পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ মঙ্গলবার থেকে টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে। ঈদকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ছেড়ে লাখ লাখ মানুষ নাড়ির টানে বাড়িতে ফিরছেন।
ঈদের এই দীর্ঘ ছুটিতে সরকারি অফিস, আদালত এবং অনেক বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে বড় শহরগুলো থেকে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে মানুষের বাড়ি ফেরার ধুম লেগেছে। গতকাল ১৬ মার্চ (সোমবার) ছিল ঈদের আগে শেষ কার্যদিবস।
চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০ বা ২১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকার ১৮ মার্চকেও ছুটি ঘোষণা করেছে। এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সোমবারই ছিল ঈদের আগে শেষ কর্মব্যস্ত দিন।
উল্লেখ্য, ঈদে যাতায়াত যেন নিরবচ্ছিন্ন হয়, সেজন্য ১৮ মার্চ ছুটির দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদন দেওয়া হয়। এ সিদ্ধান্তের পর গত ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে ওইদিন সাধারণ ছুটি ঘোষণা করে। এর ফলে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ঈদ ছুটি নিশ্চিত হয়েছে।