রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকায় লেগুনার চাপায় সাগর নামে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় লেগুনা চালক রিফাত উরফে ডেঞ্জারকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা উদ্যান তিন নাম্বার রোডের সি ব্লকের শেষ মাথায় এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত সাগর ঢাকা উদ্যান এক নম্বর রোডের সি ব্লকের ৮৯ নাম্বার বাসায় থাকত। তার বাবার নাম মো. ফিরোজ। সে মোহাম্মদপুরের তুরাগ ন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিল। পাশাপাশি সে ব্যাটারিচালিত অটোরিকশা চালাত।
নিহত সাগরের বাড়িওয়ালা রবিউল ইসলাম বলেন, সন্ধ্যার দিকে ঢাকা উদ্যান তিন নাম্বার রোডের সি ব্লকে একটি লেগুনা ঘোরানোর সময় সাগরকে চাপা দেয়। এতে সাগর গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয়রা ওই লেগুনাচালককে আটক করে পুলিশে সোপর্দ করেন। নিহত সাগরের বাবা ফিরোজ তাদের অনেক আগেই ফেলে রেখে চলে গেছেন। তারা আমাদের বাসায় দশ বছর যাবত ভাড়া থাকে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো হাবিবুর রহমান জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়টি মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে।