শিক্ষা
গাজা বিক্ষোভ: শিক্ষার্থীদের ‘ডাবল অ্যাবসেন্টের’ হুমকি, ড্যাফোডিল শিক্ষিকা বরখাস্ত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ডাকা কর্মসূচিতে সংহতি জানিয়ে শিক্ষার্থীরা ক্লাস বর্জনের সিদ্ধান্ত নিলে তাদের ‘ডাবল অ্যাবসেন্ট’ দেওয়ার ঘোষণা দেন বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক। পরে তাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচিতে সংহতি জানিয়ে সোমবার (৭ এপ্রিল) শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ঘোষণা দেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে অশোভন ভাষায় কথা বলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রভাষক তাহমিনা রহমান। যারা বিক্ষোভে অংশ নেবেন, তাদের ‘ডাবল অ্যাবসেন্ট’ করে দেবেন বলেও তিনি হুমকি দেন তিনি।
আরও পড়ুন: ইসরায়েলে রকেট হামলা চালালো হামাস, আহত ৩
ডিআইইউর মুখপাত্র এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান রাজু এমন তথ্য নিশ্চিত করে বলেন, ‘তাৎক্ষণিক সিদ্ধান্তে তাহমিনা রহমানকে প্রাথমিকভাবে বহিষ্কার করা হয়েছে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হবে।’
রাজু জানান, ‘তাহমিনা হোয়াটস্যাপ গ্রুপে শিক্ষার্থীদের বলছেন যে গাজার গণহত্যার সঙ্গে সংহতি জানিয়ে ক্লাসে না এলে ডাবল অ্যাবসেন্ট দেবেন। প্রথমত বিশ্ববিদ্যালয় যেখানে শিক্ষার্থীদের সিদ্ধান্তে সায় দিয়েছে, সেখানে তিনি আলাদা করে এ ধরনের সিদ্ধান্ত জানাতে পারেন না। আবার ক্লাস উপস্থিতি যদি কাটার সিদ্ধান্ত নিয়েই থাকেন, তাহলে সর্বোচ্চ একটি উপস্থিতি কাটতে পারবেন। ডাবল অ্যাবসেন্ট দেয়ার যে হুমকি তিনি শিক্ষার্থীদের দিয়েছেন, তা নিয়মবহির্ভূত।’
এর বাইরে সেই গ্রুপে শিক্ষার্থীদের সঙ্গে তিনি যে ভাষায় কথা বলেছেন এবং যেসব শব্দ ব্যবহার করেছেন, তা একজন বিশ্ববিদ্যালয় প্রভাষক হিসেবে শোভনীয় না। বিশ্ববিদ্যালয়ের নিয়মবহির্ভূত এসব আচারণের কারণেই তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র।
এর আগে রোববার (৬ এপ্রিল) সারাবিশ্ব এবং দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংহতি জানিয়ে ড্যাফোডিলের শিক্ষার্থীরাও ‘নো ওয়ার্ক, নো স্কুল’ পালনের সিদ্ধান্ত নেন। সে হিসাবে বিশ্ববিদ্যালয়টির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা সোমবার ক্লাস বর্জনের সিদ্ধান্ত নিলে প্রভাষক তাহমিনা তাদের ডাবল অ্যাবসেন্ট দেয়ার হুমকি দেন এবং গাজার প্রতি সংহতি জানানো এসব কর্মসূচি নিয়ে বাজে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: গাজার ৫০ শতাংশ ইসরায়েলের দখলে, নিজ ভূমিতে পরবাসী ফিলিস্তিনিরা
তার হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে এই শিক্ষিকাকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের কর্মসূচির সঙ্গে তারা একাত্মতা ঘোষণা করেছেন আগেই। কেন এই শিক্ষিকা এমন আচারণ করলেন তা খতিয়ে দেখা হবে?
ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে তাহমিনা নিজ ফেসবুক অ্যাকাউন্টে কৃতকর্মের জন্য ক্ষমা চান। বলেন, ‘তিনি অনলাইন ক্লাস নিতে চেয়েছিলেন। কর্মসূচির পাশাপাশি শিক্ষার্থীরা চাইলে ক্লাসে অংশগ্রহণ করতে পারতো। পুরো ঘটনাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেন এ প্রভাষক।’
৩৩৩ দিন আগে
জুনের আগে ডাকসু নির্বাচনের দাবি ঢাবি শিক্ষার্থীদের
চলতি বছরের জুন মাসের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন প্রতিষ্ঠানটির একদল শিক্ষার্থী।
রবিবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সায়মা হক বিদিশার কাছে স্মারকলিপি জমা দেন তারা। এ সময়ে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।
স্মারকলিপি জমা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন শিক্ষার্থীরা। এ সময় ডাকসু নির্বাচন পেছাতে একটি বিশেষ গোষ্ঠী উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন জুনের আগে ডাকসু নির্বাচন আয়োজন না করলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা।
জুলাই অভ্যুত্থানের ৮ মাস পেরিয়ে গেলেও ডাকসু নির্বাচনের কোনো রূপরেখা দেয়া হয়নি বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। বারবার তাগাদা দেয়ার পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নির্বাচন নিয়ে গড়িমসি করছে বলে মন্তব্য করেন শিক্ষার্থীরা।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা জানান, উপ-উপাচার্য শিক্ষার্থীদের দ্রুত নির্বাচন দেয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটকে ফ্যাসিবাদমুক্ত করে যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন করার আহ্বান জানান তারা।
এর আগে জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে বারবার স্মারকলিপি দেয়ার পরেও নির্বাচনের কোনো সন্তোষজনক অগ্রগতি লক্ষ্য করা যায়নি বলে জানান শিক্ষার্থীরা।
দ্রুততম সময়ের মধ্যে ঢাবি প্রশাসনের কাছে নির্বাচনের রোডম্যাপ দাবি করেছেন তারা। কালক্ষেপণ করা হলে বড় আন্দোলনের ডাক দেবেন বলেও হুঁশিয়ারি দেন তারা।
আরও পড়ুন: ডাকসু নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্ছ্বাস
এ বিষয়ে উপ-উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন অত্যন্ত গুরুত্বের সঙ্গে ডাকসু নির্বাচন নিয়ে বিবেচনা করছে। এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব।’
তবে দ্রুত নির্বাচন দিতে গিয়ে কোনো ভুল হোক সেটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চায় না বলে মন্তব্য করেন তিনি।
উপ-উপাচার্য বলেন, সব কাজ গুছিয়ে একটি পরিচ্ছন্ন নির্বাচন দিতে কাজ করে যাচ্ছেন তারা। বিভিন্ন কমিটির মতামত ও পরামর্শের ভিত্তিতে নির্বাচনের প্রস্তুতি দ্রুত আগাচ্ছে বলে আশ্বস্ত করেন তিনি।
৩৩৪ দিন আগে
ছুটিতে প্রাণহীন জাবি, ক্যাম্পাসেই ঈদ নিরাপত্তারক্ষীদের
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছুটি হয়েছে ক্যাম্পাস। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরেছে বেশিরভাগ শিক্ষার্থী, ঈদের আগের দিন চলছে শেষ মুহূর্তের ঘরে ফেরার তোড়জোড়। ফলে সবুজ-শ্যামল ক্যাম্পাসে নেই প্রাণচাঞ্চল্য; নেই রিকশার টুংটাং বেলের শব্দ, গাড়ির হর্ণের বিরক্তিকর আওয়াজ, চিরচেনা কোলাহল। স্থবিরতা নেমে এসেছে চারদিকে।
শহিদ মিনার চত্বরে শিক্ষার্থীদের জটলাও চোখে পড়ছে না। ক্যাফেটেরিয়া, লাইব্রেরিতেও কাউকে দেখা যাচ্ছে না। চিরযৌবনা ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) যেন মলিন হয়ে আছে। আবাসিক হলগুলোর ক্যান্টিন-ডাইনিংয়ে ঝুলছে তালা। বটতলার দোকানিরা তাদের দোকানের শাটার নামিয়ে কবেই বাড়ি ফিরেছে! রেইনট্রি গাছে শুধু কাকেদের ডাক শোনা যায়। খাবার না পেয়ে ক্যাম্পাসের কুকুর-বিড়ালগুলোও পাশের এলাকায় আস্তানা গেড়েছে।
সাংবাদিক সমিতির অফিসটার সামনে ধুলার আস্তরণ জমে গেছে। কলা ও সমাজবিজ্ঞান অনুষদের সামনে পায়চারি করছেন দুই-তিনজন নিরাপত্তারক্ষী। বিশ্ববিদ্যালয়ের ফটকে কয়েকটি রিকশা অপেক্ষা করছে, যদি কেউ বের হয়—এই আশায়।
বলছিলাম জাঁকজমকের রাজধানী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কথা। ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতিতে ভরপুর এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সবসময় প্রাণচাঞ্চল্যে মুখর থাকলেও ঈদের ছুটিতে জনমানবহীন হয়ে পড়েছে।
ক্যাম্পাস ছুটি হয়েছে গত ২০ মার্চ। তারপর থেকেই ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করে ক্যাম্পাস। যারা টিউশনি করান, কোচিংয়ে ক্লাস নেন কিংবা অন্য কোনো পার্ট টাইম কাজের সঙ্গে যুক্ত, তাদের কারও কারও এখনও বাড়ি ফেরা বাকি। এদের মধ্যে যারা বাড়ি ফিরবেন, ঈদের আগমুহূর্তে তারা ব্যাগ গোছানোর তোড়জোড় শুরু করেছেন সকাল থেকেই।
আরও পড়ুন: জুলাই গণ-অভ্যুত্থানে জাবিতে হামলা: ২৮৯ শিক্ষার্থী বহিষ্কার, ৯ শিক্ষক সাময়িক বরখাস্ত
৩৪১ দিন আগে
কৃমিজনিত রোগে গবাদিপশুর মৃত্যু: প্রতিকার ও প্রতিরোধ
গবাদিপশুর হওয়া রোগগুলোর বেশিরভাগই কৃমিজনিত রোগ। এর ফলে ওজন কমে যায়, দুধ উৎপাদন হ্রাস পায় এবং মৃত্যুর কারণও হতে পারে। গবাদিপশুর কৃমি সংক্রমণ একটি সাধারণ সমস্যা হলেও এটি গবাদিপশুর স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে। যা একজন খামারির অর্থনৈতিক ক্ষতির অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।
এছাড়া গবাদিপশুর রোগ নিয়ে আগাম কিছু পদক্ষেপ গ্রহণ করলে খামারিরা তাদের গবাদিপশুকে কৃমিজনিত রোগ থেকে অনেকাংশেই নিরাপদ রাখতে পারেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ও প্রাণী বিশেষজ্ঞ ড. মো. সহিদুজ্জামান ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে খামারিদের পরামর্শ দিয়ে বলেছেন, ‘বাংলাদেশে কৃমি রোগের চিকিৎসা অনেকটা অবহেলিত। সাধারণ খামারিরা নিয়মিত কৃমিনাশক খাওয়ান না বললেই চলে। গবাদিপশুর অন্ত্রে বসবাসকারী কৃমি পুষ্টিকর উপাদান শোষণ করে, ফলে পশুটি পুষ্টিহীনতায় ভোগে। শরীরের অন্যান্য অঙ্গে কিছু কিছু কৃমি আক্রমণ করায় পশু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সঠিক সময়ে কৃমি শনাক্তকরণ ও চিকিৎসা না হলে পশু মারা যেতে পারে। তাই পশুকে কৃমি পরীক্ষা ও কৃমিনাশক খাওয়ানো জরুরি।’
তিনি আরও বলেন, ‘বর্ষাকালে ও শীতের শুরুতে পরজীবীর আক্রমণ অপেক্ষাকৃত বেশি হয়। এর পূর্বেই খামারিদের সতর্কতা অবলম্বন করতে হবে। কৃমি সংক্রমণের কারণগুলোর মধ্যে সংক্রমিত চারণভূমি বা ঘাস খাওয়া, অপরিষ্কার পানি পান করা, সংক্রমিত পশুর মল দ্বারা দূষিত খাদ্য গ্রহণ, নিয়মিত কৃমিনাশক না দেওয়া, খামারের অপরিচ্ছন্ন পরিবেশ ও কৃমি সংক্রমণ সম্পর্কে অসচেতনতা অন্যতম।’
তিনি বলেন, ‘বর্ষার আগে বিশেষ করে এপ্রিল ও মে মাসে কৃমিনাশক প্রয়োগ করা ভালো। এতে করে যকৃতকৃমি ও পেটের কৃমির সংক্রমণ প্রতিরোধ সম্ভব। চারণভূমি ঘন ঘন পরিবর্তন করতে হবে ও জলাবদ্ধ এলাকা এড়িয়ে চলতে হবে। কারণ এসব জায়গায় কৃমির সংক্রমণ বেশি হয়। অনেক খামারি নিয়মিত কৃমিনাশক প্রয়োগ করেন না, ফলে দেহে কৃমি সংক্রমিত হয়ে উৎপাদন কমিয়ে দেয়। গরুর ক্ষেত্রে কৃমির সংক্রমণ প্রতিরোধে নিয়মিত কৃমিনাশক ব্যবহার, খামার পরিচ্ছন্ন রাখা ও সংক্রমিত গরুকে আলাদা করা জরুরি। এছাড়া সংক্রমিত পশুর ওজন কমে যায়, দুর্বলতা দেখা দেয়, খাওয়ার অনীহা তৈরি হয় ও অনেক ক্ষেত্রে রক্তশূন্যতা হতে পারে। গুরুতর সংক্রমণের ক্ষেত্রে শরীর ফুলে যাওয়া ও মলে কৃমির উপস্থিতি লক্ষ্য করা যায়।’
আরও পড়ুন: ধর্ষকদের শাস্তির দাবিতে বাকৃবিতে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ
কোনো গবাদিপশু কৃমিতে আক্রান্ত হলে সেটির চিকিৎসা সম্পর্কে অধ্যাপক সহিদুজ্জামান বলেন, ‘অ্যালবেনডাজল, লেভামিজোল, আইভারমেকটিন ও ট্রিকলাবেনডাজলসহ বিভিন্ন কৃমিনাশক ওষুধ সংক্রমণ প্রতিরোধে কার্যকর।’
‘সংক্রমণের মাত্রার ওপর ভিত্তি করে ওষুধের প্রয়োগ পদ্ধতি নির্ধারণ করা হয়। ওষুধ প্রয়োগের মাত্রা নির্ধারণের জন্য অবশ্যই একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ মেনে চলতে হবে।’
তিনি আরও বলেন, ‘গবাদিপশুর কৃমি সংক্রমণ প্রতিরোধে বিশেষ করে গরুর ক্ষেত্রে, জন্মের ১৫ দিন থেকে ১ মাসের মধ্যে প্রথম কৃমিনাশক প্রয়োগ করা উচিত। এরপর প্রতি ৩ মাস অন্তর অন্তর কৃমিনাশক প্রয়োগ করতে হবে। খামার পরিচ্ছন্ন রাখা ও পুষ্টিকর খাদ্য সরবরাহ নিশ্চিত করতে হবে।’
তিনি বলেন, ‘খামারিরা এসব প্রতিরোধমূলক ব্যবস্থা অনুসরণ করলে পশুর স্বাস্থ্য ভালো থাকবে, উৎপাদন বৃদ্ধি পাবে ও অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব হবে।’
৩৪৩ দিন আগে
শাবিপ্রবিতে ১৫ এপ্রিল থেকে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হবে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই শিক্ষাবর্ষের ভর্তি ফি, ভর্তি প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, সময়সূচি ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়াদি ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
এর আগে গুচ্ছ থেকে বেরিয়ে গত ২৮ ফেব্রুয়ারি ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও যশোরের পাঁচটি কেন্দ্রে শাবিপ্রবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ২৩ দিনের ছুটিতে শাবিপ্রবি
এরপর গত ৯ মার্চ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
এবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে (মানবিক, বাণিজ্য, বিজ্ঞান) আসন রয়েছে ৫৮১টি, ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) মোট ৯৮৫টি আসন রয়েছে।
৩৪৩ দিন আগে
কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন
কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
সংশোধিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা আগামী ১২ এপ্রিল তারিখে সকাল ১১টা থেকে দুপুর ১২টার পরিবর্তে বিকাল ৩টা হতে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
২৭ মার্চ (বুধবার) এবারের কৃষিগুচ্ছের নেতৃত্বে থাকা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সই করা একটি বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৭ মার্চের অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটি ৪র্থ সভার সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষার এ সময় পরিবর্তন করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ১২ এপ্রিল অনুষ্ঠিত কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে ভর্তির জন্য লড়বেন ২৫ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলো হলো- ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।
৩৪৪ দিন আগে
সাত কলেজ নিয়ে যৌক্তিক সমাধান আসবে: ইউজিসি চেয়ারম্যান
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ নিয়ে যে সমস্যাগুলো ছিল সেখানে প্রতিটি ক্ষেত্রে সংশ্লিষ্টদের সহযোগিতা পেয়েছি। আশা করছি, খুব সুন্দর একটি সমাধান আসবে।
সোমবার (২৪ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারস্থ হোটেল লা ভিঞ্চি হোটেলে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)-এর ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
ইরাবের উদ্দেশ্যে ইউজিসি চেয়ারম্যান বলেন, আপনারা হলেন ঐক্যের প্রতীক। এখানে আমরা ইউজিসির সবাই আছি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দসহ সবাই একটি টিম। আমি মনে করি, ইউজিসির যদি কোনো সফলতা থাকে এর কারণ আমরা সবাই একসাথে আছি। আমাদের ভুল ধরিয়ে দিবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমরা আপনাদেরই একটি অংশ। আমাদের তরফ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালে দেখতাম ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) ডাকে দল-মত নির্বিশেষে সবাই একসাথে হতো। এতে প্রত্যেকটি ছাত্রসংগঠন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সবাই উপস্থিত থাকতেন। এখানেও এমন একটি সহাবস্থানের পরিবেশ দেখছি।
অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালায়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান, প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ইউসিজির সচিব ড. ফখরুল ইসলাম, পরিচালক ড. একে এম শামসুল আরেফিন, মাউশির পরিচালক (মাধ্যমিক), প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
আরও পড়ুন: ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ’ প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহাম্মদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, সহ-সভাপতি এইচ এম আবু জাফর, ডা. তৌহিদুর রহমান আউয়াল, মাউশির উপপরিচালক (সাধারণ প্রশাসন) মো. শাহজাহান, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এম এম বাদশা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, বেসরকারি বিশ্ববিদ্যালয় পাবলিক রিলেশন অ্যাসোসিয়েশনের (পকুরোয়া) সভাপতি মনিরুল ইসলাম রিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
ইরাব সভাপতি ফারুক হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোলাইমান সালমানের সঞ্চালনায় অনুষ্ঠানে ইরাব সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সচিব ড. খ ম কবিরুল ইসলাম বলেন, আমাদের ছেলে-মেয়ে বৈষম্যহীনও দুর্নীতিমুক্ত দেশ গড়ার সুযোগ এনে দিয়েছে এবং আমরা সেই সুযোগটা আমরা কাজে লাগাতে চাই। আপনারাও (সাংবাদিক) দেশ গড়ার কাজে অংশীদার হবে।
অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ইরাবে যারা সাংবাদিক রয়েছেন, তারা সব সময় গঠনমূলক সমালোচনাসহ সংবাদ প্রকাশ আমাদেরকে সমৃদ্ধ করে। সেই জায়গায় তাদের অবদান প্রশংসনীয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ৫ আগস্টের পর জাতীয় বিশ্ববিদ্যালয় যে অবস্থায় ছিল সেখানে থেকে আজকের যে উত্তরণ, সেই জায়গায় আসতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন সাংবাদিকরা। আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই এটাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো না।
আরও পড়ুন: দুই বিসিএসের লিখিত ও প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা
৩৪৭ দিন আগে
দুই বিসিএসের লিখিত ও প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা
আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা এবং ২৭ জুন ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: ২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনের চাকরি ফেরত দিতে নির্দেশ
গত বিসিএসের লিখিত পরীক্ষা ও ৪৭তম প্রিলিমিনারির সময়সূচি, হলভিত্তিক আসন-ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা পরবর্তীতে পিএসসির ওয়েবসাইটসহ(http://www.bpsc.gov.bd/) টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://www.bpsc.gov.bd/) ও জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে নির্দিষ্ট সময়ে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
৩৪৭ দিন আগে
‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ’ প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ’ নামে একটি নতুন প্ল্যাটফর্ম ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার আগ পর্যন্ত এই প্ল্যাটফর্ম আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
শুক্রবার (২১ মার্চ) বিকাল সোয়া ৪টার দিকে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এই প্ল্যাটফর্মের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এ বি জোবায়ের।
আওয়ামী লীগ-বিরোধী যে কেউ এই প্ল্যাটফর্মের আওতায় ঐক্যবদ্ধ হতে পারেন জানিয়ে তিনি বলেন, ‘জুলাই-আগস্টে আওয়ামী লীগ দুই হাজার মানুষকে হত্যা করেছে। বিগত ১৬ বছর ধরে এ দেশের মানুষের ওপর নানা ধরনের জুলুম-নির্যাতন চালিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ ছিল গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। সাত-আট মাস হয়ে গেল, অথচ আজকে এই সময়ে এসেও আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাস্তায় নামতে হলো।’
তিনি বলেন, “যারা আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তারা বলছেন এটি হবে ‘ভালো আওয়ামী লীগ’। কিন্তু আমরা আওয়ামী লীগের মধ্যে মধ্যে ন্যূনতম অনুশোচনা দেখছি না। বরং তারা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আমাদের হুমকি দিচ্ছে। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া (অন্তর্বর্তী) সরকারের আর কোনো সুযোগ নেই।’
আরও পড়ুন: ‘পলাতক স্বৈরাচারের’ পুনর্বাসন নিয়ে সরকারকে তারেক রহমানের হুঁশিয়ারি
এ সময় প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, ‘আমরা জুলাইয়ের জনতা আপনার সঙ্গে আছি। আপনি প্রয়োজনে গণভোটের আয়োজন করুন, এই দেশের মানুষ রায় দেবে। এই দেশে আর আওয়ামী লীগের রাজনীতি চলবে না।’
তিনি আরও বলেন, ‘শহিদদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেটি হলো আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা। আমরা যদি আওয়ামী লীগকে এখনই নিষিদ্ধ না করি, এটি আর কখনোই সম্ভব হবে না। আর একবার ফিরে এলে তারা ফের জাতির রক্ত চুষতে শুরু করবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক শীর্ষ সমন্বয়ক মুসাদ্দেক ইবনে মোহাম্মদ বিন আলী বলেন, ‘এই প্ল্যাটফর্ম কোনো রাজনৈতিক দলের রূপ নেবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ হলেই ভেঙে দেওয়া হবে।’
দেশের সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই মঞ্চের ব্যানারে আন্দোলন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জাতীয় ঐক্য ও রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা দরকার। জুলাই অভ্যুত্থানের সাত মাস পার হয়ে গেলেও এখনও কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের জোরালো দাবি তোলেনি।’
আরও পড়ুন: সৎ ব্যক্তি নেতৃত্বে এলে আ.লীগ কেন রাজনীতি করতে পারবে না, প্রশ্ন রিজভীর
নবগঠিত প্ল্যাটফর্মের প্রথম কর্মসূচি হিসেবে তিনি আগামীকাল (২২ মার্চ) বিকাল ৫টায় রাজু ভাস্কর্যে অবস্থান ও ইফতার কর্মসূচির ঘোষণা দেন এবং সকল মতাদর্শের মানুষকে তাতে যোগ দেওয়ার আহ্বান জানান।
এর আগে, বিকেল সোয়া ৩টার দিকে ‘আওয়ামী লীগ নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের কোনো পরিকল্পনা নেই’ বলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য প্রত্যাহার এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হল পাড়া থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
আরও পড়ুন: আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না: জামায়াত আমীর
৩৫০ দিন আগে
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাবিতে বিক্ষোভ
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য প্রত্যাহার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (২১ মার্চ) দুপুর সোয়া ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-আরিচা মহাসড়ক-সংলগ্ন মূল ফটকের (ডেইরি গেইট) সামনে একটি প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় সংসদের যুগ্ম সদস্য সচিব ও জাবি শিক্ষার্থী জিয়াউদ্দিন আয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতা তীব্র আন্দোলন করে স্বৈরাচারী আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করেছে। হাজার হাজার ছাত্র-জনতার রক্তের দাগ লেগে আছে খুনি হাসিনার হাতে। কেউ যদি তাকে পুনর্বাসনের ন্যূনতম প্রচেষ্টা চালায় তাহলে ছাত্র-জনতা তাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে। গণঅভ্যূত্থানের মাধ্যমে যে আওয়ামী লীগকে মাইনাস করা হয়েছে, তাদের যদি কেউ পুনর্বাসনের চেষ্টা চালায় তাহলে তাদেরও মাইনাস করা হবে।
মিছিলে শিক্ষার্থীদের, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘হাসিনার দোসরেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ কর, করতে হবে করতে হবে’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘ভারতীয় আগ্রাসন, রুঁখে দাও দিতে হবে’, ‘ভারতীয় প্রেসক্রিপশন, এই বাংলায় চলবে না’—স্লোগান দিতে শোনা যায়।
আরও পড়ুন: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ঢাবিতে মিছিল
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘আমরা দেখেছি, অন্তর্বর্তীকালীন সরকার গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করতে পারে নাই। ৫ আগস্টের পর কোনো যৌক্তিক দাবি আদায়ের জন্য আমাদের আবারও রাজপথে নামতে হবে—এটা আমরা কল্পনায়ও ভাবি নাই।’
‘আমরা দেখেছি, গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা তাদের নেই। এই বক্তব্যকে আমরা প্রত্যাখান করছি সেইসঙ্গে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
তিনি বলেন, ‘এই সরকার বা অন্য কেউ যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের ন্যূনতম প্রচেষ্টা চালায় তাহলে তাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে।’
গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের জাবি শাখার আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, ‘স্বৈরাচারী পতিত ফ্যাসিস্ট শক্তি গত জুলাই বিপ্লবে হাজার হাজার ছাত্রজনতার প্রাণ কেড়ে নিয়েছে। এখনও হাজার হাজার মানুষ আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে হাসপাতালের বেডে জীবন কাটাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার কি এসব দেখছে না? তাদের কি চোখে পড়ে না? এত কিছুর পরেও তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালায় কার হুকুমে?’
হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, ‘আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, পার্শ্ববর্তী দেশের কোনো প্রেসক্রিপশন যদি এদেশে বাস্তবায়নের কোনো অপচেষ্টা চালানো হয়, তাহলে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নেব।’
বাগছাসের কেন্দ্রীয় সংসদের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক ও জাবি শিক্ষার্থী তৌহিদ সিয়াম বলেন, ‘সংগ্রামী ছাত্র-জনতা আপনারা দেখেছেন, ৩৬ দিনের দীর্ঘ আন্দোলন শেষে ২০২৪ সালের ৫ আগস্ট এদেশের মানুষ আওয়ামী লীগকে নিষিদ্ধের রায় দিয়েছে। স্বৈরাচারী আওয়ামী শক্তি দীর্ঘ ১৭ বছর বাংলাদেশকে একটি আবদ্ধ কারাগারে পরিণত করেছিল, কিন্তু এদেশের জনগণ পরাধীনতার শিকল ভেঙে দিয়ে খুনি হাসিনাকে লাল কার্ড দেখিয়ে পালিয়ে যেতে বাধ্য করেছিল।’
তিনি বলেন, ‘কেউ যদি দিল্লি থেকে বা অন্য কোথাও থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে এদেশকে চালাতে চায় তাহলে তারা ভুল করবে। বাংলাদেশ কীভাবে চলবে, তা ঠিক করবে এদেশের ছাত্র-জনতা। আমরা আওয়ামী লীগ পুনর্বাসনের যেকোনো অপচেষ্টা রুঁখে দিতে রাজপথে সর্বদা তৎপর থাকব।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাভার প্রতিনিধি জুলকারনাইন বলেন, ‘আমরা রক্ত দিতে শিখে গেছি। কীভাবে দাবি আদায় করতে হয়, তাও শিখে গেছি আমরা। কেউ যদি আমাদের চোখ রাঙায়, তাদের পাল্টা জবার দেওয়ার ভাষা আমাদের জানা আছে।’
তিনি বলেন, ‘সামরিক-বেসামরিক কোনো শক্তি যদি খুনি হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা চালায়, তাহলে ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে নিয়ে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করা হবে।’
গতকাল (বৃহস্পতিবার) ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে আমাদের কোনো পরিকল্পনা নেই।
এরপর গভীর রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চালের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ সংক্রান্ত একটি ফেসবুক স্টাটাস দিলে, সেটি কেন্দ্র করে শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের পুনর্বাসনবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে।
৩৫০ দিন আগে