শিক্ষা
যারা শত্রু চিনবে না, তাদের স্বাধীন থাকার অধিকার নেই: ব্যারিস্টার ফুয়াদ
যারা শত্রু চিনবে না, তাদের স্বাধীন থাকার কোনো অধিকার থাকতে পারে না বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেছেন, ‘২৪-এর তরুণদের একমাত্র দায়িত্ব হচ্ছে শত্রুকে ভালোভাবে চেনা, ভালো করে চেনানো ও এই প্রচেষ্টা জারি রাখা।’
মঙ্গলবার (২২ এপ্রিল) জাস্টিস ফর জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা কর্তৃক আয়োজিত ‘বিচারহীনতার সংস্কৃতি ও আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতি সম্পর্কে যখন কথা আসবে, তখন রাষ্ট্র পূণর্গঠনের কথাও আমাদের বলতে হবে। রাষ্ট্র পূণর্গঠনের যে কাজ চলছে, তা চলতে হবে। আমরা শুধু ২৪- এর বিচার চাই না, পূর্বের চলমান মামলাগুলোরও বিচার করতে হবে।’
আলোচনা সভায় সভাপতি ছিলেন জবির ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. রইছ উদ্দিন। তিনি বলেন, ‘বিগত সরকার প্রতিটি স্তরে বিচারহীনতার সংস্কৃতি কায়েম করেছিল। বিগত সময়ে মানুষের শেষ আশ্রয়স্থল কোর্টকে নগ্ন দলীয়করণ করা হয়েছে। গ্রামের সাধারণ মানুষকেও প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইতে হয়েছে। অথচ এটা চাওয়ার কথা ছিল কোর্টের কাছে।’
তিনি বলেন, ‘বিগত সময়ে আমরা দেখেছি, যে কয়জন বিচারপতি ফ্যাসিবাদের সময় বিবেকের তাড়নায় কাজ করার চেষ্টা করেছেন, তাদের রাতের আঁধারে দেশ ছেড়ে পালাতে হয়েছে।’
হাসান মাহাদীর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জাস্টিস ফর জুলাই জবি শাখার সাবেক আহ্বায়ক সজিবুর রহমান।
৩১৮ দিন আগে
কারিগরি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত ঘোষণা
৬ দফা দাবি আদায়ে চলমান আন্দোলন কর্মসূচি স্থগিত করে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে সোমবার (২১ এপ্রিল) ৬ দফা দাবির বাস্তবায়ন নিয়ে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পর কারিগরি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাদের কর্মসূচি স্থগিত করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সড়ক ও রেল অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন সারাদেশের কারিগরি শিক্ষার্থীরা। এতে জনদূর্ভোগের পাশাপাশি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অস্থিরতা সৃষ্টি হয়।
এরপর সোমবার কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন আন্দোলনের একদল প্রতিনিধি। এ সময় কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) নেতারাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ৬ দফা দাবিতে বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্র প্রতিনিধিদের ০৬ দফা দাবীর মধ্যে যৌক্তিক দাবীগুলো পূরণের লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ (টিএমইডি) আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ সময় আন্দোলনরত ছাত্রদের সকল কর্মসূচী প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব।
ইতোমধ্যে যৌক্তিক দাবীগুলো পূরণের লক্ষ্যে এ বিভাগ, কারিগরি শিক্ষা অধিদপ্তর, আইইবি, আইডিইবি এবং ছাত্র প্রতিনিধিসহ ০৮ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী দাবীগুলো পূরণে এ কমিটি সুপারিশ প্রণয়ন করবে। সেসব সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবের সঙ্গে এসব বিষয়ে ফলপ্রসূ আলোচনা শেষে ৬ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের কর্মসূচি স্থগিত করে ক্লাসে ফিরে যাওয়ার এবং শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ঘোষণা দেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ সময় আন্দোলনরত ছাত্রদের কর্মসূচী প্রত্যাহারের মাধ্যমে কারিগরি শিক্ষাঙ্গনে অস্থিরতা দূর হয়ে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন সচিব।
৩১৮ দিন আগে
গণিত পরীক্ষা খারাপ হওয়ায় কেন্দ্র ভাঙচুর পরীক্ষার্থীদের
চাঁদপুরের হাজীগঞ্জে এসএসসির গণিত বিষয় পরীক্ষা খারাপ হওয়ায় পরীক্ষা শেষে পরীক্ষা কেন্দ্রের আসবাবপত্র ভাঙচুর ও সড়ক অবরোধ করেছে পরীক্ষার্থীরা।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর কেন্দ্রে পরীক্ষা শেষে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন ভাঙচুর ও বলাখাল-রামপুর সড়ক অবরোধের এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে আজ (সোমবার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসএসসি পরীক্ষার্থীদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় কঠোর নজরদারি থাকায় অভিযোগ এনে পরীক্ষা শেষে উপজেলার রামপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থীরা রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আসবাবপত্র ভাঙচুর করে। এরপর পরীক্ষার্থীরা বলাখাল-রামপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এবং রামপুর উচ্চ বিদ্যালয়ের মূল ফটক ভাঙচুর শুরু করে।
এ সময় কেন্দ্র সচিবসহ শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সেনাবাহিনীর সদস্যরা। পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কয়েকজন পরীক্ষার্থী ও অভিভাবক কান্নাজড়িত কণ্ঠে বলেন, ম্যাজিস্ট্রেটসহ সরকারি কর্মকর্তারা সারাক্ষণ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিল এবং এদিন পরীক্ষার্থীদের অতিরিক্ত গার্ড দেওয়া হয়।’
‘এতে মানসিক চাপে পড়ে পরীক্ষার্থীরা। যার ফলে তাদের গণিত পরীক্ষা খারাপ হয়।’
রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোতাহের হোসেন বলেন, ‘তারা বিদ্যালয়ের বেশ কিছু চেয়ার-টেবিল ও গ্লাসসহ (আয়না) অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানিয়েছি, পরবর্তীতে লিখিতভাবে অবহিত করেছি।’
আরও পড়ুন: চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণের মঞ্চ ভাঙচুর, বাতিল অনুষ্ঠান
এসএসসি পরীক্ষা কেন্দ্র হাজীগঞ্জ-৬ এর কেন্দ্র সচিব ও রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেন সরকার ইউএনবিকে বলেন, ‘রামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মৈশাইদ, বোরখাল উচ্চ বিদ্যালয় ও আল-বান্না মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী এবং রামপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনে পরীক্ষা দিচ্ছে। আজকে (সোমবার) নিয়মিত ও অনিয়মিতসহ ২৫৪ জন শিক্ষার্থী গণিত পরীক্ষায় অংশগ্রহণ করে।’
৩১৯ দিন আগে
সাভারে এসএসসি পরীক্ষায় অনিয়মের দায়ে কেন্দ্র সচিবসহ ৭ শিক্ষক বহিষ্কার
সাভার উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অনিয়মের ঘটনায় কেন্দ্র সচিবসহ সাত শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) গণিত বিষয়ের পরীক্ষার সময় পাবলিক পরীক্ষা পরিচালনা বিধি লঙ্ঘন করায় তাদের বহিষ্কার করা হয়।
জানা যায়, পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের আগেই সতর্ক করা হয়েছিল। তবে নির্দেশনা অমান্য করে সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের চুক্তিভিত্তিক শিক্ষক এনাম আহম্মেদ এবং আনিছ মোমোরিয়াল স্কুলের সহকারী শিক্ষক তমাল হোসেন অ্যান্ড্রোয়েড মোবাইল ফোনসহ পরীক্ষার হলে প্রবেশ করেন। পরবর্তীতে তাদের হাতেনাতে ধরা হলে সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হয়।
এছাড়াও পরীক্ষা চলাকালে দায়িত্বে অবহেলার অভিযোগে আরও পাঁচ শিক্ষককে বহিষ্কার করা হয়।
তারা হলেন, বেবগুনবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল মাহমুদ, গোপালবাড়ী নবীন প্রগতি স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক কামরুন্নাহার রুমি, বাড্ডা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ইমরান হোসেন, ভাকুর্তা ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক নুপুর মল্লিক এবং রাশিদা বেগম।
প্রত্যক্ষদর্শীদের মতে, দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা পরীক্ষা পরিচালনার নীতিমালা যথাযথভাবে অনুসরণ করেননি এবং পরীক্ষার হলে শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়।
আরও পড়ুন: সাময়িক বহিস্কার হলেন পুলিশের যুগ্ম কমিশনার মেহেদি
বিষয়টি কর্তৃপক্ষ দ্রুত নজরে এনে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়। পাবলিক পরীক্ষা পরিচালনার নীতিমালা ভঙ্গ করায় তাদের বহিষ্কারের পাশাপাশি ঘটনার বিস্তারিত প্রতিবেদন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বোর্ড কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার বলেন, ‘পরীক্ষার পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখাই আমাদের প্রথম দায়িত্ব। বিধিনিষেধ লঙ্ঘন করে কোনো শিক্ষক বা স্টাফ দায়িত্ব পালনে অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ ঘটনার জেরে কেন্দ্র সচিব এস.এম. রফিকুজ্জামানকেও বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার।
৩১৯ দিন আগে
আলোচনার মাধ্যমে কুয়েটের সকল সমস্যার সমাধান হবে: ছাত্রকল্যাণ পরিচালক
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান সকল সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে করা হবে বলে জানিয়েছেন পরিচালক (ছাত্র কল্যাণ) দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে স্টুডেন্ট ওয়েল ফেয়ার সেন্টারের সামনে সাধারণ শিক্ষক ও পরিচালক (ছাত্র কল্যাণ) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে পরিচালক (ছাত্র কল্যাণ) দপ্তরের উপপরিচালক ও সহকারী পরিচালকরা এবং বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ছাত্র কল্যাণ পরিচালক বলেন, ছাত্রদের সঙ্গে আলোচনা চলছে। আমরা তাদের নিয়ে বসেছি। তারা তাদের সমস্যার জায়গাগুলো আমাদের জানাবে। তাদের সকল সমস্যা যাতে দ্রুত সমাধান করা যায়, সে লক্ষ্যে ছাত্র ও শিক্ষকদের মধ্যে আলোচনা চলছে। ছাত্ররা আমাদের সন্তানের মতো। তারা কোনো অন্যায় বা ভুল করতে পারে। এমনকি আমরাও ভুলের ঊর্ধ্বে নই। শিক্ষক হিসেবে আমাদের অগ্রাধিকার সব সময় শিক্ষার্থী। তাদের নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। প্রতিটা ছাত্রের যাতে কোনো সমস্যা না হয় লক্ষ্যে কাজ করার জন্য আমি বদ্ধপরিকর। আমি একটি বিষয় নিশ্চিত করতে চাই-ছাত্রদের কোনো বিষয়ে কোনো সমস্যা হলে তার সমাধান করা আমার অন্যতম ও প্রধান দায়িত্ব।
আরও পড়ুন: তালা ভেঙে হলে প্রবেশ আইনের লঙ্ঘন: কুয়েট প্রশাসন
তিনি আরও বলেন, ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। উক্ত বহিষ্কার কিন্তু চূড়ান্ত বহিষ্কার নয়। এখানে ছাত্র শৃঙ্খলা কমিটি বসবে। যে সকল ছাত্রদের সাময়িক বহিষ্কার করা হয়েছে, তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। নিরপরাধ কেউ যেন কোনো প্রকার শাস্তির মুখোমুখি না হয়, সে ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হবে।
৩১৯ দিন আগে
পারভেজ হত্যার প্রতিবাদে জাবি ছাত্রদলের মানববন্ধন
বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের ছুরিকাঘাতে নিহত হওয়ার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (২১ এপ্রিল) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের পশ্চিম পার্শ্বের রাস্তায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে জাবি শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকের সঞ্চালনায় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা পারভেজ হত্যার দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান।
বক্তারা বলেন, ৫ আগষ্ট পরবর্তী নতুন বাংলাদেশে এখনো স্বৈরাচারের দোসররা তাদের এজেন্ডা বাস্তবায়নে তৎপর রয়েছে। আমরা তাদের হুশিয়ার করে বলতে চাই, এরপর যদি দেশের কোথাও তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চালায়, তাহলে জাতীয়তাবাদী ছাত্রদল তার দাঁতভাঙ্গা জবাব দেবে।
আরও পড়ুন: প্রতীকী হালখাতা ও আনন্দ শোভাযাত্রায় জাবিতে বর্ষবরণ
এসময় জাবি শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন বাবর বলেন, আমরা দেখেছি স্বৈরাচারী আওয়ামী যুগে প্রকাশ্য দিবালোকে বিশ্বজিতকে হত্যা করা হয়েছিল। ঠিক একই কায়দায় ছাত্রদল নেতা পারভেজকেও হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, পারভেজ হত্যার সাথে জড়িত ছিল ছাত্রলীগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্তত বিশ জন নেতাকর্মী। কিন্তু গ্রেফতার করা হয়েছে মাত্র তিনজনকে। আগামী ২৪ ঘন্টার মধ্যেই সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, অন্যথায় জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
৩১৯ দিন আগে
শাটডাউন কর্মসূচিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা
দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনিদিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (২১ এপ্রিল) সকাল ৯টায় মেডিকেল কলেজের প্রশাসনিক ও একাডেমিক ভবনের ফটকে তালা দিয়ে রক্তাক্ত প্রতীকী এপ্রোন ঝুলিয়ে দেয় আন্দোলনকারীরা।
পরে ফটকের সামনে কালোব্যাজ পড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এসময় তারা তাদের উপর হামলা নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীরা জানান, পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ও হাসপাতাল চালুর জন্য করণীয় বিষয়ে সুনিদিষ্ট রোডম্যাপ মন্ত্রণালয় থেকে দিতে হবে। শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলা বিচারের পাশাপাশি দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনিদিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন: কর্মবিরতিতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা
এর আগে হাসপাতালে পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা চালুর দাবিতে রবিবার সকালে দ্বিতীয় দিনের মতো সিলেট সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় সড়ক অবরোধ করে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এসময় সেনাবাহিনী এসে অবরোধ তুলে নিতে অনুরোধ জানালেও শিক্ষার্থীরা তাদের অবরোধ কর্মসূচি অব্যাহত রাখেন। এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর চড়াও হয় সেনাবাহিনী।
সেনাবাহিনী লাঠিচার্জ করলে সড়ক থেকে সরে দাঁড়ায় মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। গেল ১৫ এপ্রিল থেকে ক্লাস বর্জন করে মানববন্ধন, স্মারকলিপি ও অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
৩১৯ দিন আগে
পারভেজ হত্যার ঘটনায় জবি ছাত্রদলের মশাল মিছিল
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় মশাল মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের একাংশ। শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের নেতৃত্বে মশাল মিছিলটি হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ভবন থেকে মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে বাহাদুর শাহ উদ্যানে প্রদক্ষিণ করে ক্যাম্পাসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় তারা ‘বৈষম্যের খুনিরা, হুঁশিয়ার সাবধান,’ ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে,’ ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই,’ ‘তুমি কে, আমি কে, পারভেজ পারভেজসহ’ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে সুমন সরদার বলেন, আমাদের ভাই পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ভিডিও ফুটেজে স্পষ্ট এর প্রমাণ রয়েছে। সেখানে থাকা চারজন বৈষম্য বিরোধীর ব্যানারে রাজনীতি করেন।
তিনি আরও বলেন, আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেফতার করতে হবে। শাস্তি প্রদানের মাধ্যমে বিচার সুনিশ্চিত করতে হবে।
আরও পড়ুন: শিক্ষকে হত্যার হুমকির প্রতিবাদে জবিতে বিক্ষোভ, আল্টিমেটাম
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি যদি এর বিচার করতে না পারেন, আপনাকে পদত্যাগ করতে হবে। আমরা হাসিনাকে হটিয়েছি। আপনি পদক্ষেপ নিতে না পারলে আপনাকেও চেয়ার থেকে নেমে যেতে হবে।’
এ সময় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
৩২০ দিন আগে
৬ দফা দাবিতে বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ
২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফটদের মামলার রায় বাতিলসহ ৬ দফা দাবিতে বরিশালে মহাসমাবেশ করেছে পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা।
রবিবার (২০ এপ্রিল) দুপুরে বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই মহাসমাবেশ করেন তারা।
এ সময় শিক্ষার্থীরা দাবি আদায়ের লক্ষে স্লোগান দিতে থাকেন। এছাড়া নানা ধরনের ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে মহাসমাবেশে অংশ নেয় শিক্ষার্থীরা।
আরও পড়ুন: লাল কাপড়ে ঢেকে দেয়া হলো ঢাকা পলিটেকনিকের নামফলক
আন্দোলনরত শিক্ষার্থীরা ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সঙ্গে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা, ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করাসহ ৬ দফা দাবি তুলে ধরেন। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
৩২০ দিন আগে
ঢাবি সোশ্যাল থিংকিং রিসার্চ সেন্টারের চেয়ারম্যান তামিজী, সেক্রেটারি হামিদা
কবি, সমাজবিজ্ঞানী ও শেকড়সন্ধানী লেখক অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজীকে চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানমকে সেক্রেটারি জেনারেল করে ২০২৫ থেকে ২০২৮ সাল মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সোশ্যাল থিংকিং রিসার্চ সেন্টারের (ডিইউএসটিআর) নির্বাহী পর্ষদ গঠিত হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত কাউন্সিলে এ কমিটি গঠিত হয়। এতে ভাইস চেয়ারম্যান পদে শিক্ষাবিদ অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, ড. ফোরকান উদ্দিন আহাম্মদ ও সাবেক ছাত্রনেতা মোড়ল জিয়াউর রহমান নির্বাচিত হন।
সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জেনারেল পদে প্রকৌশলী মোহাম্মদ নওশাদুল হক, জয়েন্ট সেক্রেটারি জেনারেল পদে নারীনেত্রী অধ্যাপক নায়লা ইসলাম ও ডা. তৌফিক রেজা খান নির্বাচিত হন।
এছাড়া, সাংগঠনিক সম্পাদক পদে কোটা সংস্কার আন্দোলনের রূপকার ও দৈনিক ইনকিলাবের জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ, দপ্তর সম্পাদক পদে আরিফুল ইসলাম নির্বাচিত হন।
অর্থ সম্পাদক পদে মঈন খান, সমাজকল্যাণ সম্পাদক পদে সাদিয়া তাসলিম, যুব সম্পাদক পদে জসীম উদ্দীন সৈকত, ক্রীড়া সম্পাদক পদে তন্ময় সরকার, সাংস্কৃতিক সম্পাদক পদে আশিক উল্লাহ সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রিয়াঙ্কা বিশ্বাস পিংকি নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: ঢাবিকে শব্দদূষণমুক্ত ঘোষণা করার আহ্বান পরিবেশ উপদেষ্টার
এ ছাড়াও আন্তর্জাতিক সম্পাদক পদে আমরিন আক্তার প্রমি, অনুষ্ঠান সম্পাদক পদে নাহিদ হাসান নাবিল নির্বাহী সদস্য পদে সার্জিয়া ফেরদৌসী, আনিছুর রহমান মীর, মাকসুদা আক্তার (মিতু), তানিয়া আক্তার সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন।
এ সময় অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী বলেন, “বর্তমান সরকার, জাতীয় আন্তর্জাতিক সংস্থাসমূহের সঙ্গে যোগাযোগ রক্ষা করে ঢাবি সোশ্যাল থিংকিং রিসার্চ সেন্টারকে একটি পূর্ণাঙ্গ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নতুন কমিটি অঙ্গীকারবদ্ধ। আমরা ‘হোমোক্রেসি’ নামে একটি আন্তর্জাতিক মানসম্মত জার্নাল উপহার দেব।”
এ সময় শিক্ষা ও ইতিহাস কমিশন গঠনের দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র মেরামতের কাজে অংশগ্রহণ করা উচিত। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিন। নির্বাচিত জনপ্রতিনিধিগণ জনতার ক্ষমতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সংস্কার করবেন।’
৩২১ দিন আগে