্যামুনেশন জব্দ করা হয়েছে।
শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পের ৫৭ ইস্ট বেঙ্গলের লেফটেন্যান্ট কর্নেল সালেহ আল হেলালের নেতৃত্বে স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে জগন্নাথপুর থানার এসআই ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দলও অংশ নেয়। অভিযান শেষে জব্দ করা সকল অবৈধ অস্ত্র ও গোলাবারুদ জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৪ ডিসেম্বর জগন্নাথপুর থানায় দায়েরকৃত একটি মারামারি মামলার এজাহারভুক্ত আসামি মো. পিয়ার আলীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে এ তল্লাশি চালানো হয়। সে সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে প্রধান আসামি পিয়ার আলী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
৭১ দিন আগে
সিলেটে কোথায়, কখন ঈদের জামাত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট মহানগরীর বিভিন্ন ঐতিহ্যবাহী ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মহানগরীর মুসল্লিদের সুবিধার জন্য প্রধান জামাত এবং অন্যান্য জামাতের সময় ও স্থান ঠিক করা হয়েছে। শহরের রাজনৈতিক নেতা, প্রশাসক ও বিশিষ্টজনরা প্রধান জামাতে অংশ নেবেন।
সিলেটের প্রধান জামাত অনুষ্ঠিত হবে শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠে। এখানে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ছাড়াও সিটি করপোরেশনের প্রশাসক, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা নামাজ আদায় করবেন।
এছাড়া দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদ প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন মাওলানা আসজাদ আহমদ। একই সময়ে দরগাহে হযরত শাহপরাণ (রহ.) জামে মসজিদ প্রাঙ্গণেও জামাত অনুষ্ঠিত হবে।
সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআনের উদ্যোগে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। সেখানে মহিলা ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা থাকবে।
নগরীর কোর্ট পয়েন্ট-সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে সকাল ৭টায় জামাত অনুষ্ঠিত হবে। বন্দরবাজারের ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে তিনটি জামাত হবে—প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় এবং তৃতীয় জামাত সকাল ৯টায়।
নগরীর জামেয়া মদীনাতুল উলুম খাসদবীর মাদ্রাসায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়। দক্ষিণ সুরমার সিলাম শাহী ঈদগাহ ময়দানে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
কাজিরবাজার মখন জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হবে সকাল সোয়া ৯টায় এবং টিলাগড় শাহ মাদানী ঈদগাহ ময়দানে জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
৭৬ দিন আগে
টাঙ্গুয়ার হাওরে ঢুকছে পানি, শঙ্কায় কৃষক
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের অরক্ষিত নজরখালী বাঁধ দিয়ে হাওরে পানি প্রবেশ করছে। টানা তিন দিনের বৃষ্টিপাতে বৌলাই ও পাটলাই নদীর পানি বৃদ্ধি পেয়ে মঙ্গলবার (১৭ মার্চ) ভোর থেকে বাঁধ দিয়ে পানি ঢুকতে শুরু করে।
নজরখালী বাঁধসংলগ্ন গোলাবাড়ি গ্রামের বাসিন্দা খসরুল আলম জানান, নদীর পানি বেড়ে যাওয়ায় ভোর থেকেই বাঁধ দিয়ে হাওরে পানি প্রবেশ করছে।
টাঙ্গুয়ার হাওরের আওতায় উত্তর বংশীকুন্ডা ও দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের পুরো এলাকা এবং শ্রীপুর উত্তর ও দক্ষিণ ইউনিয়নের একাংশ রয়েছে। এসব এলাকার প্রায় ২০ হাজার একর জমি এ হাওরের অন্তর্ভুক্ত।
নজরখালী বাঁধের আওতায় সোনাডুবি, তেকুনিয়া, লামারবিল, বালর ডোবা, গইন্যাকুড়ি, হানিয়া কলমা, হাতিরগাতা, খাউজ্যাউরি, সামসাগর, চটাইন্না, রউয়্যা, রুপাভূই, মুক্তারখলা ও বাগমারা হাওর রয়েছে।
স্থানীয়রা জানান, বহু বছর ধরে কৃষকেরা নজরখালী বাঁধটি পাউবোর তালিকাভুক্ত করার দাবি জানিয়ে আসছেন। কিন্তু সরকারি উদ্যোগ না থাকায় প্রতিবছর নিজেরাই চাঁদা তুলে বাঁধ নির্মাণ ও মেরামতের কাজ করে থাকেন।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তালিকাভুক্ত না হওয়ায় নজরখালী বাঁধ নিয়ে এবারও স্থানীয়দের উদ্বেগ বেড়েছে। বরাবরের মতো এবারও কৃষকেরা নিজেদের উদ্যোগেই বাঁধ রক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তাহিরপুর উপজেলার ৮২টি গ্রামের কৃষক স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের প্রস্তুতি নিয়েছেন।
রুপনগর গ্রামের কৃষক আব্দুছ সালাম বলেন, টাঙ্গুয়ার হাওরটি রামসার সাইট হওয়ায় পানি উন্নয়ন বোর্ড এখানে কাজ করে না। ফলে জমির ফসল রক্ষায় প্রতি বছর আমাদেরই বাঁধ নির্মাণ করতে হয়। প্রতি কিয়ার (৩০ শতক) জমির জন্য ৩০০ টাকা করে চাঁদা তুলে প্রায় ১০ লাখ টাকা সংগ্রহ করে কাজ শুরু করা হয়।
শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার বলেন, কৃষকেরা স্বেচ্ছাশ্রমে বাঁধের কাজ করে থাকেন। প্রশাসনের কাছে বারবার আবেদন করেও নজরখালী বাঁধটি পাউবোর আওতায় আনা সম্ভব হয়নি।
খসরুল আলম জানান, দুয়েক দিনের মধ্যেই স্বেচ্ছাশ্রমে বাঁধের কাজ শুরু করা হবে এবং প্রায় এক সপ্তাহের মধ্যে তা শেষ করা সম্ভব।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার বলেন, ‘নজরখালী বাঁধটি পাউবোর তালিকাভুক্ত না থাকায় আমাদের পক্ষে এ বাঁধ নির্মাণ করা সম্ভব নয়।’
৭৮ দিন আগে
নবীগঞ্জে শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ গ্রেপ্তার
হবিগঞ্জের নবীগঞ্জে শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও ৪-৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
নিহত ফেরদৌসী ইসলাম চৌধুরী (৫৩), নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামনীরপাড় গ্রামের বাসিন্দা। তিনি মৃত সিরাজুল ইসলাম চৌধুরীর স্ত্রী। তার ছেলে রফিকুল ইসলাম চৌধুরী দুবাই প্রবাসী । বাড়িতে তিনি পুত্রবধূ তামান্না আক্তারের সঙ্গে বসবাস করতেন।
পুলিশ জানায়, সোমবার (১৬ মার্চ) সকালে নিজ বাড়ি থেকে ফেরদৌসী ইসলামের হাত-পা বাঁধা এবং মুখে টেপ লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ মর্গে পাঠানো হয়।
এ ঘটনার পরপরই তদন্তে নামে পুলিশ। ২৪ ঘণ্টার মধ্যে পুত্রবধূ তামান্না আক্তারকে (২২) আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
অভিযুক্ত তামান্নার জবানবন্দিতে জানা যায়, তার সঙ্গে সুনামগঞ্জের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার রাতে ওই যুবকসহ আরও ২-৩ জন তাদের বাড়িতে আসে। তারা আলমারি ভেঙে স্বর্ণ ও টাকা লুট করে। সে সময় শাশুড়ি ফেরদৌসীর গলার হার নিতে গেলে তিনি জেগে ওঠেন। তিনি চিৎকার শুরু করলে অভিযুক্তরা তাকে হাত-পা বেঁধে এবং মুখে টেপ লাগিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ।
এ ঘটনায় নিহতের ভাই ফারুক আহমেদ বাদী হয়ে তামান্না ও তার কথিত প্রেমিকসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামল দায়ের করেছেন।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
৭৮ দিন আগে
সিলেটে জমে উঠেছে ঈদের কেনাকাটা, ভিড়ের সঙ্গে বাড়ছে যানজট
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেট নগরীতে জমে উঠেছে কেনাকাটার উৎসব। নগরীর বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। পরিবার-পরিজন নিয়ে ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন নগরবাসী।
নগরীর আম্বরখানা, জিন্দাবাজার, লামাবাজার, বন্দরবাজার, জেলরোড, নয়াসড়ক ও কুমারপাড়া এলাকায় ঘুরে দেখা যায়, ক্রেতাদের আকৃষ্ট করতে রঙিন আলোকসজ্জায় সাজানো হয়েছে দোকানপাট ও শপিং মল। বেশিরভাগ ক্রেতাই পরিবারের ছোট সদস্যদের জন্য পোশাক কেনার মধ্য দিয়ে কেনাকাটা শুরু করছেন। এরপর বড়দের জন্য পোশাক, জুতা ও প্রসাধনী কেনা হচ্ছে।
তরুণ-তরুণীদের মধ্যে পোশাক ট্রায়াল দিয়ে দেখার প্রবণতা বেশি লক্ষ করা গেছে। পছন্দ না হলে আবার নতুন করে খোঁজ শুরু করছেন তারা।
জিন্দাবাজার, কুমারপাড়া ও নয়াসড়কের আধুনিক শপিং মলগুলোতে উচ্চবিত্ত ক্রেতাদের ভিড় বেশি দেখা গেলেও বন্দরবাজার এলাকায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ক্রেতাদের উপস্থিতি বেশি। বিশেষ করে হাসান মার্কেট ও হকার্স মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।
জিন্দাবাজারে পরিবারের সঙ্গে কেনাকাটা করতে আসা আবির নামের এক কিশোর জানায়, ঈদের জন্য নতুন পোশাক কেনা শেষ করে এখন জুতা ও প্রসাধনী কেনার পরিকল্পনা করছে সে। তবে দোকানে অতিরিক্ত ভিড়ের কারণে কেনাকাটায় সময় বেশি লাগছে বলে জানায় সে।
হাসান মার্কেটের বিক্রয়কর্মী হাবিব জানান, সাধারণত ১৫ রমজানের পর থেকেই সিলেটে ঈদের বাজার জমে ওঠে। এ বছর মেয়েদের থ্রি-পিস, ছেলেদের পাঞ্জাবি এবং শিশুদের পোশাকের চাহিদা বেশি। শেষ সময়ে এসে সকাল থেকে রাত পর্যন্ত দোকানে দাঁড়ানোর মতো জায়গাও থাকছে না।
তবে ক্রেতাদের অভিযোগ, গত বছরের তুলনায় এ বছর পোশাক, জুতা ও প্রসাধনীর দাম বেড়েছে।
নগরীর বারখলা এলাকার বাসিন্দা সৌরভ বলেন, আগের বাজেটে এবার কেনাকাটা করা সম্ভব হচ্ছে না। তবুও ঈদের কারণে বাধ্য হয়ে বেশি দামে কিনতে হচ্ছে।
একই ধরনের অভিযোগ করেছেন বালাগঞ্জ থেকে আসা কামরুল হোসেন। তিনি জানান, কয়েকটি দোকান ঘুরেও এখনও পছন্দসই দামে কাপড় পাননি, তাই দরদাম করছেন।
ব্যবসায়ীরাও স্বীকার করেছেন যে এ বছর পোশাক ও অন্যান্য পণ্যের দাম কিছুটা বেড়েছে। তাদের মতে, জুতার দাম গড়ে ২০–৩০ শতাংশ এবং প্রসাধনীর দাম ১৫–২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, অতিরিক্ত ক্রেতার চাপের কারণে নগরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে দীর্ঘ সময় আটকে থাকতে হচ্ছে যানবাহনগুলোকে। যানজট নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফলে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
এছাড়া ব্যবসায়ীরা জানান, সিলেট অঞ্চলের অনেক মানুষ প্রবাসে থাকায় এবং মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে প্রবাসী আয়ের প্রবাহ কিছুটা কমেছে। এর প্রভাব পড়েছে এবারের ঈদ বাজারেও।
সব মিলিয়ে, উৎসবের আমেজে সিলেট নগরী মুখর হলেও বাড়তি দাম ও যানজট সাধারণ মানুষের জন্য কিছুটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
৭৯ দিন আগে
সিলেটে বজ্রপাতে জেলে নিহত
সিলেটের কোম্পানীগঞ্জে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে রামচন্দ্র তালুকদার (৫৫) নামে এক জেলে নিহত হয়েছেন।
রবিবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার কালাইরাগ নতুনবাজার এলাকার ধলাই নদীতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মহানন্দ তালুকদারের ছেলে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ নতুনবাজার এলাকার একটি কলোনিতে ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ এবং স্থানীয়রা জানান, রামচন্দ্র তালুকদারসহ কয়েকজন মৎস্যজীবী নতুনবাজার এলাকায় ভাড়া থেকে ধলাই নদীতে বেড়জাল দিয়ে মাছ শিকার করতেন। গতকাল (রবিবার) সন্ধ্যার পর রামচন্দ্র একাই একটি ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে নদীতে যান। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। রাত ৯টার দিকে নদীতে থাকা অবস্থায় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
৮০ দিন আগে
সুনামগঞ্জের বারেক টিলায় গাছ কাটার ঘটনায় ১৬ জনের নামে মামলা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী দেশের জনপ্রিয় পর্যটন স্পট বারেক টিলায় (বারিক্কার টিলা) প্রকাশ্যে সরকারি গাছ কাটার ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে তাহিরপুর থানায় মামলা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা রঞ্জন কুমার দাস বাদী হয়ে মামলাটি করেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন বারেক টিলার আনন্দপুর গ্রামের সাবেক ট্রাইব্যাল চেয়ারম্যান পুলক আজিম, বড়গোপ টিলার মোশারফ হোসেন মোসা, হাফিজ, মানিক, জালাল, রাতুল মারাক, শহীদ, নজরুলসহ মোট ১৬ জন।
জানা গেছে, গত বুধবার (১১ মার্চ) দুপুরে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারেক টিলার ওয়াচ টাওয়ার-সংলগ্ন এলাকা থেকে ৩-৪টি সরকারি গাছ কেটে নিয়ে যাওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরদিন (বৃহস্পতিবার) শক্তিয়ারখলা বিট কর্মকর্তা রথীন্দ্র কিশোর রায় এবং ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা রঞ্জন কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করে গাছ কাটার সত্যতা পান।
এ বিষয়ে রথীন্দ্র কিশোর রায় বলেন, বারেক টিলার বাসিন্দা শহীদসহ ১৫-১৬ জনের একটি চক্র দীর্ঘদিন ধরে টিলার গাছ কেটে নিয়ে যাচ্ছে। বিষয়টি যাচাই করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে পরামর্শ করে তাদের বিরুদ্ধে ১৬ জনের নামে মামলা করা হয়েছে।
৮১ দিন আগে
সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুসংবাদ দিলেন বাণিজ্যমন্ত্রী
সড়ক ও রেলপথ নিয়ে সিলেটবাসীকে সুসংবাদ দিলেন বাংলাদেশ সরকারের শিল্প ও বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেছেন, আমার নির্বাচনি ইশতেহারে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে ছিল, যত দ্রুত সম্ভব সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের ভূমি অধিগ্রহণ ও কাজ সম্পন্ন করা। আগামী দুই-আড়াই মাসের মধ্যে বাকি থাকা সব জমি অধিগ্রহণ করে সব ব্লকে পুরোদমে কাজ শুরু হবে।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় মহানগরের মির্জাজাঙ্গালে অবস্থিত নির্ভানা ইন হোটেলে সিলেট জেলা প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, সিলেট-চট্রগ্রাম ৬ লেনের কাজও একই সময়ে শুরু হয়ে শেষ হবে ইনশাআল্লাহ। সিলেট-চট্টগ্রাম রাস্তার একটি বড় অংশ পড়েছে সিলেট-ঢাকা ৬ লেনে। এই দুই মহাসড়কের সংযোগ অংশের কাজের জন্য শিগগিরই প্রকল্প আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) পাঠানো হবে এবং পাস হয়ে কাজ শুরু হবে।
এছাড়া সিলেট-ঢাকা ডবল গেজ রেললাইন স্থাপনের জন্য একটি প্রকল্প প্রস্তাবনা তৈরি হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, শিগগির এই কাজও শুরু হবে।
খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, রেললাইনের কাজ সম্পন্ন হলে তিন বা সাড়ে তিন ঘণ্টায় সিলেট থেকে ঢাকা যাতায়াত করা যাবে। যেসব পরিকল্পনা, প্রতিশ্রুতি ও আশ্বাস নির্বাচনের আগে দিয়েছি, সেগুলো যেন আল্লাহ আমাকে দিয়ে পরিপূর্ণ করান—এই দোয়াই আপনারা করবেন।
ক্লাব সভাপতি দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাংলানিউজের জ্যেষ্ঠ প্রতিনিধি মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
৮১ দিন আগে