রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫৪ সদস্যসহ মোট ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৫১টি মামলাও দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ ২১ জন, লালবাগ ৪৭ জন, ওয়ারী ৮০ জন, মতিঝিল ৫৭ জন, তেজগাঁও ৭৬ জন, মিরপুর ১৪৬ জন, গুলশান ৪৫ জন, উত্তরা ৪১ জন, পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ৩ জন ও স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) একজনকে গ্রেপ্তার করেছে।
এছাড়া অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল, ৪টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১২ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৯ হাজার ১৫৮ পিস ইয়াবা, একটি বাস, ব্যাংকের ৩টি কার্ড, ১১টি মোবাইল ফোন, নগদ ১২ হাজার ৯৬৫ টাকা উদ্ধার করা হয়।
অভিযানে একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় বলেও জানিয়েছে ডিএমপি।
ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।