কুয়েতের হাসাবিয়া ও আব্বাসিয়া এলাকার কয়েকটি ঝুঁকিপূর্ণ ভবনে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের নিরাপত্তাজনিত কারণে সরিয়ে নিয়েছে কুয়েত সরকার। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় সহায়তার জন্য কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রবিবার (১৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছে, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে কুয়েত সরকার সংশ্লিষ্ট ঝুঁকিপূর্ণ ভবনগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে হাসাবিয়া এলাকায় অবস্থিত খাদিজা বিনতে জাবের স্কুলে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছে।
বাংলাদেশের রাষ্ট্রদূত এবং দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতোমধ্যে একাধিকবার অস্থায়ী আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের খোঁজখবর নিয়েছেন। একই সঙ্গে তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করেছেন।
দূতাবাসের বরাতে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আশ্রয়কেন্দ্রে কুয়েত সরকার খাদ্য, বিশুদ্ধ পানি, শীতাতপ নিয়ন্ত্রণসহ প্রয়োজনীয় মৌলিক সুবিধার ব্যবস্থা করেছে। এছাড়া উচ্ছেদ হওয়া বাংলাদেশি নাগরিকদের স্বার্থ সংরক্ষণে দূতাবাস কুয়েতের সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় সহায়তার জন্য কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে। এ উদ্দেশ্যে দূতাবাস ইতোমধ্যে জরুরি যোগাযোগের নম্বরসহ পৃথক একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
একই সঙ্গে কুয়েতে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে দেশটির প্রচলিত আইন, বিধিবিধান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।