অন্যান্য
পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: মুফতি রেজাউল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বিগত দিনে যারা দেশ পরিচালনা করেছে, তাদের শাসন আমরা দেখেছি। আমরা আমাদের সন্তানের লাশ দেখতে চাই না। ইতোমধ্যে সামনে কী হবে, তা আমরা অনুমান করতে পারছি। চাঁদার জন্য পাথর মেরে মানুষ হত্যা, লাশের ওপর নৃত্য করতে দেখেছি। নির্বাচন কমিশনে গিয়ে মারামারি করতেও দেখেছি।
মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় ৬ টার দিকে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট বক্তব্য দিচ্ছেন। সুতরাং পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দেশের মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে না।
পড়ুন: আইন পরিবর্তন হলে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে: সিইসি
শরীয়তপুর জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুহাম্মদ তারেক জামিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউসুফ আবরারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ।
সমাবেশে আরও বক্তব্য দেন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম আজিজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি এস এম আহসান হাবিব।
১৯২ দিন আগে
নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে: নুরুল হক নূর
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি নুরুল হক নূর বলেছেন, নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে। রাজনীতি হতে হবে জনগণের জন্য।
তিনি বলেন, ‘পুরানো দুর্বৃত্তায়নের রাজনীতি এদেশে আর চলবে না। জনগণের রাজনীতি করতে হবে। জাতীয় স্বার্থে সবার ঐক্যবদ্ধ থাকতে হবে।’
শুক্রবার (২২ আগস্ট) যশোর টাউন হল মাঠে গণঅধিকার পরিষদের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নূর আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মাঝে মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে সবার এক হতে হবে।
তিনি বলেন, সংস্কারের ক্ষেত্রে সব দলের মতের প্রতিফলন হয়নি, জুলাই ঘোষণাপত্র নিয়ে সব রাজনৈতিক দল মতৈক্যে পৌঁছাতে পারেনি, যা হতাশাজনক। পুরনো ব্যবস্থা দিয়ে নতুন রাষ্ট্র পরিচালনা সম্ভব না বলেও উল্লেখ করেন গণঅধিকার পরিষদের নেতা।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি এ.বি.এম আশিকুর রহমান। প্রধান বক্তা ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান। বিশেষ অতিথি ছিলেন মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান আল মামুন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন গণঅধিকার পরিষদের অর্থ সম্পাদক রাশিদুর রহমান নিউটন।
১৯৬ দিন আগে
পুরোনো রাজনৈতিক বন্দোবস্তে নির্বাচন হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ অসম্ভব: নুর
পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে দিয়ে নির্বাচন হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর
তিনি বলেন, ‘নির্বাচনে নতুন বন্দোবস্ত নিয়ে আমরা আলোচনা করছি, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ হবে, উচ্চ কক্ষ পিআর পদ্ধতিতে হবে। এই ভাবে আমাদের নতুন বন্দোবস্তের দিকে পর্যায়ক্রমে এগিয়ে যেতে হবে।’
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কলেজ মোড়ে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর আরও বলেন, আপানারা দেখেছেন আমাদের সুযোগ ছিল, আমরা যদি সুবিধাবাদী রাজনীতি করতাম শেখ হাসিনার কেবিনেটে সবচেয়ে ভালো মন্ত্রী হতাম। শত সহস্র কোটি টাকার মালিক থাকতাম। আমরা সেটার সঙ্গে আপোষ করি নাই। আমরা মুখে যেটা বলেছি, অন্তরে সেটা ধারণ করেছি। আমরা বলেছি রাজনীতিকে জনগণের কাছে নিয়ে যেতে হবে, রাজনীতিকে জনগণের কাছে দায়বদ্ধ করতে হবে। তাই আপনাদেরকেও জনগণের প্রতিনিধিদেরকে নেতা বানাতে হবে।
তিনি বলেন, সম্প্রতি গোপালগঞ্জে এনসিপি এসে গোপালগঞ্জকে অপমান করেছে। বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে গোপালগঞ্জে প্রায় ১৮ হাজার লোককে আসামি করা হয়েছে। এই ১৮ হাজার পরিবারের দায়িত্ব এখন কে নেবে? আমরা হিংসাত্মক রাজনীতি করতে আসিনি। আমরা গোপালগঞ্জে এসেছি গোপালগঞ্জবাসীর সুখ-দুঃখের ভাগ নেওয়ার জন্য।
পড়ুন: এনসিপির প্রতি অন্তর্বর্তী সরকার পক্ষপাতদুষ্ট আচরণ করছে: নুর
গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আল আমিন সরদারের সভাপতিত্বে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক অপু মুন্সির সঞ্চালনায় পথসভায় পথসভায় আরও বক্তব্য দেন, গন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ফরিদপুর বিভাগীয় গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজুর রহমান, উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম, মাহফুজুর রহমান ও গোপালগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শেখ মোজাহিদ প্রমুখ।
১৯৬ দিন আগে
জন্মদিনে খালেদা জিয়াকে প্রধান উপদেষ্টার ফুলেল শুভেচ্ছা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (১৫ আগস্ট) গুলশানে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম বলেন, ‘বিকালে প্রধান উপদেষ্টা ম্যাডামের (খালেদা) জন্য ফুলের তোড়া পাঠিয়েছেন। তার কর্মকর্তারা এটা গুলশানের বাসভবনে নিয়ে এসেছেন।’
এদিন বিকাল ৪টায় প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারের কাছে ফুলের তোড়া হস্তান্তর করেন ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ও চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তা মাসুদ রহমান।
পড়ুন: খালেদা জিয়াকে কারাগারে নির্যাতন: জড়িতদের বিচারের দাবি মির্জা আব্বাসের
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকাস্থ চীনা দূতাবাস চীনা রাষ্ট্রদূতের পক্ষ থেকে খালেদা জিয়ার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠায়।
খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনবার দায়িত্ব পালন করেছেন এবং ১৯৯১ সালে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন।
বিএনপি তার ৮১তম জন্মদিন উপলক্ষে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল এবং গুলশান অফিসে আরেকটি অনুষ্ঠান আয়োজন করেছে।
ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ে মূল অনুষ্ঠানের পাশাপাশি রাজধানীতে বিভিন্ন মসজিদে ও এতিমখানা-মাদ্রাসায় বিএনপি চেয়ারপার্সনের জন্মদিন উপলক্ষ্যে এই মিলাদ ও দোয়া মাহফিল হচ্ছে।
ঢাকা ছাড়াও সারাদেশে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়েও দলের চেয়ারপার্সনের আরোগ্য কামনায় খালেদার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনায় এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণতান্ত্রিক আন্দোলন ও ২০২৪ সালের গণআন্দোলনে শহীদদের শান্তির জন্য মিলাদ ও দোয়া মাহফিল আয়োজিত হয়েছে।
২০৩ দিন আগে
এনসিপির প্রতি অন্তর্বর্তী সরকার পক্ষপাতদুষ্ট আচরণ করছে: নুর
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতি অন্তর্বর্তী সরকার পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
সোমবার (৪ আগষ্ট) বিকাল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ইউনিটের উদ্যোগে আয়োজিত এক প্রবন্ধ লিখনী প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে একটি পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জাবি শাখার সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজিরুল ইসলামের সঞ্চালনায় বক্তারা বলেন, আগামী নির্বাচনের আগেই প্রয়োজনীয় সংস্কার শেষে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে।
এ সময় নুরুল হক নূর বলেন, ‘ফ্যাসিবাদী হাসিনার পতনের পর এনসিপি প্রতিশ্রুতি দিলেও তারা তা ভেঙেছেন। নিজেদের দল গঠনের পর তারা রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করেছেন এবং এখনও করছেন।’
তিনি ২০২৪ সালের আন্দোলনের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, বিগত জুলাই গণ-অভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা ভূয়সী প্রশংসার দাবি রাখে।
জুলাই ঐক্য নষ্টের জন্য এনসিপিকে দায়ী করেন নুর।
তিনি আরও বলেন, আমরা এমন একটি বাংলাদেশ কল্পনা করি যেখানে কোনও বৈষম্য থাকবে না। এ ছাড়াও দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান এবং উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ প্রমুখ।
২১৪ দিন আগে
নতুন রূপে চাঁদাবাজ-স্বৈরাচারীদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না: মুফতি রেজাউল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম বলেছেন, জুলাই আন্দোলনের মাধ্যমে জাতি এক নতুন ধাপ অতিক্রম করেছে। একদল চোর-ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, আর নতুন রূপে চাঁদাবাজ ও স্বৈরাচারীদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না।
তিনি বলেন, ‘মানুষ এখন জানে কারা লুটেরা, কারা জাতির সঙ্গে প্রতারণা করে।’
সোমবার (২৮ জুলাই) চুয়াডাঙ্গা জেলা শহরের টাউন ফুটবল মাঠে দুপুর ২টায় এক দলের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পড়ুন: নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের নেতা নিহত
মুফতি রেজাউল করিম আরও বলেন, ‘১৯৮৭ সাল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী শাসন ও ইনসাফ প্রতিষ্ঠায় রাজপথে আছে, এবং ভবিষ্যতেও থাকবে। ইসলামী মূল্যবোধ, শান্তি ও সুবিচার প্রতিষ্ঠাই আমাদের চূড়ান্ত লক্ষ্য।’
বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘আগামী নির্বাচনে পিআর (প্রোপরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি প্রয়োগ করতে হবে। জুলাই আন্দোলনে হত্যার যথাযথ বিচার, রাজনীতি সংস্কার, ও নারীদের সুশিক্ষা নিশ্চিত করতে হবে। জনগণ আর কোনোভাবে দুর্নীতিবাজ ও দখলবাজদের ক্ষমতায় দেখতে চায় না।’
খুলনা বিভাগীয় সংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল বলেন, ‘বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক, ইনসাফপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সমস্ত ইসলামী দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে আলোকিত ভবিষ্যতের জন্য কাজ করছি।’
চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুহাম্মদ হাসানুজ্জামান সজিবের সভাপতিত্বে আরও বক্তব্য দেন খুলনা বিভাগীয় সংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল, জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাডভোকেট রুহুল আমিন প্রমুখ।
গণসমাবেশ শেষে চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থীর নাম ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
প্রার্থীরা হলেন- চুয়াডাঙ্গা-১ আসনে মুফতি জহুরুল ইসলাম আজিজী ও চুয়াডাঙ্গা-২ আসনে মুহাম্মদ হাসানুজ্জামান সজিব।
২২১ দিন আগে
চট্টগ্রামে শিবির-ছাত্রদল সংঘর্ষে আহত অন্তত ২০
চট্টগ্রাম মহানগরীর চকবাজারে ছাত্রদলের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক ব্যক্তিকে থানায় দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত ওই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে ২ শিবিরকর্মীকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ফাহিম নামের এক শিবিরকর্মীকে মারধরের ঘটনায় এ পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানা গেছে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, রাতে নগরীর চকবাজার থানার গুলজার মোড় ঘিরে অবস্থান করেন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। আর চকবাজারের কাঁচাবাজার মোড়ে বহিষ্কৃত যুবদল নেতা এমদাদুল হক বাদশাহর নেতৃত্বে বিএনপির কর্মীরা অবস্থান নেন।
আরও পড়ুন: নাটোরে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় ১৭ ছাত্রদল-যুবদল নেতাকর্মী কারাগারে
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী ছাত্রদল দাবি করেছে, মহসিন কলেজের ছাত্রলীগের এক নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর নেতারা ছাত্রদলের নেতাদের ওপর হামলা করেছেন।
অন্যদিকে, ছাত্রশিবির এক বার্তায় জানিয়েছে, এক জুলাই যোদ্ধাকে থানায় দিয়েছিল ছাত্রদল। এর প্রতিবাদ করলে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা মিলে শিবির, শিক্ষার্থী ও পুলিশের ওপর হামলা করেছেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল কবির বলেন, ‘ছাত্রদল এক শিক্ষার্থীকে ছাত্রলীগ বলে মারধর করে থানায় সোপর্দ করে। শিবির ওই ছাত্রকে তাদের কর্মী দাবি করে থানায় যায়। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আমরা উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করছি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
২২৭ দিন আগে
অন্তর্বর্তী সরকারকে দশের মধ্যে সর্বোচ্চ পাঁচ দেবেন নূর
গেলে এগারো মাসে বিএনপি-জামায়াতকে প্রশাসনের বিভিন্ন স্তরে পুনর্বহাল ছাড়া অন্তর্বর্তী সরকার কোনো পরিবর্তন আনতে পারেনি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সরকার প্রত্যাশিত কোনো পরিবর্তন আনতে পারেনি বলে অভিযোগ করে তিনি বলেন, তাদের মূল্যায়ন করতে গেলে দশের মধ্যে সর্বোচ্চ চার কিংবা পাঁচ দেব।
শনিবার (১৯ জুলাই) জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে এক আলোচনায় সভায় তিনি এমন মন্তব্য করেন। ‘গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও দেশের গণতান্ত্রিক উত্তরণের পথ’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে গণতন্ত্র মঞ্চ।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে এই মঞ্চ গঠন করেছে। মূলত গেল বছরের ১৯ জানুয়ারি গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার ঘটনার স্মরণেই এই আলোচনার আয়োজন করা হয়েছে।
সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলন থেকে উঠে আসা এই রাজনীতিবিদ বলেন, ‘এগারো মাসে সরকারের কার্যক্রম মূল্যায়ন করে দশের মধ্যে যদি তাদের নম্বর দিতে বলেন, তাহলে সর্বোচ্চ চার বা পাঁচ দেব। এই নম্বর দিতেও কষ্ট হয়। কারণ তারা দেশের এতটুকু পরিবর্তনও করতে পারেননি।’
তিনি বলেন, ‘বিদ্যমান ব্যবস্থার পরিবর্তনের জন্য আমরা লড়াই করেছি। কিন্তু দুঃখ লাগে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও উপদেষ্টা পরিষদের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল, সেটা এগারো মাসেও শুধু বিএনপি-জামায়াতকে প্রশাসনে পুনর্বহাল ছাড়া আর কোনো কার্যকর পরিবর্তন হয়নি। এটা আমাদের প্রত্যাশা ছিল না।’
পড়ুন: দিন যত যাচ্ছে, পরিস্থিতি তত জটিল হচ্ছে: ফখরুল
‘দেশের চিকিৎসা ব্যবস্থা, ভূমি কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনওি) কার্যালয়, জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে মানুষে সেবা পেতে কোনো পরিবর্তন হয়নি। যেসব রাজনৈতিক নেতার ক্ষমতা আছে, এসব অফিস তাদের কথাই চলছে। আমরা এই ব্যবস্থারই পরিবর্তন চেয়েছিলাম,’ যোগ করেন তিনি।
নুর বলেন, ‘আমরা অনেকদিন ধরে একটি ভারসাম্যপূর্ণ সংসদের কথা বলছি। প্রধানমন্ত্রীর এককেন্দ্রিক ও স্বৈরাচারী ক্ষমতার বিকেন্দ্রীকরণে সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদের সংশোধনসহ যেসব পরিবর্তনের কথা বলেছি, সেগুলো বাস্তবায়নের সময়ে এসেছে আজ।’
জাতীয় ঐকমত্য কমিশনেও গাছাড়া-লাগামছাড়া ভাব এসেছে বলে মন্তব্য করেন ডাকসুর সাবেক এই ভিপি। তিনি বলেন, কিন্তু কিছু কিছু মৌলিক সংস্কারে আমাদের একটি ঐকমত্যে পৌঁছাতে হবে।
দ্বিকক্ষবিশিষ্ট সংসদে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে বলেও জানান এই তরুণ রাজনীতিবিদ। তিনি বলেন, এটা যদি করা যায়, তাহলে কিছু ভিন্নমত পার্লামেন্টে থাকবে। নাহলে এই পার্লামেন্ট আগের মতোই থাকবে।
এ সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
২৩০ দিন আগে
পাঁচ আগস্টের আগে মব জাস্টিসের সংস্কৃতি ছিল না: জাহিদ হোসেন
গত বছরের পাঁচ আগস্টের আগে বাংলাদেশে আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা মব জাস্টিসের সংস্কৃতি ছিল না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ও বিএনপি-ঘনিষ্ঠ পেশাজীবী জোটের সমন্বয়ক এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
জাহিদ হোসেন বলেন, গত বছরের ৫ আগস্টের আগে আইন নিজের হাতে তুলে নেওয়া বা মব জাস্টিসের সংস্কৃতির সঙ্গে আমাদের পরিচয় ছিল না। এখন শিশুদের কাছেও এই শব্দগুলো পরিচিত। অনেকেই ২৮ অক্টোবর পল্টনের সেই মর্মান্তিক ঘটনার কথা বলবেন, কিন্তু মানুষ অতীত থেকে শিক্ষা নেয়।
২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টন-বায়তুল মোকাররম এলাকায় লগি-বৈঠার তাণ্ডব চালিয়ে আওয়ামী লীগের কর্মীরা জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীকে নৃশংসভাবে হত্যা করে। ২৮ অক্টোবর ছিল বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকারের শেষ দিন। সেদিন ঢাকার রাস্তায় প্রকাশ্যে অস্ত্র তুলে গুলি এবং মানুষ পিটিয়ে মারার ঘটনা গভীর আলোড়ন তুলেছিল। ২৮ অক্টোবরের আগের দিন এবং পরের দিনও দেশের বিভিন্ন জায়গায় রক্তক্ষয়ী রাজনৈতিক সংঘাত হয়েছিল।
আরও পড়ুন: ফেব্রুয়ারিতে যেন নির্বাচন না হয় তার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল
তিনি বলেন, গত ১৭ বছর ধরে চলা ভোট ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে চূড়ান্ত রূপ নেয়। যেটি ফ্যাসিস্টদের পালাতে বাধ্য করে। জনগণকে দাবি আদায়ে আর রাস্তায় নামতে হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।
সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক বলেন, আমরা লক্ষ করছি, ১১ মাস পার হয়ে গেলেও অনেকেই আইনের শাসনের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে কর্তৃত্ববাদী মানসিকতা লালন করছেন। সুপরিকল্পিতভাবে নানা ষড়যন্ত্র চলছে।
এ কারণে জনগণ ন্যায্য বিচার নিশ্চিতে বিগত সরকাররে আমলে ধ্বংসপ্রাপ্ত নির্বাচন কমিশন, আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার বিভাগকে দ্রুত পুনর্গঠন করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বিএনপি কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি গণতন্ত্রও বটে। আমরা বারবার বলেছি ৫ আগস্টের ঐক্য নষ্ট কোরো না। পালিয়ে যাওয়া পতিত ফ্যাসিস্টরা তোমাদের ব্যর্থ করতে ষড়যন্ত্র করছে। কিন্তু তোমরা শুনলে না। তাই অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
তিনি বলেন, হঠাৎ করে একদল মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুৎসিত ভাষায় কথা বলছে। এমনকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গকারী আমাদের নেত্রী খালেদা জিয়াকে নিয়েও সামাজিকমাধ্যমে বিদ্রুপ করেছে। এটা কোনো রাজনৈতিক ভাষা নয়, এটা ফ্যাসিস্টদের ভাষা।
গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ফ্যাসিস্টদের হাতে প্রচুর লুটের টাকা আর অবৈধ অস্ত্র আছে। তাই তারা প্রকাশ্যে হামলা চালাচ্ছে।
আগামী নির্বাচনের তারিখ ফেব্রুয়ারির মাঝামাঝি হবে বলে আশাবাদ ব্যক্ত করে জাহিদ হোসেন বলেন, গণতন্ত্র নিয়ে লুকোচুরি খেলা বন্ধ করুন। জনগণের অধিকার ফিরিয়ে দিন। জনগণ যাকে উপযুক্ত মনে করবে, তার হাতেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে।
২৩১ দিন আগে
সাত জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত
চুয়াডাঙ্গাসহ দেশের সাতটি জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। মেয়াদোত্তীর্ণ হওয়ায় এসব কমিটির দায়িত্ব বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইমামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
লিখিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনটির যশোর, ঝিনাইদহ, গাইবান্ধা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও বরিশাল জেলা শাখা এবং সংশ্লিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটিগুলোর নির্ধারিত মেয়াদ অতিক্রান্ত হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কমিটির সকল কার্যক্রম স্থগিত থাকবে।
এ ঘোষণার পর চুয়াডাঙ্গায় সংগঠনটির সাবেক নেতা-কর্মীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।
আরও পড়ুন: বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের পেটানো রংপুরের সেই ওসিকে ১১ মাস পর বদলি
এর প্রতিক্রিয়ায় চুয়াডাঙ্গা জেলা শাখার সদ্য সাবেক সদস্যসচিব সাফফাতুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক ওয়ালে লেখেন, ‘চুয়াডাঙ্গার আর কোনো অফিসিয়াল পরিচয় থাকল না। সাবেক হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। যে দায়িত্ব আমার ওপর অর্পিত হয়েছিল, সেটি থেকে অফিশিয়ালি মুক্তি পেলাম। আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার। ইনশাআল্লাহ, ভবিষ্যতে নতুন পরিচয়ে রাজপথে ফিরব। রাজপথই আমার পরিচয়, সবার কাছে দোয়ার দরখাস্ত রইল।’
সাবেক আহ্বায়ক আসলাম হোসেন অর্ক বলেন, ‘সব সময় মানুষের জন্য কাজ করতে চাই। আগামীতে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকব। এ মুহূর্তে কোনো দলে যুক্ত হওয়ার ইচ্ছা নেই।’
২০২৪ সালের নভেম্বর মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি গঠিত হয়। ছয় মাসের মেয়াদ শেষে এ বছরের এপ্রিলে কমিটির কার্যকাল শেষ হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, জেলা কমিটির পাশাপাশি উপজেলা কমিটিগুলোও স্থগিত করা হয়েছে।
২৩৭ দিন আগে