খেলাধুলা
বিপিএলের সূচি প্রকাশ
অপেক্ষার পালা শেষে অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচি প্রকাশ করেছে বিসিবি। চলতি বছরের ডিসেম্বরে শুরু হয়ে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে শেষ হবে এবারের বিপিএল আসর।
মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় অফিশিয়াল ফেসবুক পেইজে বিপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে বিসিবি।
এবারের আসরের টাইটেল স্পন্সর হয়েছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। তাই টুর্নামেন্টের নাম হচ্ছে ‘ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড বিপিএল টি-টোয়েন্টি’।
ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএলের একাদশ আসর। ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। একইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস।
৭টি দলের অংশগ্রহণে এবারের আসরে মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। শুরুর আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। এরপর ৪-৫ জানুয়ারি দুই দিন বিরতি দিয়ে ৬ তারিখ থেকে শুরু হবে সিলেট পর্ব। সিলেটে ৮ দিনে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর ফের দুদিন বিরতি দিয়ে ১৬ তারিখ থেকে শুরু হবে চট্টগ্রাম পর্ব। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও টানা ৮ দিনে ১২টি ম্যাচ খেলার পর ঢাকায় ফিরবে বিপিএল।
এরপর ২৬ জানুয়ারি থেকে ফাইনাল পর্যন্ত সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের বিপিএল আসরের।
বিপিএলের পূর্ণাঙ্গ সূচি দেখতে এখানে ক্লিক করুন।
৫৩৯ দিন আগে
ভারতের বিষয়ে আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে পিসিবি
আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ না করার সিদ্ধান্তের বিষয়ে আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আয়োজক পাকিস্তান। তবে প্রতিবেশী দেশটিতে নিজেদের দল পাঠাবে না বলে আইসিসিকে এক চিঠিতে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারত। এরপর ভারতের কাছ থেকে ওই চিঠি পাওয়ার কথা জানিয়ে পিসিবিকে মেইল করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
আইসিসির কাছ থেকে এ মেইল পেয়ে বেজায় চটেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের থেকে শুরু করে পিসিবি কর্মকর্তারা।
এ বিষয়ে পিসিবির এক মুখপাত্র সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘বিষয়টি পরিস্কার করতে আইসিসিকে একটি চিটি পাঠিয়ে এর ব্যাখ্যা চাওয়া হয়েছে। (আইসিসির) মেইলটি ফরোয়ার্ড করে (পাকিস্তান) সরকারের কাছে থেকেও সিদ্ধান্ত ও পরামর্শের অপেক্ষায় আছি আমরা।’
রাজনৈতিক কারণে সরকারের নির্দেশে ২০০৮ সাল থেকে পাকিস্তান ভ্রমণ করেনি ভারতীয় ক্রিকেট দল। একই সময় থেকে ভারতে আসেনি পাকিস্তান দলও। ফলে দীর্ঘদিন ধরে এই দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করা থেকে বঞ্চিত হয়ে আসছেন ক্রিকেটপ্রেমীরা।
সবশেষ ২০২৩ সালের এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। তখনও নিরাপত্তা শঙ্কা ও রাজনৈতিক কারণ দেখিয়ে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানায় ভারত। এরপর উপায়ান্তর না পেয়ে একটি হাইব্রিড মডেলে টুর্নামেন্টের আয়োজন করা হয়। ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়।
তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ ধরনের হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে অস্বীকৃতির কথা জানিয়েছে পিসিবি।
শুধু ভারতই নয়, নিরাপত্তা শঙ্কায় এর আগে শ্রীলঙ্কায় খেলতে যায়নি অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ফলে ১৯৯৬ বিশ্বকাপের ওই দুই ম্যাচে লঙ্কানদের বিজয়ী ঘোষণা করে পয়েন্ট দেওয়া হয়েছিল।
এখন পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের দাবি, ভারত যদি পাকিস্তানে অনুষ্ঠিত আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ না করে, তাহলে পাকিস্তানকে বিজয়ী ঘোষণা করে পয়েন্ট দিয়ে দেওয়া হোক। আগেও যেহেতু এটা হয়েছে, এবারও সেই নিয়মেই সমস্যা সমাধানের দাবি তুলেছেন তারা।
৫৩৯ দিন আগে
হাজার গোলের মাইলফলক ছোঁয়া নিয়ে সংশয়ে রোনালদো
গত সেপ্টেম্বরে ৯০০ গোলের মাইলফলক ছুঁয়ে হাজার গোলের মাইলফলকে পৌঁছানোর প্রত্যয় ঝরেছিল ফুটবলের সর্বকালের অন্যতম সেরা মহাতরকা ক্রিস্তিয়ানো রোনালদোর মুখে। তবে বয়সের দিকে তাকিয়ে দুই মাস পরই তার কণ্ঠে মিলল বাস্তবতার সুর।
পেশাদার ফুটবলে ইতোমধ্যে ৯০৮ গোল করে ফেলেছেন রোনালদো। ১০০০-এর মাইলফলক ছুঁতে তার এখনও প্রয়োজন ৯২টি গোল। এদিকে আগামী ফেব্রুয়ারিতে ৪০-এ পা দেবেন এই সুপারস্টার। তাই অনন্য এই মাইলফলক ছুঁতে যতটা সময় প্রয়োজন সে পর্যন্ত শরীর সায় দেবে কিনা, তা নিয়ে সন্দিহান তিনি।
রোনালদোর সম্মানে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) এক জমকালো পুরষ্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে দেওয়া বক্তৃতায় আল-নাসর তারকা বলেন, ‘জীবনের এই পর্যায়ে এসে আমি বর্তমানে বাঁচতে চাই। আমি আর দীর্ঘমেয়াদী চিন্তা করতে চাই না।’
‘আমি প্রকাশ্যেই বলেছিলাম যে হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে চাই। গত মাসেই ৯০০ গোল পার করেছি, এখনও মনে হচ্ছে সবকিছু সহজ। তবে জীবনের এই পর্যায়ে এসে দেখার বিষয়, আগামী কয়েক বছর আমার পা কীভাবে সাড়া দেয়। যদি হাজার গোল করতে পারি ভালো, তবে যদি না-ও পারি, তবুও আমিই ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।’
আরও পড়ুন: হাজার গোলের মাইলফলক ছুঁতে চান রোনালদো
জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২১৬ ম্যাচ খেলে ১৩৩ গোল করেছেন রোনালদো, আন্তর্জাতিক ফুটবলে যা সর্বোচ্চ ব্যক্তিগত গোলের রেকর্ড। ২০২৬ বিশ্বকাপে অংশ নিলে আরও অনেক রেকর্ডে নিজের নাম জুড়ে দিতে পারবেন রোনালদো।
ফিট থাকলে আগামী বিশ্বকাপে তাকে দেখা যে বিস্ময়কর কিছু হবে না, এদিন সেই ইঙ্গিতও দিয়ে রেখেছেন এফপিএফের সভাপতি ফার্নান্দো গোমেস।
অনুষ্ঠানে রোনালদোকে নিয়ে তিনি বলেন, ‘(ফুটবলের) সর্বোচ্চ মর্যাদার পুরস্কার প্লাটিনাম কিনাসের জন্য কেউ যদি যোগ্য হয়ে থাকেন, তিনি নিঃসন্দেহে ক্রিস্তিয়ানো রোনালদো।’
‘২০ বছরের বেশি সময় ধরে তিনি জাতীয় দলকে সেবা দিয়ে যাচ্ছেন। পর্তুগাল জাতীয় দলের প্রতি, জার্সির প্রতি যদি কেউ সর্বোচ্চ ভালোবাসা দেখিয়ে থাকেন, তিনি রোনালদো। অনন্য এক শুভেচ্ছাদূত, যিনি জাতীয় দল ও জার্সিকে অনুভব করেন।’
৫৩৯ দিন আগে
২২ বছর বয়সে ইকুয়েডরিয়ান ফুটবলারের মৃত্যু
সড়ক দুর্ঘটনার ৩৯ দিন পর অবশেষে মৃত্যুর কাছে হার মেনেছেন ইকুয়েডরের তরুণ ফুটবলার মার্কো আঙ্গুলো। দেশটির ফুটবলের ভবিষ্যতের অন্যতম কাণ্ডারী হিসেবে বিবেচিত হলেও মাত্র ২২ বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন এই খেলোয়াড়।
গত ৭ অক্টোবর ভোরে ব্যারিকেড দিয়ে মহাসড়কে কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় পাঁচ যাত্রী নিয়ে আঙ্গুলোর প্রাইভেট কারটি প্রচণ্ড গতিতে এসে ব্যারিকেডে ধাক্কা দেয়। এ ঘটনায় শ্রমিকদের বেশ কয়েকজনসহ গাড়ির তিন যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর থেকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন আঙ্গুলো। তবে ৩৯ দিন পর স্থানীয় সময় মঙ্গলবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ফুটবলার। এর ফলে দুর্ঘটনাকবলিত গাড়িটির মোট তিন যাত্রী নিহত হলো।
পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করে আঙ্গুলোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ইকুয়েডর ফুটবল ফেডারেশন (এফইএফ) ও তার ক্লাব লিগা দে কিতো।
আরও পড়ুন: পোশাক নিয়ে মুসলিম নারী ফুটবলারদের পাশে এফএ
মাত্র ২২ বছর বয়সেই আঙ্গুলোকে সাম্প্রতিক সময়ে ইকুয়েডরের অন্যতম সেরা প্রতিভা হিসেবে বিবেচনা করা হচ্ছিল। ইকুয়েডরের স্থানীয় ক্লাব ইন্দিপেন্দিয়েন্তে দেল ভায়ের ডিফেন্ডার হিসেবে পেশাদার ফুটবলে ক্যারিয়ার শুরু করার আগে ক্লাবটির হয়ে অনূর্ধ্ব-২০ কোপা লিবার্তাদোরেস জেতেন তিনি। এরপর পেশাদার ফুটবলে ক্লাবটির জার্সিতে অভিষেকের পরও দক্ষ মিডফিল্ডার হিসেবে নজর কাড়েন তিনি।
২০২৩ সালে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব এফসি সিনসিনাটিতে যোগ দিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখানেও নিজের টেকনিক্যাল দক্ষতা ও বল নিয়ন্ত্রণের জন্য জনপ্রিয়তা পান এই ফুটবলার। পরে সেখান থেকে ইকুয়েডরে ফিরে এসে তিনি লিগা দে কিতোয় যোগ দেন।
ইকুয়েডর জাতীয় দলেও খেলার সুযোগ পেয়েছিলেন আঙ্গুলো। তবে অকাল মৃত্যুতে ক্যারিয়ার লম্বা করার সুযোগ পেলেন না এই ফুটবলার।
আঙ্গুলোর মৃত্যুতে ইকুয়েডরের ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে এফইএফ বলেছে, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় খেলোয়াড় মার্কো আঙ্গুলো মারা গেছেন। আমরা তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি যা আমাদের হৃদয়ে অমোচনীয় ছাপ রেখে গেছে।’
‘আমরা তার পরিবার, সতীর্থ ও স্বজনদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং এই কঠিন সময়ে তাদের শক্তি কামনা করছি।’
৫৩৯ দিন আগে
ক্রীড়া মন্ত্রণালয় থেকে ১ কোটি টাকা বোনাস পেল সাফ চ্যাম্পিয়নরা
সাফ নারী ফুটবল দলের অদম্য চ্যাম্পিয়ন বাংলাদেশ ফুটবল দল ঘোষণার ১১ দিনের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে তাদের পূর্ব ঘোষিত ১ কোটি টাকা বোনাস পেয়েছে।
গত ৩০ অক্টোবর কাঠমান্থের দশরথ রঙ্গশালায় অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী ফুটবলের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল।
আরও পড়ুন: সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৪: শিরোপাজয়ী বাংলাদেশি তারকাদের কথা
এর আগে গত ৩১ অক্টোবর নেপাল থেকে বাংলাদেশ নারী ফুটবল দলের দেশে ফেরার পরপরই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য বোনাস ঘোষণা করেন এবং বাফুফে কার্যালয়ে একটি রেপ্লিকার চেক হস্তান্তর করেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পরিষদ ২৩ জন ফুটবলার, ৯ জন কোচিং স্টাফ ও টিম কর্মকর্তাসহ ৩২ সদস্যের বাংলাদেশ নারী ফুটবল দলের প্রত্যেককে ৩ লাখ ১২ হাজার ৫০০ টাকার চেক ইস্যু করেছে।
আরও পড়ুন: সাফজয়ী ফুটবলারদের দাবিগুলো লিখে জানাতে বললেন প্রধান উপদেষ্টা
শনিবার (৯ নভেম্বর) মতিঝিলে বাফুফে কার্যালয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের প্রথম কার্যনির্বাহী কমিটির সভা শেষে বাংলাদেশ ফুটবল দলের জন্য দেড় কোটি টাকা বোনাস ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এদিকে এ কৃতিত্বের জন্য বাংলাদেশ নারী ফুটবল দলকে ২০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চলতি মাসের মধ্যেই উভয় পুরস্কারে অর্থ বিতরণ করা হতে পারে।
আরও পড়ুন: সাফজয়ী নারী দলকে ক্রীড়া মন্ত্রণালয়ের কোটি টাকা পুরস্কার
৫৪০ দিন আগে
ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় মালদ্বীপ ফুটবল দল
স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টিয়ার-১ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে মালদ্বীপ জাতীয় ফুটবল দল।
সোমবার (১১ নভেম্বর) ফুটবল দলটি ঢাকায় পৌঁছায়।
আগামী ১৩ ও ১৬ নভেম্বর রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালদ্বীপ জাতীয় দলের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
মঙ্গলবার বিকাল ৫টা ৪৫ মিনিটে বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ দলের চূড়ান্ত অনুশীলন এবং মঙ্গলবার সন্ধ্যা ৬টায় একই ভেন্যুতে অনুশীলন করবে সফরকারী মালদ্বীপ দল।
বাংলাদেশ এবং মালদ্বীপ ১৯৮৪ সাল থেকে ১৮টি ম্যাচ খেলেছে, যেখানে উভয় দল ছয়টি জিতেছে, ছয়টি ড্র করেছে এবং বাকি ছয়টি ম্যাচ হেরেছে।
আরও পড়ুন: সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৪: শিরোপাজয়ী বাংলাদেশি তারকাদের কথা
বিশ্ব র্যাঙ্কিংয়ে বর্তমানে ১৮৬তম স্থানে থাকা বাংলাদেশ খেলবে ১৬৩তম স্থানে থাকা মালদ্বীপের বিপক্ষে।
ফুটবল ফেডারেশনের জন্য একটি চ্যালেঞ্জিং সময়ের পরে এই বছর মালদ্বীপের দলটির জন্য এটি প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলবে।
আগেরবার খেলার মাঠে মুখোমুখি হয়ে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ এবং অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ।
এরই মধ্যে বুধবারের (১৩ নভেম্বর) ম্যাচের টিকিটের দাম ঘোষণা করেছে বাফুফে।
টিকিটের হার: ভিআইপি প্রতিটি টিকিটের মূল্য ৮০০ টাকা, ক্যাটাগরি-১ ও ২ এর টিকিট ৩০০টাকা করে।
এর আগে ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেন বাংলাদেশ ফুটবল দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা ।
২৭ সদস্যের বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড হলো।
গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, মেহেদী হাসান শ্রাবণ, মিতুল মারমা ও সুজন হোসেন।
ডিফেন্ডার: সাদ উদ্দিন, তপু বর্মন, রাব্বি হোসেন রাহুল, মুরাদ হাসান, মেহেদী হাসান, শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকিল হোসেন, ঈসা ফয়সাল ও তাজ উদ্দিন।
মিডফিল্ডার: চন্দন রায়, মজিবুর রহমান জনি, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, পাপন সিং ও দিদারুল আলম।
ফরোয়ার্ড: রাকিব হোসেন, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন, পিয়াস আহমেদ নোভা ও মিরাজুল ইসলাম।
আরও পড়ুন: সাফজয়ী দলকে বিসিবিও দেবে আর্থিক পুরস্কার
সাফজয়ী নারী দলকে ক্রীড়া মন্ত্রণালয়ের কোটি টাকা পুরস্কার
৫৪০ দিন আগে
ভিনিসিউসের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত প্রত্যাবর্তন
ঘরের মাঠে পরপর দুই ম্যাচ হারের পর জয়ে ফিরতে শিষ্যদের যে তাগিদ দিয়েছিলেন কার্লো আনচেলত্তি, তার প্রতি শ্রদ্ধাশীল হয়েই যেন দুর্বার ফুটবল খেলল রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা। আর তাদের নৈপুণ্য ও ক্ষিপ্র ফুটবলে ভেসে গেল ওসাসুনা।
সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার লা লিগায় ওসাসুনাকে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এদিন চমৎকার এক হ্যাটট্রিকের দেখা পেয়েছেন ভিনিসিউস। আর মৌসুমের প্রথম গোল পেয়েছেন সমালোচনায় জর্জরিত জুড বেলিংহ্যাম।
আরও পড়ুন: সমাধান খুঁজে পেয়েছি, এখন মাঠে দেখানোর পালা: আনচেলত্তি
তবে বড় জয়ের দিন দুর্ভাবনা নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে চোট নিয়ে প্রথমার্ধেই মাঠ ছাড়তে হয় এদের মিলিতাও ও রদ্রিগোকে। এছাড়া হাঁটুর চোটে বিরতির পর আর মাঠে নামা হয়নি লুকাস ভাসকেসের।
৫৪২ দিন আগে
শান্তর ব্যাটিং দৃঢ়তায় বাংলাদেশের লড়াকু পুঁজি
টপ অর্ডারের অবদানের পর আজও মিডল অর্ডারে খেই হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। তবে শেষের দিকে জাকের আলী ও নাসুম আহমেদের কল্যাণে উইকেটের ধস থামিয়ে লড়াই করার মতো রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
সিরিজে টিকে থাকার লক্ষ্যে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। তারই ব্যাটিং দৃঢ়তায় ৭ উইকেট হারিয়ে ২৫২ রান তুলেছে টাইগাররা।
টপ অর্ডারের ব্যাটাররা এদিন অল্পবিস্তর রান করে একে একে বিদায় নিতে থাকলেও ওয়ান ডাউনে নেমে উইকেটের একপাশে ঢাল হয়ে দাঁড়িয়ে ৭৬ রানের ইনিংস খেলেন শান্ত। ১১৯ বলে এই রান করার পথে ৬টি চার ও একটি ছক্কা মারেন তিনি।
এছাড়া ওপেনার সৌম্য সরকারের ৩৫, শেষের দিকে জাকের আলীর অপরাজিত ৩৭ এবং নাসুম আহমেদের ব্যাট থেকে আসে ২৫ রান।
আফগানদের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন নাঙ্গেয়ালিয়া খারোতে। এছাড়া রশিদ খান ও আল্লাহ গজনফর নেন দুটি করে উইকেট।
এদিন ভালো শুরুর ইঙ্গিত দিয়েও চতুর্থ ওভারে ফিরে যান তানজিদ তামিম। তৃতীয় ওভারে পরপর দুটি চার মেরে চতুর্থ ওভারের প্রথম বলে আল্লাহ গজনফরকে ছক্কা হাঁকান তিনি। তবে তার পরের বলেও বড় শটের চেষ্টা করে মিড অনে থাকা মোহাম্মদ নবীর হাতে ধরা পড়েন তামিম।
সাজঘরে ফেরার আগে ১৭ বলে দুটি চার ও একটি ছক্কায় ২২ রানের ইনিংস খেলে যান এই ওপেনার।
এরপর অধিনায়ক শান্ত ক্রিজে এলে তার সঙ্গে ৭১ রানের জুটি গড়ে দলের সংগ্রহকে মজবুত ভিত্তি এনে দেন সৌম্য সরকার। এই দুজনের সাবলীল ব্যাটিংয়ে প্রথম পাওয়ার প্লেতে ওই একটি উইকেট হারিয়েই ৫৯ রান তুলে এগোতে থাকে বাংলাদেশ।
১৮.৪ ওভারে দলীয় সংগ্রহ ৯৯-তে রেখে বিদায় নেন সৌম্য। রশিদ খানের ঘুর্ণিতে বিভ্রান্ত হয়ে লেগ বিফোর হয়ে ফেরার আগে ৪৯ বলে দুটি করে ছক্কা-চারে ৩৫ রানের ইনিংস খেলে যান তিনি।
অবশ্য রিভিউ নিলে বেঁচে যেতে পারতেন তিনি। শান্তর সঙ্গে কথা বলে রিভিউ না নিয়ে আম্পায়ারের সিদ্ধান্ত মেনে মাঠ ছাড়েন সৌম্য। পরে টিভি রিপ্লেতে বল ট্র্যাকিংয়ে দেখা যায়, রশিদের ডেলিভারিটি লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করেছে, কিন্তু রিভিউ না নেওয়ায় বৃথা উইকেট বিলিয়ে দেয় বাংলাদেশ।
সৌম্যর বিদায়ের পর রানের চাকা কিছুটা শ্লথ করে সতর্ক ব্যাটিং করতে থাকেন শান্ত ও চারে নামা মেহেদী হাসান মিরাজ। ইনিংসের মাঝপথে ৭৫ বলে নিজের হাফ সেঞ্চুরি তুলে নেন শান্ত।
শান্ত-মিরাজের জুটি পঞ্চাশ পেরোনোর পথে ৩২.২তম ওভারে দলীয় সংগ্রহ দেড়শ ছাড়ায় বাংলাদেশের। এরপরই মেহেদীকে সাজঘরে ফেরান রশিদ।
ওই ওভারের চতুর্থ বলটি অফস্ট্যাম্পের বাইরে পড়ে টার্ন করে ভেতরে ঢোকার সময় রুম করে রক্ষণাত্মক ভঙ্গিতে ব্যাট চালান মিরাজ। তবে বল খানিকটা নিচু হয়ে আসায় পরাস্ত হন এই অলরাউন্ডার, আর পেছনে থাকা উইকেট গুঁড়িয়ে যায়। ফলে ৩৩ বলে ২২ রান করে দলীয় ১৫২ রানের মাথায় প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। এর ফলে ভাঙে ৫৩ রানের জুটি।
এরপর তাওহিদ হৃদয়কে নিয়ে ফের আরেকটি জুটি গড়ায় মনোযোগী হন শান্ত। তবে স্কোরবোর্ডে ২২ রান যোগ করতেই ভাঙে চতুর্থ উইকেটজুটি।
মিরাজের সঙ্গে ব্যাট চালানোর সময় থেকে রানের গতি কিছুটা পড়ে গিয়েছিল। ইনিংসের ৩৫ ওভার শেষ হয়ে যাওয়ার পর বাউন্ডারির মাধ্যমে রানরেট বাড়িয়ে নেওয়ার চেষ্টা শুরু করেন হৃদয় ও শান্ত। এর একপর্যায়ে ৩৯তম ওভারে খারোতের প্রথম বলে সীমান্তে ধরা পড়েন হৃদয়। ১৬ বলে একটি চারের সাহায্যে ১১ রান করে তিনি যখন ফিরছেন, তখন দলের সংগ্রহ চার উইকেট হারিয়ে ১৭৪।
এরপর আরও ৯ রান বাড়িয়ে দিয়ে একই কায়দায় লং-অফে ধরা পড়েন উইকেটের এক পাশ আগলে রাখা শান্ত। ১১৯ বলে ৭৬ রান করে তিনি ফেরার দুই বল পরে ক্যাচ হয়ে যান মাহমুদুল্লাহও (৩)। ফলে পরপর দুই ওভারে তিন উইকেট নিয়ে আফগানদের ম্যাচে ফিরিয়ে নিয়ে আসেন খাতোরে।
শেষের দিকে নাসুম আহমেদ (২৫) ও জাকের আলীর (৩৭*) কল্যাণে ২৪৮ রান তুলে ইনিংস শেষ করে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২৫২/৭ (শান্ত ৭৬, জাকের ৩৭*, সৌম্য ৩৫; খাতোরে ৩/২৮, রশিদ ২/৩২, গজনফর ২/৩৫)।
৫৪২ দিন আগে
দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
প্রথম ওয়ানডেতে ভয়াবহ ব্যাটিং ধসে বড় পরাজয়ের পর সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।
আঙুলে চোট পেয়ে মুশফিকুর রহিম চলমান সিরিজ থেকে ছিটকে যাওয়ায় দ্বিতীয় ওয়ানডেতে একাদশে ডাক পেয়েছেন জাকের আলী অনিক। আজকের ম্যাচ দিয়ে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে চলেছে এই উইকেটরক্ষক-ব্যাটারের।
তিনি ছাড়া আরও একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। লেগ স্পিনার রিশাদ হোসেনকে বসিয়ে রেখে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে এই ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে।
অপরদিকে, প্রথম ম্যাচ জেতা একাদশই অপরিবর্তিত রেখেছে আফগানিস্তান।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ অটল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবদিন নাইব, রশিদ খান, আল্লাহ মোহাম্মদ গজনফর, নাঙ্গেয়ালিয়া খারোতে, ফজলহক ফারুকি।
৫৪২ দিন আগে
মুখে ১০ সেলাই নিয়েও খেলতে চান কুবারসি, তৈরি হচ্ছে মাস্ক
মাত্র ১৬ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেকের পর থেকেই বার্সেলোনার শুরুর একাদশে নিয়মিত মুখ পাউ কুবারসি। রক্ষণে দুর্দান্ত পারফর্ম করে এরই মাঝে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন ১৭ বছরে পা দেওয়া এই তরুণ। বার্সার প্রতি তিনি এতটাই নিবেদিত যে এবার অসুস্থ অবস্থাতেও মাঠে নামতে অনড় এই ডিফেন্ডার।
চ্যাম্পিয়ন্স লিগে রেড স্টার বেলগ্রেদের বিপক্ষে ৫-২ গোলে জয়ের ম্যাচে দুর্ঘটনার শিকার হন কুবারসি। নিজেদের বক্স থেকে বল ক্লিয়ার করার জন্য অনেকটা নিচু হয়ে হেড করেন তিনি। একই সময়ে প্রতিপক্ষের উরোস স্পাইচ বলে কিক করলে তা লাগে কুবারসির মুখে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়লে শুরুতে মাঠে প্রাথমিক চিকিৎসা দেন টিম ফিজিওরা। তবে অবস্থা বেগতিক দেখে ম্যাচের ৬৭তম মিনিটে তুলে নেওয়া হয় তাকে।
রুমাল চেপে কুবারসি যখন মাঠ ছাড়ছেন, তখন দেখা যায় রক্তে ভরে গেছে মুখ। পরে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, মুখে দশটি সেলাই লাগলেও ভালো আছেন এই ডিফেন্ডার।
এরপর সাংবাদকিদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘(বার্সেলোনার) ব্যাজের জন্য এটুকু করা কিছু নয়।’
আগামী রবিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। চোট থেকে এখনও সেরে না ওঠায় রোনালদ আরাউহো ও এরিক গার্সিয়া দলে না থাকায় কুবারসির অনুপস্থিতিতে দলের রক্ষণভাগ নিয়ে কার্যত বিপাকে পড়ে গেছে হান্সি ফ্লিকের দল।
তবে নিজের অসুস্থতা নিয়ে মোটেও ভাবছেন না কুবারসি। মুখে ক্ষত নিয়েই লা রিয়ালের বিপক্ষে মাঠে নামতে চান তিনি।
আরও পড়ুন: রেড স্টারের মাঠে বার্সেলোনার গোল উৎসব
মুন্দো দেপর্তিভোর খবরে বলা হয়েছে, মাঠে নামতে নিজের অনড় অবস্থানের কথা ফ্লিকের কাছে স্পষ্ট জানিয়েছেন এই তরুণ। আর দলের অবস্থা বিবেচনায় নিয়ে তাই তাকে খুব বেশি জোর করেননি কোচও।
তবে সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামলেও ঝুঁকি এড়াতে বিশেষ মাস্ক পরে মাঠে নামতে দেখা যাবে তাকে।
মুন্দো দেপর্তিভো জানিয়েছে, বার্সেলোনার খেলোয়াড়দের অনুশীলনের সময় একজন বিশেষজ্ঞ খেলোয়াড়দের পরিদর্শন করেছেন। কুবারসির জন্য কী ধরনের মাস্ক পরা ঠিক হবে, তা নির্ধারণ করতেই বার্সার অনুশীলন ক্যাম্পে আসেন তিনি।
তবে শেষ পর্যন্ত তিনি মাঠে নামবেন কিনা এবং নামলেও কতক্ষণ খেলবেন, তা নির্ধারণ করবেন হান্সি ফ্লিক।
লা লিগায় ১২ ম্যাচে ১১ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের চূড়ায় রয়েছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২৪। শনিবার ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
৫৪৩ দিন আগে