শ্রমিক অসন্তোষ বাড়তে থাকায় কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ নির্দেশনার কথা জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠান যেন সঠিকভাবে চলে এবং মানুষের জানমালের নিরাপত্তা যেন নিশ্চিত থাকে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে এবং যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন তিনি।’
তিনি আরও বলেন, মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন, মিরপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
আরিফুল হক বলেন, জননিরাপত্তা ও স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনার উপায় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।